১১:২৩ পি.এম
জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছেন।
এ সময় তিনি চিকিৎসাধীন হাম আক্রান্ত শিশুদের তথ্য-উপাত্ত সংগ্রহে নিয়োজিত যুব রেড ক্রিসেন্ট সদস্যদের কার্যক্রম তদারকি করেছেন এবং খোঁজখবর নেন।
পাশাপাশি তিনি ওয়ার্ডে ভর্তি শিশু রোগীদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবহিত হন। আজ বুধবার দুপুরে মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শন করেছিলেন তিনি।
আরও পড়ুন: মাদক ও নাশকতার বিরুদ্ধে কালকিনিতে আলোচনা সভা ও বিক্ষোভ মিছিল
পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের বলেন, বর্তমানে সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান আন্তরিক প্রচেষ্টায় হামের প্রাদুর্ভাব ও উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। এক্ষেত্রে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, রেড ক্রিসেন্ট ও যুব রেড ক্রিসেন্ট হামের বিষয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করছে। ঝুঁকিপূর্ণ এলাকা সহ বিভিন্ন এলাকায় করণীয় সম্পর্কে মাইকিং, লিফলেট বিতরণসহ জনসচেতনতা বাড়াতে গণসংযোগ চলমান রয়েছে। হাসপাতালেও রোগীদের তথ্য সংগ্রহ চলছে।
এ সময়, হামের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানিয়ে প্রিন্স বলেন, জ্বর, শরীরে ফুসকুড়ি, কাশি, চোখ লাল হওয়া ও দুর্বলতা দেখা দিলে দেরি না করে চিকিৎসা নিতে হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের আলাদা রাখতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
তিনি দেশের বিত্তবান ব্যক্তি, দাতব্য প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর প্রতি মানবিক দায়িত্ববোধ থেকে এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, শিশুদের জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। একটি শিশুর মৃত্যুও কাম্য নয়। আমরা চাই প্রতিটি শিশু প্রয়োজনীয় চিকিৎসা পেয়ে দ্রুত সুস্থ হয়ে উঠুক।
আরও পড়ুন: কুমিল্লায় শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে ছাত্রদল কর্মীর চেষ্টা
পরিদর্শন শেষে সৈয়দ এমরান সালেহ প্রিন্স হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবক, হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে এদিন বিকেলে নগরীর কে বি ইসমাইল সড়কে ময়মনসিংহ জেলা পরিষদের নির্মাণাধীন ১০০০ আসন বিশিষ্ট মিলনায়তন পরিদর্শন করেন সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
এসময় ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রউফসহ জেলা পরিষদের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তিনি মিলনায়তন নির্মাণের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেন এবং মিলনায়তনটির বহুমাত্রিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: বাগেরহাটে বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, অভিযোগ সহিংসতার অংশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন