০৭:৫৬ পি.এম
কক্সবাজারের টেকনাফ উপজেলায় বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় দিনদুপূরে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে কামাল মাস্টার (৬৫) নামক একজন সাবেক শিক্ষককে অস্ত্রধারীরা অপহরণ করে নিয়েছে। রবিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
অপহৃত কামাল মাস্টার ওই এলাকার মৃত মকবুল আহমদের ছেলে এবং তিনি দীর্ঘকাল শিক্ষকতা পেশার সাথে যুক্ত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, দুপুরের দিকে পাহাড় থেকে নেমে আসা কিছু অস্ত্রধারী এলাকায় প্রবেশ করে। তারা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এবং কামাল মাস্টারকে তার বাড়ি থেকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরিবারের সদস্যরা বাধা দেওয়ার চেষ্টা করলেও অপহরণকারীরা আবারও গুলি ছুড়ে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। এর পর থেকে কামাল মাস্টারের কোনো খোঁজ পাওয়া যায়নি, এমনটাই জানিয়েছেন তাঁর স্বজনরা।
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. ইলিয়াস বলেন, ‘আমাদের এলাকার একটা শিক্ষিত ও সম্মানিত ব্যক্তি কামাল মাস্টারকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। অস্ত্রধারীদের গুলিতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এভাবে প্রতিনিয়ত এ ধরনের ঘটনার সৃষ্টি হলে মানুষের নিরাপত্তা কোথায় যাবে?’
তিনি আরো বলেন, অপহরণকারীরা গুলি ছুড়তে ছুড়তে পাহাড়ের দিকে চলে যায়। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।
ঘটনার পর জানতে পেরে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর একটি ছয় সদস্যের টহল দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। তাছাড়া, অপহরণকারীদের অবস্থান শনাক্ত করতে তারা পাহাড়ের পাদদেশে তল্লাশি অভিযান শুরু করেছে।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, ‘অপহরণের বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখছি। অপহৃত ব্যক্তিকে উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন