০৩:৫৩ এম
দেশের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদকের কুফল, কিশোর গ্যাং রোধ, ইভটিজিং এবং ‘র্যাগ ডে’র নামে বিশৃঙ্খলা বন্ধ করার জন্য বিশেষ সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)৷
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগী করতে এই নির্দেশনা জারি করা হয়েছে। আঞ্চলিক পরিচালক ও উপপরিচালকদের এই সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন কম্পাইল করে আগামী ২৬ অক্টোবরের মধ্যে পাঠানোর জন্য বলা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মাউশির ওয়েবসাইটে প্রকাশিত এক অফিস আদেশে মাঠপর্যায়ের কর্মকর্তাদের জন্য এই নির্দেশনা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে দুই পুলিশ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক নির্মিত মাদকবিরোধী ডকুমেন্টারি ও থিম সং প্রদর্শন করতে হবে এবং মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ইভটিজিং প্রতিরোধ এবং র্যাগ ডে’র নামে যেকোনো বিশৃঙ্খলা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি নিয়মিত অভিভাবক সমাবেশ, সভা-সেমিনার ও প্রচারণাপত্র বিতরণের মাধ্যমে রাতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করার জন্য সচেতনতা বাড়াতে হবে।
আঞ্চলিক অফিসে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, আওতাধীন জেলার মোট প্রতিষ্ঠান সংখ্যা, মাদকবিরোধী ডকুমেন্টারি প্রদর্শনের হার, ইভটিজিং প্রতিরোধ কমিটি গঠন, অভিভাবক সমাবেশ এবং রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে গৃহীত কার্যক্রমের সার্বিক অগ্রগতি একটি ছক আকারে নির্ধারিত সময়ের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন