০৫:১৪ পি.এম
হবিগঞ্জের চুনারুঘাটে মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে দুই কিশোরকে গাছে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনাটি বুধবার (২৪ জুন) ঘটেছিল এবং মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগীর পরিবার এ বিষয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এটি ঘটেছে গত ২৩ জুন বিকেল ৩টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গাজীপুর ইউনিয়নের ডুলনা গ্রামের সানু মিয়ার ছেলে শামীম (১২) এবং আহমদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের মৃত মীর হোসেনের ছেলে মঈন উদ্দিন (১৬) স্থানীয় একটি জমিতে মাছ ধরতে যাওয়ার সময় ডুলনা গ্রামের দুপরাজ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং ছয়শ্রী গ্রামের রইছ আলীর ছেলে হাছন আলী তাদের চোর সন্দেহে গাছে বেঁধে মারধর করে।
আরও পড়ুন: সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল সাড়ে চার বছরের শিশুর
পরে আরো কয়েকজনকে ডেকে মারধর করা হয়।
ভুক্তভোগীদের পরিবারের দাবি, মাছ ধরার সময় ওই দুই কিশোরকে কৌশলে ডেকে নিয়ে ‘চোর ধরেছি’ বলে স্থানীয় লোকজন জড়ো করা হয়। এরপর তাদের ওপর শারীরিক নির্যাতন চালানো হয়। মারধরের এক পর্যায়ে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
কিশোর মঈন উদ্দিনের মা খুর্শেদা আক্তার বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে। মারধরের সময় আমার ছেলেকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়েছিল। অথচ হারানো মোবাইল পরে তাদের ঘরেই পাওয়া গেছে। যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি আমাদের নজরে এসেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: লাকসামে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগের তিন নেতা সহ ৭ জন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন