০২:৩৩ পি.এম
কক্সবাজারের টেকনাফে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর একটি অভিযানে দেশীয়ভাবে তৈরি একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি এবং এক রাউন্ড গুলির খোসাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের সময় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, টেকনাফ ক্যাম্পের (সিপিসি-১) একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রইক্ষ্যং সাকিনে ২২ নম্বর উনচিপ্রাং ১৬ এপিবিএন চেকপোস্টের সামনে ডব্লিউএফপিএ (WFPA) অফিসের কাঁটাতারের বেড়াসংলগ্ন ইটের সলিং রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় তিনজনকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: নবীগঞ্জে মশাল মিছিলের প্রস্তুতিকালে আটক দুই ছাত্রলীগ নেতা
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাবিবুর রহমান (৩৭), রহমত উল্লাহ (২৩) এবং মো. রমিজ (১৮)। হাবিবুর রহমান ও রহমত উল্লাহর পিতার নাম আব্দুল জলিল এবং মাতার নাম ছালেহা বেগম। অন্যদিকে, রমিজের পিতার নাম মো. ইউসুফ এবং মাতার নাম মনোয়ারা বেগম।
এসআরবি-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি এবং গ্রেপ্তারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির ব্যবহার করে অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।
আরও পড়ুন: ১০ থেকে ১৫ ডিসেম্বর জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন