০২:৩৮ পি.এম
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের দেশব্যাপী নাশকতা, নৈরাজ্য ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে চট্টগ্রামের বাঁশখালীতে মশাল মিছিল আয়োজন করেছে উপজেলা ও পৌরসভা ছাত্রদল।
শুক্রবার (২০ নভেম্বর) রাতে উপজেলা সদরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এস এম তৈয়বের নেতৃত্বে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত মিছিলটি বাঁশখালী বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা চত্বরসহ পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য এস এম তৈয়ব মন্তব্য করেন, "ফ্যাসিস্ট হাসিনা ভারতে বসে তাঁর দোসরদের উসকানি দিয়ে দেশে সন্ত্রাস ও নাশকতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন।" তিনি আরও বলেন, "দেশকে অস্থিতিশীল করার এ ষড়যন্ত্র মোকাবিলায় বাঁশখালী ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিজ নিজ এলাকায় সর্বোচ্চ সতর্ক ও সজাগ থাকবে।" তিনি সতর্ক করে বলেন, "নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ. লীগ কোথাও নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সাথে সাথেই তাদের আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া হবে।" তিনি যোগ করেন, "নাশকতার চেষ্টা করলে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।" এ সময় মশাল মিছিলে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তারেক রহমানের সরকারের উন্নয়নের ছোঁয়া, ফরিদপুর অঞ্চলে ২৮৭১ কোটি টাকার গ্রামীণ অবকাঠামো প্রকল্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন