০৩:১০ পি.এম
রাজশাহীর গোদাগাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে মশাল মিছিলের পর পুলিশ ১৫ জনকে আটক করেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে রাজাবাড়ীহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হয়ে রাত সাড়ে ৮টার দিকে গোগ্রাম ইউনিয়নের হুজরাপুর গ্রামে মশাল মিছিল শুরু হয়। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
গোদাগাড়ীর প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম জানিয়েছেন, তারা জানতে পারেন যে মিছিলটি গোপালপুর এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে অনুষ্ঠিত হবে। তাই পুলিশ সেখানে অবস্থান গ্রহণ করে। বিষয়টি বুঝতে পেরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা হুজরাপুর গ্রামে চলে যান। সেখানে তারা মোটরসাইকেলে কয়েক মিনিট ঝটিকা মিছিল করে পালিয়ে যান।
আরও পড়ুন: গাজীপুরে এনজিওর ঋণ পরিশোধে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা; গ্রেফতার ৫
তিনি আরও জানান, যেহেতু ওই নেতাকর্মীরা গোপালপুর থেকে হুজরাপুর গিয়েছিলেন, তাই পুলিশের ধারণা ছিল তারা আবার একই পথে ফিরবেন। এজন্য পুলিশ রাজাবাড়ীহাট এলাকায় অবস্থান নেয়। মিছিল শেষে ওই ১৫ জন দুটি অটোরিকশায় ফিরছিলেন। তখন তাদের আটক করা হয়।
পুলিশের তালিকা অনুযায়ী, আটক ১৫ জনের মধ্যে আটজনের বয়স ১৮ বছরের কম। প্রাপ্তবয়স্ক সাতজনের মধ্যে আছেন ইদলপুর গ্রামের শাহাবুল ইসলাম (২৭), সুলতানগঞ্জ গ্রামের আব্দুল গাফফার (২০), রঘুনাথপুর গ্রামের মো. হামিদ (২১), ফরিদপুর গ্রামের সিফাত আলী (১৮), মাধবপুর গ্রামের সজিব আলী (১৮), আবীর হাসান (২০) এবং আসাদুল ইসলাম রুবেল (২০)। তাঁরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী।
গোদাগাড়ী মডেল থানার ওসি সুজন মিয়া ১৫ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
আরও পড়ুন: ২৪ বছর পর কামরাঙ্গীরচর থেকে অপহরণ ও হত্যা মামলার আসামি গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন