০৯:১৩ এম
কলম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ রাজনৈতিক সহিংসতা ও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে। মাদক পাচার নিয়ন্ত্রণ এবং এই অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের মতো স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে বিদায়ী বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে মাসব্যাপী প্রকাশ্য কাদা ছোঁড়াছুড়ির পরে এই বহুল প্রতীক্ষিত ভোট অনুষ্ঠিত হলো।
যাইহোক, প্রাথমিক আভাস অনুযায়ী, প্রথম দফার ভোটে কোনো প্রার্থীই একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন না। ফলে দেশের পরবর্তী নেতৃত্ব নির্ধারণে আগামী ২১ জুন একটি চূড়ান্ত রান-অফ বা দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হবে।
কলম্বিয়ার সংবিধান অনুযায়ী, বর্তমান প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই। তাই তিনি বামপন্থী নেতা ইভান সেপেদাকে সমর্থন দিয়েছেন। জনমত জরিপে এগিয়ে থাকা সেপেদা, সরকারের বর্তমান 'পূর্ণাঙ্গ শান্তি' নীতি বজায় রাখার পক্ষে।
আরও পড়ুন: দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য, ডেসকো কার্যালয়ের সামনে জিয়া পরিষদ-এ্যাবের মানববন্ধন
এই নীতির মূল লক্ষ্য হল অপরাধী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে মীমাংসা করা। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন ডানপন্থী স্বতন্ত্র নবাগত আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা এবং রক্ষণশীল দলের পালোমা ভ্যালেন্সিয়া। ট্রাম্প ও আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের ভক্ত ব্যবসায়ী এসপ্রিয়েল্লা নিজেকে 'বাঘ' আখ্যা দিয়ে কঠোর হাতে অপরাধ দমনের শপথ নিয়েছেন। পাশাপাশি প্রচারণার সময় তাদের দলের আগের প্রার্থী মিগেল উরিবে গুলিতে নিহত হওয়ার পর ভ্যালেন্সিয়া মধ্যপন্থী ভোটারদের আকর্ষণের পাশাপাশি সামরিক অভিযানের অঙ্গীকার করেছেন।
ডানপন্থী এই দুই প্রার্থীই যুক্তরাষ্ট্রের সঙ্গে কলম্বিয়ার ঘনিষ্ঠ নিরাপত্তা মৈত্রী পুনরুদ্ধার করতে চান।
নির্বাচনকে কেন্দ্র করে ৪ কোটি ১০ লাখ ভোটারের সুরক্ষা নিশ্চিত করতে দেশজুড়ে ৪ লক্ষ ৮ হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়। ভোট শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে উত্তরাঞ্চলীয় সিজার এলাকায় ড্রোন হামলায় এক সেনা আহত হওয়ার পর একটি ভোটকেন্দ্র স্থানান্তর করতে হয়। শেষ পর্যন্ত ২১ জুনের রান-অফ ভোটে কলম্বিয়ার নাগরিকরা কাকে বেছে নেন, তার ওপর নির্ভর করছে লাতিন আমেরিকার এই দেশটির ভবিষ্যৎ মাদক নীতি এবং আন্তর্জাতিক মিত্রতার সমীকরণ।
আরও পড়ুন: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনদ যাচাই ও স্থায়ী সনদ প্রদানে হাইকোর্টের রুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন