১২:০৮ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মো. আলমগীর হোসেন (৫০) নামে এক বাস সুপারভাইজার নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) ভোর সাড়ে ৪টার সময় উপজেলার হাঁড়ি সর্দার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন পাবনা জেলার আমিনপুর থানার রাজা নারায়ণপুর গ্রামের মৃত আবদুল করিম মৃধার ছেলে। তিনি শ্যামলী এন.আর ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে শীতের আগমনী বার্তা, তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস
মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী এন.আর ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস হাঁড়ি সর্দার এলাকায় পৌঁছালে সামনে চলা সেন্টমার্টিন সৌহার্দ্য পরিবহনের একটি বাস হঠাৎ কোনো ধরনের সংকেত না দিয়ে মহাসড়কের বাম পাশে থামানোর চেষ্টা করে। এই কারণে পিছনে থাকা শ্যামলী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের বাসটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে উভয় বাসের সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনার ফলে শ্যামলী বাসের সুপারভাইজার আলমগীর হোসেন গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ‘প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, সামনের বাসটি কোনো ধরনের সংকেত ছাড়াই হঠাৎ সড়কের পাশে থামানোর চেষ্টা করায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর উভয় বাসের চালক পালিয়ে গেছেন।’
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত বাস দুটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার পরেও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন: বরগুনা হাসপাতালে বিএনপি নেতার হামলার অভিযোগ, এক্স-রে বিভাগের কার্যক্রম বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন