০৫:০৩ পি.এম
সরকার দেশের সকল শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত পুনরায় কার্যকর করার নির্দেশনা প্রদান করেছে। একই সঙ্গে, রাত ৮টার মধ্যে দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে ১৯ আগস্ট ২০২৬ তারিখে একটি স্মারক জারি করা হয়, যেখানে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
স্মারকে উল্লেখ করা হয়েছে, পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ১২ আগস্ট ২০২৬ থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভারতের চাপের কারণে দিল্লি সফরে যাচ্ছেন না প্রধানমন্ত্রী
এছাড়া, সকল প্রকার আলোকিত বিলবোর্ড সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে এবং সকল ধরনের আলোকসজ্জা বন্ধ রাখতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে চলমান কিংবা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৮টার মধ্যে আবশ্যিকভাবে বন্ধ রাখতে হবে।
তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান এই নির্দেশনার আওতামুক্ত থাকবে।
সরকারের এ সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন ও প্রতিপালনের জন্য দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র বা প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে নির্দেশনা পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বাসে অগ্নিসংযোগ, আ.লীগের ১৭ নেতাকর্মীসহ ৫৭ জনের বিরুদ্ধে মামলা
বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়া স্বাক্ষরিত স্মারকে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া, বিষয়টি অবগতির জন্য মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, বিভিন্ন বিদ্যুৎ বিতরণকারী সংস্থা এবং দোকান মালিক সমিতির সংশ্লিষ্ট প্রতিনিধিদের কাছে অনুলিপি পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন