০৮:৩৩ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : শিশুর অধিকার, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে ১৭ দফা সুপারিশ করেছে কারিতাস বাংলাদেশ। এই সুপারিশগুলোর মধ্যে আইনি স্বীকৃতি, জন্মনিবন্ধন প্রক্রিয়ার সহজীকরণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।
কারিতাস বাংলাদেশের একটি সমীক্ষা প্রতিবেদনে দেখা যায়, দেশের পথশিশুদের ৫২ শতাংশ আনুষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে এবং ৫৮ শতাংশের জন্মনিবন্ধন নেই।
আজ বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘পথশিশুদের অধিকার, সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিতকরণ’ শীর্ষক জাতীয় শিশু সম্মেলনে এই সুপারিশগুলো উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন
সম্মেলনে কারিতাস বাংলাদেশের ‘আলোকিত শিশু’ প্রকল্পের অধীনে পরিচালিত ‘পথ-সংশ্লিষ্ট শিশুদের ওপর জাতীয় সমীক্ষা প্রতিবেদন: চ্যালেঞ্জ, ঝুঁকি, আকাক্সক্ষা এবং নীতিগত চাহিদা’-এর ফলাফল তুলে ধরা হয়।
সমীক্ষায় উল্লেখ করা হয়, পারিবারিক ভাঙন, অভিভাবকত্বের অভাব, দারিদ্র্য, নির্যাতন এবং পরিচয় সংক্রান্ত জটিলতার কারণে পথশিশুরা শিক্ষা, স্বাস্থ্য, নিরাপদ আশ্রয় ও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতির মোকাবিলায় পথশিশুদের আইনি সংজ্ঞা নির্ধারণ, জন্মনিবন্ধন প্রক্রিয়া সহজ করা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, সমন্বিত স্বাস্থ্য ও মনোসামাজিক সেবা এবং নিরাপদ আশ্রয় ও পুনর্বাসন কার্যক্রম সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
এছাড়া, পরিবারের জন্য আর্থিক সহায়তা, কারিগরি প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্ব দেওয়া হয়।
শিশু সম্মেলনে প্রধান অতিথি হিসেবে নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শাহনাজ বেগম নীনা বলেন, "শিশুদের কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। শিশুদের নিয়ে কার্যক্রম আরও জোরদার করতে পৃথক অধিদপ্তর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, কোনো শিশু যেন উন্নয়ন ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না থাকে।"
আরও পড়ুন: রুয়েটে ভর্তি পরীক্ষার আবেদন শুরু আগামী ১২ ডিসেম্বর
বিশেষ অতিথি হিসেবে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিদর্শক মোছা. জুলিয়া জেসমিন বলেন, "সমীক্ষায় উঠে আসা বিষয়গুলো পথশিশুদের বাস্তব পরিস্থিতি নতুন করে উপলব্ধি করতে সহায়তা করেছে। পথশিশুদেরও পরিবার ও অভিভাবক রয়েছে। তবে তাদের পরিবারের সন্ধান পাওয়া এবং প্রাতিষ্ঠানিক সেবার আওতায় নিয়ে আসা একটি বড় চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিশুদের প্রাথমিক শিক্ষা ও অন্যান্য সেবার সঙ্গে যুক্ত করতে সমন্বিতভাবে কাজ করার ওপরও তিনি গুরুত্ব দেন।"
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নারী ও শিশু শ্রম অধিশাখার যুগ্ম-সচিব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "জন্মের পর কোনো শিশুর জন্মনিবন্ধন না হওয়া কাম্য নয়। নিবন্ধন প্রক্রিয়া সহজ করা গেলে শিশুদের সরকারি সেবা পাওয়ার পথ সুগম হবে। অনানুষ্ঠানিক খাতে শিশুদের শ্রম সুরক্ষা নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ।"
সভাপতির বক্তব্যে কারিতাস বাংলাদেশের পরিচালক (কর্মসূচি) অপূর্ব ম্রং বলেন, "শুধু সুপারিশ প্রণয়ন নয়, সেগুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সরকারি-বেসরকারি সংস্থা ও অন্যান্য অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে।"
পথশিশুদের জন্য ডে-কেয়ার সেন্টার পরিচালনায় কার্যকর নীতিমালা ও নির্দেশিকা প্রণয়ন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।
আরও পড়ুন: সাংবাদিকতার কোনো দল নেই, বন্ধু-শত্রুর বিভাজন নেই; সত্য, সততা ও মানুষের কল্যাণই হোক মূল আদর্শ
সম্মেলনে শিশু প্রতিনিধিরা তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে নীতিনির্ধারকদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন