০৫:৩১ পি.এম
ঢাকা, ৮ আগস্ট, ২০২৬ : সৌদি আরবের নতুন জাতীয় বিমান সংস্থা রিয়াদ এয়ার আজ ঢাকা-রিয়াদ রুটে দৈনিক সরাসরি ফ্লাইট চালু করেছে। আজ ভোরে সংস্থাটির উদ্বোধনী বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের মাধ্যমে এই নতুন সেবার কার্যক্রম শুরু হয়।
রিয়াদ থেকে আসা প্রথম ফ্লাইটটি আজ সকাল ৬টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে দেশে বিমান সংস্থাটির প্রথম আগমন উপলক্ষে উড়োজাহাজটিকে ঐতিহ্যবাহী ওয়াটার স্যালুটের মাধ্যমে স্বাগত জানানো হয়।
নতুন এই সেবা চালু উপলক্ষে বিমানবন্দরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আরও পড়ুন: কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালালো দুর্বৃত্তরা, দুর্ঘটনার আশঙ্কা
এ উপলক্ষে বিমানবন্দরে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ এবং রিয়াদ এয়ারের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ভিনসেন্ট কোস্টে অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর সঙ্গে সৌদি আরবের যোগাযোগ স্থাপনের পাশাপাশি যাত্রীদের বিশ্বমানের ভ্রমণসেবা দেওয়ার লক্ষ্য নিয়ে রিয়াদ এয়ার কাজ করছে।
তারা আরও বলেন, নতুন এই সেবার মাধ্যমে ঢাকা এবং রিয়াদের মধ্যকার সরাসরি যোগাযোগ আরও জোরদার হবে এবং দুই দেশের মধ্যে ব্যবসা ও ভ্রমণের ক্রমবর্ধমান চাহিদা পূরণে এটি সহায়ক হবে।
উল্লেখ্য, রিয়াদ এয়ার বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে প্রতিদিন বিরতিহীন ফ্লাইট পরিচালনা করবে।
আরও পড়ুন: ফেনী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ দায়িত্বভার গ্রহণ করেছেন
সময়সূচী অনুযায়ী, ফ্লাইটগুলো স্থানীয় সময় রাত ৯:২০ মিনিটে রিয়াদ থেকে ছেড়ে পরের দিন সকাল ৬:৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ফিরতি ফ্লাইটটি সকাল ৭:৪০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে স্থানীয় সময় সকাল ১০:৫৫ মিনিটে রিয়াদে পৌঁছাবে।
নতুন এই পরিষেবা চালুর মাধ্যমে রিয়াদ এয়ার ঢাকা-রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী সৌদিয়া, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং ইউএস-বাংলা এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত হলো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন