০৩:২৪ পি.এম
প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের সম্ভাব্য দু’টি স্থান পরিদর্শন করা হয়েছে। এই প্রত্যাশিত প্রতিষ্ঠানগুলো যদি স্থাপিত হয়, তবে ক্রীড়াঙ্গনের বৈপ্লবিক উন্নয়ন ঘটতে পারে, এবং স্থানীয় বাসিন্দাদের জীবনমানের উন্নয়ন ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।
আজ শনিবার, বেলা ১২টায়, নগরীর বাইপাস বাদেকল্পা এবং উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দু’টি পরিদর্শন করা হয়েছে।
এ সময়, সম্ভাব্য স্থান দু’টির পারিপার্শ্বিক অবস্থা, যাতায়ত সুবিধা, ব্যয় সংকোচন নীতি, অনুন্নত এলাকার উন্নয়ন এবং ভূমি ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে, বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন।
আরও পড়ুন: সারাদেশে আওয়ামীলীগের নৈরাজ্যের প্রতিবাদে জিয়ানগরে ৫ ইউনিয়নে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে, এই পরিদর্শন দলে আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আজিমুদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব একেএম মাহাবুবুল আলম।
মউক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার জানিয়েছেন, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেইটের মাঝখানে উল্টোদিকে দুইটি স্থানে বিভাগীয় স্টেডিয়াম নির্মাণের এবং বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা আছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচন নীতি অনুসরণ করাটা জরুরি, এই বিষয়টি মাথায় রেখেই কাজ চলমান রয়েছে।
বর্তমান সরকার ময়মনসিংহের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ, বলেছেন মসিক প্রশাসক রুকুনোজ্জামান রোকন। তিনি বলেন, বিভাগীয় স্টেডিয়াম এবং বিকেএসপি ছাড়াও ময়মনসিংহে পার্ক ও নিরাময় কেন্দ্র স্থাপন করা হবে। এতে প্রতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে অনুন্নত এলাকার উন্নয়ন হবে এবং মানুষের জীবনমানেও ব্যাপক পরিবর্তন আসবে।
এ বিষয়ে সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে ক্রিকেট ও ক্রীড়াঙ্গনের সুতিকাগার হিসেবে পরিচিত ময়মনসিংহের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। স্থান নির্বাচন শেষে দ্রুত এর দৃশ্যমান অগ্রগতি হবে।
আরও পড়ুন: রংপুরে সোনালী ব্যাংকের বিভাগীয় ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
তিনি আরো জানান, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি নির্মাণ হলে এই অঞ্চলের ক্রীড়াঙ্গনের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে এবং জাতীয় পর্যায়ে খেলাধূলার নতুন দিগন্ত উন্মোচন হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন