০৬:৫৯ পি.এম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ লাভ করেছেন বিশিষ্ট আইনজীবী, মানবাধিকারকর্মী ও সমাজসেবক ব্যারিস্টার মো. আব্দুস সালাম। তিনি তিন বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন, যা তিনি যোগদানের তারিখ থেকে শুরু করবেন।
প্রেসিডেন্ট এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আদেশ, ১৯৭৩ এর অধীনে ব্যারিস্টার মো. আব্দুস সালামকে ৩ বছরের মেয়াদে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন। শনিবার বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখার সহকারী সচিব মোহাম্মদ আলমগীর হক স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। রোববার সকালে তাঁর সোসাইটির জাতীয় সদর দপ্তরে যোগদান করার কথা রয়েছে।
নবনিযুক্ত চেয়ারম্যান ব্যারিস্টার মো. আব্দুস সালাম ১৯৬৫ সালের ১ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করেন। তাঁর পিতামহ মরহুম আলহাজ মাহমুদ মিয়া এবং মাতামহী মরহুমা আলহাজ মাইমুন নেছা।
আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
তিনি লন্ডনের লিংকনস ইন থেকে বার-এট ল সম্পন্ন করেছেন এবং লন্ডনের সিটি ইউনিভার্সিটি থেকে PgDPL, এবং ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন থেকে এলএলবি, এলএলএম সম্পন্ন করেছেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছেন।
ব্যারিস্টার মো. আব্দুস সালাম বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে তিন দশকেরও বেশি সময় ধরে আইন পেশা, মানবাধিকার, সুশাসন ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এবং দলের চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ব্যারিস্টার সালাম অ্যান্ড অ্যাসোসিয়েটস-এর প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্যভিত্তিক ইস্ট লন্ডন ল’ চেম্বার্সের প্রধান উপদেষ্টা।
শিক্ষা, মানবাধিকার ও সমাজকল্যাণে তাঁর অবদান বিশেষভাবে প্রসংশিত। তিনি লইয়ার্স ভয়েস ইন্টারন্যাশনাল (এলভিআই)-এর প্রতিষ্ঠাতা এবং বিবি’স ট্রাস্টের প্রধান পৃষ্ঠপোষক। সিলেটে তাঁর উদ্যোগে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে এবং বিভিন্ন মানবিক কার্যক্রম চলছে। আইন, মানবাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক ও জনসেবায় ব্যারিস্টার আব্দুস সালামের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে, যা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনমুখী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন