০৯:১৪ পি.এম
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বাণিজ্য এবং যোগাযোগ বৃদ্ধি করতে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে অভিবাসন, প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু-ইকোনমি এবং সামুদ্রিক সংযোগ জোরদার করার বিষয়গুলোতে সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে।
রবিবার (২৬ জুলাই) মালদ্বীপের রাজধানী মালেতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম আদামের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
বৈঠকের সময় দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ককে আরো শক্তিশালী করার জন্য অভিবাসন ও প্রবাসী কল্যাণ, পর্যটন, শিক্ষা, স্বাস্থ্য, ব্লু-ইকোনমি এবং সামুদ্রিক যোগাযোগের বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন। ওই বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য এবং যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে সরাসরি জাহাজ চলাচল চালুর সম্ভাবনা নিয়েও মতবিনিময় করা হয়। পাশাপাশি, দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের বিষয়টিও আলোকপাত করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে ফ্ল্যাট থেকে ৬৫ বছর বয়সী বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৈঠকে সরকারের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি, দুই বন্ধুত্বপূর্ণ দেশের জনগণের মধ্যে যোগাযোগ এবং পারস্পরিক সম্পর্ককে আরো গভীর করার গুরুত্ব তুলে ধরেন।
বৈঠকে মালদ্বীপের পররাষ্ট্র প্রতিমন্ত্রী (স্টেট মিনিস্টার) ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নজমুল ইসলাম উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন