১০:৫০ পি.এম
গাজীপুর, ২২ নভেম্বর, ২০২৬ : মহানগরীর সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে সিটি কর্পোরেশন ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) নিবন্ধনের প্রক্রিয়া শুরু করছে।
নতুন নীতিমালার আওতায়, নগরীকে ৮টি অঞ্চলে বিভক্ত করা হবে এবং প্রতিটি অঞ্চলের ই-রিকশার জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। অনুমোদিত সীমানার বাইরে কোনো রিকশা চলাচল করতে পারবে না।
গত ২৯ অক্টোবর সরকার ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ গেজেট আকারে প্রকাশ করে, যা দেশের সব সিটি কর্পোরেশনে কার্যকর হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-১৩ আসনে ৭০ মহল্লায় নাগরিক কমিটি গঠন করলেন ববি হাজ্জাজ
এর ধারাবাহিকতায়, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীর পর গাজীপুরেও নিবন্ধন প্রক্রিয়া এবং যানবাহনের সংখ্যা নির্ধারণের প্রাথমিক কাজ শুরু হয়েছে।
গেজেটের নির্দেশনা অনুযায়ী, দুই আসনবিশিষ্ট ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ৮ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, চার আসনের ই-রিকশার জন্য এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা দিতে হবে। এই খাত থেকে অর্জিত অর্থ সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় হিসেবে যুক্ত হবে।
নিবন্ধিত প্রতিটি রিকশাকে চার্জিং গ্যারেজ ও চালকের বিস্তারিত তথ্যসহ স্বতন্ত্র কিউআর কোডযুক্ত নম্বর প্লেট বিনা মূল্যে সরবরাহ করবে কর্তৃপক্ষ। নিবন্ধন ব্যতীত কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।
আরও পড়ুন: ভোক্তা অধিকারের অভিযানে ৭৭ প্রতিষ্ঠানকে জরিমানা, নিরাপদ খাদ্য নিশ্চিতের লক্ষ্যে অভিযান
নতুন বিধিমালার অধীনে নিবন্ধন পেতে হলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তা শর্ত পূরণ করা বাধ্যতামূলক। একই সঙ্গে সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ সংগ্রহ করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বাসসকে জানান, নিবন্ধন দেওয়ার জন্য তাদের দাপ্তরিক সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবেদনকারীরা বুয়েটের কারিগরি ফিটনেস এবং ট্রাফিক বিভাগের ছাড়পত্র জমা দিলে ৩০ দিনের মধ্যে তাদের লাইসেন্স প্রদান করা হবে।
নগরীর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম বাসসকে বলেন, জোনভিত্তিক আলাদা রঙের রিকশা পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
কোন জোনে কতটি ই-রিকশা চলবে, সেই সংখ্যা চূড়ান্ত করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে পরবর্তী পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: ‘খামখেয়ালির রাজা’ হিসেবে পরিচিত জামালপুরের ভোক্তা অধিকার কর্মকর্তা
সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাসসকে জানান, ই-রিকশা নিয়ন্ত্রণের জন্য আটটি জোনের জন্য পৃথক রং চূড়ান্ত করা হয়েছে এবং কার্যক্রম শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যান্য বড় সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও দ্রুত এই ব্যবস্থা চালু করা হবে।
এদিকে, সরকারি বিধিমালা মেনে নিবন্ধন ও অনুমোদন নিয়ে যানবাহন চালাতে আগ্রহী স্থানীয় রিকশাচালকরা।
তাদের মতে, জোন ও রঙের ভিন্নতা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় প্রবেশ করতে পারবে না, ফলে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং অনিয়ন্ত্রিত রিকশার আধিক্য কমে আসবে।
আরও পড়ুন: ‘ভালো কাজের মাধ্যমে খারাপ মানুষদের বদলে দিতে হবে’ ইমদাদুল হক মিলন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন