১০:৪৬ এম
যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের অবরোধের ফলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পাওয়ার পরেও ইরানের সরকার দাবি করেছে যে, দেশটিতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও পশুখাদ্যের মজুত স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে। কৃষিমন্ত্রী গোলামরেজা নুরি জানিয়েছেন, রুটির দাম বৃদ্ধি বা রেশনিংয়ের কোনো সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।
শনিবার (২১ নভেম্বর) এক টেলিভিশন সাক্ষাৎকারে কৃষিমন্ত্রী বলেন, পূর্ববর্তী বছরগুলোর তুলনায় বর্তমানে ইরানে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পশুখাদ্যের মজুত বেড়েছে। এমনকি সংকটমুক্ত স্বাভাবিক সময়ের তুলনায়ও বর্তমানে মজুতের পরিমাণ বেশি রয়েছে।
নুরি আরও বলেন, মজুত শক্তিশালী করার জন্য এবং দেশের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখতে যে পরিকল্পনা ও পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ফলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: বিচারপতির বদলে ওয়েইসিকে গার্ড অব অনার, কীভাবে ঘটল এমন বিভ্রান্তি
রুটির সম্ভাব্য রেশনিং এবং দাম বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখন পর্যন্ত রুটি রেশনিং বা এর দাম বাজারের ওপর ছেড়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। ভর্তুকি দেওয়া বেকারিগুলোতে ব্যবহৃত গম ও আটার দামও অপরিবর্তিত রয়েছে বলে তিনি জানান।
তবে রুটি কেনার ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপের খবর পাওয়া গেছে। রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টির (আরএফই/আরএল) প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্তত তিনটি প্রদেশে ভর্তুকির রুটি কেনার পরিমাণ সীমিত করার ব্যবস্থা চালু করা হয়েছে। নির্ধারিত সীমার বেশি কিনলে বেশি দাম দিতে হচ্ছে, ফলে কৃষিমন্ত্রীর বক্তব্যের সঙ্গে মাঠপর্যায়ের পরিস্থিতির মধ্যে কিছু অসংগতি দেখা যাচ্ছে।
যুদ্ধের ফলে কৃষি উৎপাদনে কী ধরনের প্রভাব পড়েছে, সে বিষয়ে নুরি মন্তব্য করেছেন। তিনি বলেন, বিভিন্ন সংকট ও প্রতিকূলতা সত্ত্বেও দেশের অর্থনৈতিক ও উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী জানান, জ্বালানি অবকাঠামোর ঝুঁকি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা সত্ত্বেও পোলট্রি খাতের উৎপাদকরা কার্যক্রম চালিয়ে গেছেন। এর ফলে মুরগির মাংস উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে ইরান। আগে এই পণ্য আমদানি করতে হতো, কিন্তু এখন দেশটি রপ্তানি করছে বলে তিনি দাবি করেন।
আরও পড়ুন: মিসরের গ্রামে প্রজন্মের পর প্রজন্ম ধরে জীবনযাত্রা থেকে বঞ্চিত ফিলিস্তিনিরা
নুরির দেওয়া তথ্য অনুযায়ী, ইরানের কৃষি খাতে ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে এই খাতে প্রায় ৭০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন