০৫:২৪ পি.এম
রাজধানীসহ দেশের তিনটি শহরে নারীর নিরাপদ ও স্বাচন্দ্যপূর্ণ যাতায়াত নিশ্চিত করতে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) ‘মহিলা বাস সার্ভিস’ চালু করা হয়েছে। নারী যাত্রীদের কাছে বিশেষ এই সেবাটি ইতোমধ্যে ‘পিংক বাস’ নামে পরিচিতি পেয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসির ঢাকা ট্রাক ডিপো প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া মিলিয়ে ১৪টি বাস নিয়ে যাত্রা শুরু করেছে এই বিশেষ সেবা।
বিআরটিসি জানিয়েছে, এই ১৪টি বাসের মধ্যে ঢাকায় ১০টি, চট্টগ্রামে দুটি এবং বগুড়ায় দুটি বাস পরিচালিত হবে। এসব বাসের চালক ও কন্ডাক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন নারী কর্মীরা। ফলে নারী যাত্রীরা নারী চালক, কন্ডাক্টর ও সহযাত্রীদের সঙ্গে যাতায়াতের সুযোগ পাবেন।
আরও পড়ুন: নলডাঙ্গায় ‘জয় বাংলা’ স্লোগানে আগুন, পিস্তলসদৃশ বস্তু উদ্ধার
ঢাকায় যেসব রুটে চলবে পিংক বাসগুলো, সেগুলো প্রাথমিক পর্যায়ে ১০টি রুটে ১০টি বাস চলবে। এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ রুট হলো নিউ বাজার (কোকাকোলা)-মতিঝিল, তালতলা-মতিঝিল এবং ডেমরা স্টাফ কোয়ার্টার-জিপিও।
এ ছাড়া মিরপুর-১০, মিরপুর-১২, মিরপুর-১, নারায়ণগঞ্জ, মোহাম্মদপুর, আদাবর এবং গাজীপুর-বিমানবন্দরসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ রুটে এই বিশেষ বাস চলবে। বিআরটিসির তথ্যমতে, ঢাকার ১০টি বাসের মধ্যে একটি একতলা এবং নয়টি দ্বিতল বাস রয়েছে।
পিংক বাসের ভাড়া কেমন হবে? পিংক বাসে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা অনুসরণ করা হবে। যাত্রীদের সুবিধার জন্য বাস, ডিপো ও কাউন্টারের দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা টাঙানো হয়েছে।
চট্টগ্রামের পিংক বাসে দূরত্বভেদে ভাড়া ১০ টাকা থেকে সর্বোচ্চ ৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
যাত্রীসেবা আরও সহজ করার জন্য বাসে ই-টিকিটিং ব্যবস্থা চালু করেছে বিআরটিসি। এ লক্ষ্যে বিআরটিসি ও ‘সহজ ডট কম’-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তবে নারীরা বাসে ওঠার আগে ডিজিটাল মাধ্যমে টিকিট সংগ্রহ করতে পারবেন।
প্রতিটি বাসে যুক্ত করা হয়েছে ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস)। এর মাধ্যমে বাসের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ করা সম্ভব হবে। নির্ধারিত স্টপেজে বাস থামানোর ব্যবস্থা রাখা হয়েছে। এতে যাত্রীদের ওঠানামা আরও সুশৃঙ্খল হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
নারী যাত্রীদের মধ্যে উদ্বোধনের দিন থেকেই নতুন এই সেবা নিয়ে আগ্রহ দেখা গেছে। তেজগাঁওয়ে পিংক বাসে ওঠা এক নারী যাত্রী ঐশি বলেন, সাধারণ বাসে চলাচলের সময় নারীদের নানা ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়। নারী চালক, সহকারী ও নারী যাত্রী থাকায় পিংক বাসে তুলনামূলকভাবে বেশি নিরাপদ মনে হচ্ছে।
কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের প্রত্যাশা, বাসগুলো নিয়মিত, সময়মতো এবং নির্ধারিত রুটে চললে প্রতিদিনের ভোগান্তির পরিমাণ অনেকটাই কমবে। বিআরটিসি জানিয়েছে, যাত্রী চাহিদা ও সেবার সাড়া বিবেচনায় ভবিষ্যতে পিংক বাসের সংখ্যা ও রুট বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: নৈরাজ্য রুখতে প্রস্তুত ঢাকা দক্ষিণ বিএনপি: আবদুস সালাম
এই বিশেষ সুবিধাগুলো পিংক বাসকে রাজধানীর গণপরিবহনে নতুন সংযোজন হিসেবে তুলে ধরেছে। নিয়মিত ও নির্ভরযোগ্যভাবে সেবা পরিচালিত হলে নারীদের দৈনন্দিন যাতায়াতে এটি স্বস্তির নতুন ঠিকানা হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন