০৪:৪৮ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানান, মার্কিন সামরিক বাহিনী গোপনে প্রণালীটি দিয়ে ২০০টি বাণিজ্যিক জাহাজ চলাচলে সহায়তা করেছে। এই গোপন সহযোগিতার কারণে বৈশ্বিক বাজারে তেলের দাম তুলনামূলক কম রয়েছে।
ট্রাম্প বুধবার ট্রুথ সোশ্যালে একটি পোস্টে উল্লেখ করেছেন, ‘এই অভাবনীয় সফলতার কারণ হলো হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রয়েছে, ইরানের নয়। তাদের সামরিক বাহিনী পরাজিত হয়েছে, অর্থনীতি ধ্বংস হয়ে গেছে।’
এর আগে, ওভাল অফিসে সাংবাদিকদের কথোপকথনকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গোপন তৎপরতার ফলস্বরূপ তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলারের ওপরে না গিয়ে প্রায় ৯০ ডলারের কিনারায় অবস্থান করছে।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল এখনও সংঘাত-পূর্ব সময়ের তুলনায় অনেক কম। আরবিসি ক্যাপিটাল মার্কেটসের পণ্য কৌশল বিভাগের বৈশ্বিক প্রধান হেলিমা ক্রফট সিএনবিসিকে জানান, প্রতিদিন বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবহণের সুযোগ নেই।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার আগে বিশ্বের মোট পেট্রোলিয়াম সরবরাহের প্রায় ২০ শতাংশ, অর্থাৎ দৈনিক প্রায় ২ কোটি ব্যারেল তেল হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হতো।
এদিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান জেপি মরগ্যানের বিশ্লেষকরা গত সপ্তাহে মন্তব্য করেন, প্রকাশ্যে যা দেখা যাচ্ছে তার চেয়ে বেশি পরিমাণ তেল হরমুজ প্রণালী দিয়ে চলাচল করতে পারে। তাদের অনুমান, যেসব ট্যাংকার তাদের ‘ট্রান্সপন্ডার’ বা অবস্থান সনাক্তকারী যন্ত্র বন্ধ করে রেখেছে, সেগুলো থেকে প্রতিদিন প্রায় ২০ লাখ ব্যারেল তেল পরিবহণ হচ্ছে।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মে মাসে ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি উদ্যোগ ঘোষণা করেছিলেন। এর উদ্দেশ্য ছিল, পারস্য উপসাগরে আটকে পড়া তেলবাহী জাহাজগুলোকে সহায়তা করা। যদিও পরে কর্মসূচিটি স্থগিত করা হয়, তবুও মার্কিন কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে, নৌবাহিনী গোপনে জাহাজ চলাচলে সহায়তা অব্যাহত রেখেছে।
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
এছাড়া, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা সিএনবিসিকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র সরাসরি কোনো জাহাজকে পাহারা দিয়ে সাহায্য করছে না। বরং হরমুজ প্রণালী নিরাপদে অতিক্রম করতে চাওয়া জাহাজগুলোর সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন