০৮:৩১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়া চাঁন্দা আলী বাড়ি মোড়ে অবস্থিত বায়তুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বিরুদ্ধে সহকারী শিক্ষকদের প্রতি অমানবিক আচরণ এবং তাদের ন্যায্য বেতন আটকে রাখার অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী সাবেক শিক্ষকদের অভিযোগ, মাদ্রাসায় খেদমতে যোগদানের সময় তাদের সাথে সদয় ও মিষ্টি ভাষায় কথা বলে নিয়োগ দেওয়া হলেও, কিছুদিন পর প্রধান শিক্ষকের আচরণে পরিবর্তন আসে বলে তারা দাবি করেন। তাদের অভিযোগ, চাকরি করার সময় প্রধান শিক্ষক অশালীন ভাষা ব্যবহার করে এবং গালিগালাজের শিকার হতে হয় তাদের।
এই পরিস্থিতি সহ্য করতে না পেরে একপর্যায়ে তারা খেদমত থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নেন। তবে অভিযোগ অনুযায়ী, চাকরি ছাড়ার সময় তাদের সম্পূর্ণ বেতন পরিশোধ করা হয়নি। প্রধান শিক্ষক তখন পরবর্তীতে বাকি টাকা পরিশোধের আশ্বাস দিলেও, বাড়ি ফিরে যোগাযোগ করার পর তিনি বিভিন্ন অজুহাতে টাকা প্রদান এড়িয়ে যান এবং একপর্যায়ে ফোন কেটে দেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
ভুক্তভোগীরা আরও জানান, পরবর্তীতে যোগাযোগের চেষ্টা করলে প্রথমে ভুল নম্বর বলে কল কেটে দেওয়া হয়। কয়েক দফা চেষ্টার পর প্রধান শিক্ষক সরাসরি জানিয়ে দেন যে, তিনি এ বিষয়ে কিছু বলতে চান না এবং বেতন পরিশোধ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক হাফেজ ক্বারী আব্দুর রহিমের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এলাকাবাসী ও অভিভাবক মহলে এ ঘটনা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভুক্তভোগীরা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন