ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকা ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


ঢাকা ১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার জন্য বাংলাদেশ জাতিসংঘ ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে আলোচনা আরও জোরদার করবে।

তিনি রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের প্রেক্ষিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, “আমরা এই আলোচনাগুলো অত্যন্ত জোরালোভাবে চালিয়ে যাব, যাতে আগামী এক থেকে দেড় বছরের মধ্যে তাদের নিরাপদে ফিরে যাওয়ার ব্যবস্থা করা যায়।”

হুমায়ুন কবির উল্লেখ করেন, এই রায় বাংলাদেশকে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন এবং ক্ষতিগ্রস্ত জনগণের ক্ষতিপূরণের দাবি তোলার ক্ষেত্রে একটি শক্তিশালী আইনি ভিত্তি প্রদান করেছে।

আরও পড়ুন: বিশ্বকে নেতৃত্ব দিতে যোগ্য শিক্ষার্থী তৈরির দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের: শিক্ষামন্ত্রী

তিনি জানান, রোহিঙ্গাদের ফেরার প্রক্রিয়া মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার ওপর নির্ভর করবে, যাতে তারা নিরাপদে বাড়ি ফিরে নতুন করে জীবন গড়তে পারে। বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন সংস্থা, গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করবে।

লিখিত বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “দীর্ঘস্থায়ী এই সংকটের একমাত্র কার্যকর সমাধান দ্রুত ও টেকসই প্রত্যাবাসন।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা জনগণের জন্য ক্ষতিপূরণ নিশ্চিত করতে বাংলাদেশ জাতিসংঘের মাধ্যমে এবং দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে।

মিয়ানমারের সঙ্গে ক্ষতিপূরণ নির্ধারণের জন্য কোনো দ্বিপক্ষীয় প্রক্রিয়া হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, “কেবল দ্বিপক্ষীয় প্রচেষ্টার মাধ্যমে প্রয়োজনীয় ক্ষতিপূরণ আদায় সম্ভব নয়। এ প্রক্রিয়ায় একাধিক দেশ ও সংস্থার সম্পৃক্ততা প্রয়োজন।”

আরও পড়ুন: পাকিস্তানে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পোস্টের জন্য সাংবাদিক আটক

তিনি যুক্ত করেন, হারানো জীবন কিংবা স্বজনহারা পরিবারের কষ্ট কোনো আর্থিক ক্ষতিপূরণ দিয়ে কখনো পূরণ করা যায় না।

তবে তিনি জানান, বাংলাদেশ মিয়ানমারকে ক্ষতিপূরণ দিতে এবং বেঁচে থাকা পরিবারগুলোকে ফিরে গিয়ে নতুন করে জীবন গড়তে সহায়তা করার জন্য অন্যান্য পদক্ষেপ নিতে রাজি করানোর চেষ্টা করবে।

হুমায়ুন কবির বলেন, “যদি এই মামলার অন্যতম পক্ষ গাম্বিয়া বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপন করে, তবে বাংলাদেশ জাতিসংঘের কাঠামোর ভেতরে থেকেই ক্ষতিপূরণের বিষয়টি কার্যকর করার জন্য কাজ করবে।”

রাখাইনে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিষয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো প্রস্তাব দেবে কি না, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, “বিষয়টি যদি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সামনে আসে, তবে ঢাকা জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে এ নিয়ে আলোচনা করবে।”

আরও পড়ুন: ঢাকায় আসছেন জাতিসংঘের শিক্ষাবিষয়ক বিশেষ দূত ফরিদা শহীদ

তিনি জানান, আইসিজে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর জন্য মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছে। আদালতের ইতিহাসে এটিই প্রথম রায় যেখানে কোনো রাষ্ট্রকে গণহত্যা চালানোর জন্য দায়ী করা হয়েছে।

তিনি উল্লেখ করেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছে, যাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও পরিচয় রয়েছে। আদালত বলেছে, “কয়েক দশক ধরে বৈষম্যমূলক আইন, নানা বিধিনিষেধ ও বিদ্বেষমূলক প্রচারণার মাধ্যমে তাদের অধিকার ক্রমান্বয়ে সংকুচিত করা হয়েছে।”

হুমায়ুন কবির জানান, আদালত পর্যবেক্ষণ করেছে, নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সক্রিয় ব্যক্তিদের গণহত্যামূলক কর্মকাণ্ড ঠেকাতে মিয়ানমার ব্যর্থ হয়েছে। ২০২০ সালে অন্তর্বর্তী ব্যবস্থা নিয়ে আদালতের দেওয়া আদেশ অনুযায়ী গণহত্যার প্রমাণ সংরক্ষণেও দেশটি ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আদালত মিয়ানমারকে গণহত্যা প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন, চলমান সহিংসতা বন্ধ এবং গণহত্যায় জড়িত থাকার যুক্তিসংগত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্তের আওতায় আনার নির্দেশ দিয়েছে। প্রয়োজনে তাদের বিচার ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

আরও পড়ুন: মোহাম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র

তিনি আরও বলেন, রায়ে আগের অবস্থা ফিরিয়ে দেওয়া ও ক্ষতিপূরণের মাধ্যমে ভুক্তভোগীদের প্রতিকারের বিষয়টিও রয়েছে।

হুমায়ুন কবির জানান, এই রায় চূড়ান্ত। এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই এবং মামলার পক্ষগুলোর জন্য এটি আইনত বাধ্যতামূলক।

তিনি বলেন, প্রায় ১৩ লাখ জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া বাংলাদেশ এই মামলার পক্ষ না হলেও এর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছে।

এদিকে ২০১৯ সালের ১১ নভেম্বর মামলাটি দায়ের করায় প্রতিমন্ত্রী গাম্বিয়ার সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি ওআইসি (অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন) এবং যে ১১টি দেশ আদালতে লিখিত বিবৃতি জমা দিয়েছে, তাদেরও ধন্যবাদ জানান।

আরও পড়ুন: দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবির সভাপতি সাদ্দাম

এ সময় তিনি রোহিঙ্গা সম্প্রদায়ের দীর্ঘদিনের প্রচেষ্টার কথা স্বীকার করেন এবং কক্সবাজারে তাদের আশ্রয় দেওয়া স্থানীয় জনগণের সমর্থনের কথাও উল্লেখ করেন।

হুমায়ুন কবির এই রায়ের আলোকে আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একইসঙ্গে প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত বাস্তুচ্যুত রোহিঙ্গা ও আশ্রয়দাতা বাংলাদেশি জনগণের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখতে উন্নয়ন সহযোগী ও দাতাদের প্রতিও আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবির সভাপতি সাদ্দাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন শিবির সভাপতি সাদ্দাম

চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সমালোচনাপূর্বক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম মন্তব্য করেছেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর এই পুলিশ প্রশাসনের ওপর সম্পূর্ণ (টোটালি) নিয়ন্ত্রণ নেই অথবা তিনি ইচ্ছা করেই নিয়ন্ত্রণ নিচ্ছেন না, অথবা আওয়ামী লীগকে তারা সুযোগ দিচ্ছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। এ সময় সংগঠনটি দুই সহস্রাধিক শিক্ষার্থীদের বরণ করে নেয়।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের আয়োজিত নবীন বরণ অনুষ্ঠান শেষে গোপালগঞ্জে বিএনপির সংসদ সদস্যের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেফতার এবং পরবর্তী পুলিশি ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, পুলিশ দিনভর গ্রেফতার করলেও রাতে তাদের মুক্তি দিচ্ছে। এমনকি থানায় আগুন দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত পুলিশ সদস্যদের সঙ্গে কোলাকুলি করেছেন এবং তাদের সঙ্গে খাওয়াদাওয়ার আয়োজন করেছেন।

সরকারের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, জনগণ এখন ভীতসন্ত্রস্ত এবং জানমালের নিরাপত্তাহীনতায় ভুগছে। বর্তমান সরকার জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। তিনি সতর্ক করেন যে, সরকার যদি এ বিষয়ে পদক্ষেপ না নেয় এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে সরিয়ে যোগ্য কাউকে দায়িত্ব না দেয়, তবে ভবিষ্যতে যে পরিস্থিতি তৈরি হবে, তার দায় সরকারকেই নিতে হবে।

গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি। সাদ্দাম বলেন, নির্বাচনের পর সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা থাকলেও সরকারি দল তা গ্রহণ করেনি। প্রধানমন্ত্রী গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিতে বললেও সেই রায়কে তোয়াক্কা করেননি। এতে ৭০ শতাংশ মানুষের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

আন্দোলনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে। সরকার দাবি না মানলে অবরোধ, হরতাল, সচিবালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া, গণহত্যার বিচারে গড়িমসি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরকে সরিয়ে দেওয়ার কারণেও সরকারের সমালোচনা করেন তিনি। তার দাবি, প্রশাসন ঢেলে না সাজানোয় আওয়ামী লীগ সরকারের সময়কার সহযোগীরা এখনো বিভিন্ন জায়গায় রয়েছেন এবং ষড়যন্ত্র করে যাচ্ছেন।

বিরোধী দলের সহযোগিতার বিষয়ে সাদ্দাম মন্তব্য করেন যে, অন্ধভাবে সবকিছুর বিরোধিতা করা দেশের জন্য কল্যাণকর নয়। জনস্বার্থবিরোধী সিদ্ধান্তের ক্ষেত্রে বিরোধী দল সর্বোচ্চ ভেটো দেবে। তবে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে।

ইবি ছাত্রশিবিরের সভাপতি মো. ইউসুফ আলির সভাপতিত্বে ও ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রউপদেষ্টা অধ্যাপক ড. মামুন আল রশিদ, ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, কুষ্টিয়া-২ আসনের এমপি মাওলানা আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল, আইআইইআর বিভাগের পরিচালক অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মো. মাহমুদুল ইসলাম এবং কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক হাফেজ মো. মোজাহেরুল ইসলাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন: আবহাওয়া ও স্মৃতির প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


বৃষ্টির দিনে মন উদাস লাগে কেন: আবহাওয়া ও স্মৃতির প্রভাব

আকাশজুড়ে মেঘের উপস্থিতি, জানালার কাচ বেয়ে পড়ছে বৃষ্টির ফোঁটা, এবং চারপাশে এক ধরনের নীরবতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে অনেকের ইচ্ছে করে এক কাপ চা হাতে জানালার পাশে বসে থাকতে, আবার কেউ পুরনো স্মৃতির মধ্যে ডুবে যান। কোনো বিশেষ কারণ ছাড়াই মনটা উদাস হয়ে আসে। কখনো কখনো আনন্দের বৃষ্টি মনে বিষণ্নতা জাগাতে পারে। তবে বৃষ্টির সঙ্গে মনের এই অদ্ভুত সম্পর্কের কারণ কী?

মেঘলা আকাশের প্রভাব

বৃষ্টির দিনে সূর্যের আলো অনেকাংশে আড়ালে থাকে। দিনের আলো মানুষের ঘুম, জাগরণ এবং মেজাজ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আলো কম থাকলে অনেকের মধ্যে ক্লান্তি, ঝিমুনি বা মনমরা ভাব দেখা দিতে পারে। বিশেষ করে টানা কয়েক দিন মেঘলা আবহাওয়া থাকলে এই অনুভূতি আরো বৃদ্ধি পেতে পারে।

বৃষ্টির শব্দে জেগে ওঠে স্মৃতি

বৃষ্টির টুপটাপ শব্দের সঙ্গে অনেকের জীবনের নানা স্মৃতি জড়িয়ে থাকে। শৈশবে স্কুলের ছুটির আনন্দ, কাগজের নৌকা ভাসানো, বৃষ্টিতে ভেজা বিকেল, কিংবা প্রিয় কারো সঙ্গে কাটানো মুহূর্ত—এসব স্মৃতি মনে পড়ে যেতে পারে। বৃষ্টির পরিচিত শব্দ ও পরিবেশ অতীতের অনুভূতিগুলোকে নতুন করে সামনে নিয়ে আসে।

নীরবতা বাড়িয়ে দেয় ভাবনা

বৃষ্টির দিনে বাইরের ব্যস্ততা অনেক সময় কমে যায়। বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল হয়ে যায় এবং মানুষের চলাচলও কমে আসে। চারপাশের এই নীরবতায় নিজের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি হয়। তখন ব্যস্ততার মধ্যে চাপা পড়ে থাকা ভাবনা, স্মৃতি, কিংবা অপূর্ণতার অনুভূতিগুলো বেশি করে মনে আসতে পারে।

বৃষ্টি ও বিষণ্নতার সাংস্কৃতিক সম্পর্ক

গান, কবিতা, গল্প এবং সিনেমায় বৃষ্টিকে প্রায়ই প্রেম, বিরহ, অপেক্ষা অথবা একাকিত্বের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ছোটবেলা থেকে এমন উপস্থাপনা দেখে বৃষ্টির সঙ্গে এক ধরনের আবেগ তৈরি হতে পারে। তাই মেঘলা দিনে প্রিয় কোনো গান শুনলে কিংবা পুরোনো কোনো দৃশ্য মনে পড়লে মন আরো স্মৃতিকাতর হয়ে ওঠে।

বদলে যায় প্রতিদিনের ছন্দ

বৃষ্টির কারণে হাঁটাচলা, বাইরে ঘোরাঘুরি কিংবা দৈনন্দিন কাজের রুটিনে পরিবর্তন আসে। ঘরে বসে থাকার সময় বেড়ে যায় এবং শারীরিক কর্মকাণ্ড কমে যেতে পারে। এসব পরিবর্তনও কারো কারো মেজাজে প্রভাব ফেলতে পারে।

উদাস মন ভালো করবেন যেভাবে

বৃষ্টির দিনে যদি মন খারাপ বা উদাস লাগে, তবে নিজের জন্য কিছু সময় রাখা যেতে পারে। পছন্দের কোনো বই নিয়ে বসা, এক কাপ গরম চা বা কফিতে চুমুক দেওয়া, প্রিয় গান শোনা—এই ধরনের ছোট ছোট অভ্যাস মন ভালো করতে সাহায্য করতে পারে। চাইলে জানালার পাশে বসে বৃষ্টি উপভোগ করা যেতে পারে। পরিবারের সদস্য বা বন্ধুর সঙ্গে গল্প করাও একঘেয়েমি কাটাতে সাহায্য করতে পারে।

বৃষ্টিতে ভিজতে ভালো লাগলে আবহাওয়া ও পরিস্থিতি নিরাপদ কি না, তা বিবেচনা করা জরুরি। ভিজে গেলে দ্রুত শুকনো পোশাক পরে নেওয়া এবং শরীরকে আরামদায়ক উষ্ণতায় রাখা উচিত। বৃষ্টির দিনে ঠান্ডা লাগলে বা অস্বস্তি হলে উষ্ণ পানীয় অথবা এক বাটি গরম স্যুপ খাওয়া যেতে পারে। আরামদায়ক গোসলও শরীরকে সতেজ অনুভব করাতে পারে। তবে সর্দি-কাশি বা জ্বর থাকলে বৃষ্টিতে ভেজা এড়িয়ে চলাই ভালো।

তবে বৃষ্টি মানেই বিষণ্নতা নয়

তবে বৃষ্টি সবার মনে একই অনুভূতি সৃষ্টি করে না। কারো কাছে বৃষ্টি মানে প্রশান্তি, কারো কাছে রোমাঞ্চ, আবার কারো কাছে পুরনো দিনের স্মৃতি। ব্যক্তিগত অভিজ্ঞতা, পরিবেশ এবং মানসিক অবস্থার ওপর নির্ভর করে বৃষ্টির দিনে মানুষের অনুভূতিও পরিবর্তিত হয়।

বৃষ্টির দিনে মন উদাস লাগা অস্বাভাবিক নয়। তবে যদি মন খারাপ দীর্ঘস্থায়ী হয় অথবা ঘুম, কাজ ও দৈনন্দিন জীবনে প্রভাব ফেলে, তাহলে বিষয়টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।

হয়তো বৃষ্টি সব সময় মন খারাপের কারণ নয়। কখনো কখনো চারপাশের কোলাহল থেমে গেলে নিজের মনের কথাগুলোই একটু বেশি শোনা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি'র বৃক্ষরোপণ ও শিশুদের খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


প্রধানমন্ত্রীর জন্মদিনে শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২ তম জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ এবং শিশুদের মধ্যে খাবার বিতরণের আয়োজন করেছে।

শুক্রবার (২০ নভেম্বর) জুমার নামাজের পর কেন্দ্রীয় অডিটোরিয়ামের সামনে বৃক্ষরোপণ কর্মসূচিটি অনুষ্ঠিত হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাবার বিতরণ করা হয়। এর আগে কেন্দ্রীয় মসজিদে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. সালমা আক্তার, সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক আশরাফ সিদ্দিকী এবং বিজয় ২৪ হলের প্রভোস্ট অধ্যাপক আ ফ ম জাকারিয়া উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রদলের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

খাবার বিতরণকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম মন্তব্য করেন, "মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আমরা আজ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ করেছি এবং সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়ানোর প্রয়াসে খাবার বিতরণ করেছি। আমরা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ভবিষ্যতেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


মোহাম্মদ সিরাজের বাদ পড়া নিয়ে রাজনৈতিক বিতর্ক তীব্র

ক্রিকেটে মাঠে নামার সুযোগ ১১ জনের জন্য থাকে। তবে প্রত্যাশা থাকে আরো অনেকের। কখনো ফর্ম, কখনো ফিটনেস, পিচ কন্ডিশন, টিম কম্বিনেশন—বিভিন্ন কারণে সেরা একাদশ নির্বাচন করা হয়। ফলে অনেক সময় ভালো ক্রিকেটারও বাদ পড়ে যান। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলমান প্রথম টেস্টের মূল একাদশ থেকে পেসার মোহাম্মদ সিরাজ বাদ পড়ার বিষয়টি নিয়েও বিতর্ক সৃষ্টি হয়েছে। তবে এবার এটি ক্রিকেটের অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক বিতর্কে পরিণত হয়েছে।

কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ মোহাম্মদ সিরাজের বাদ পড়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, নামের কারণে তাকে বাদ দেওয়া হয়েছে। বিজেপি ওই সাংসদের মন্তব্যকে পাল্টা ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছে।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে মাসুদ বলেন, “ভালো পারফরম্যান্স সত্ত্বেও তাকে দলে জায়গা দেওয়া হয়নি। তার নাম ‘সিরাজ’, আর সে কারণেই তাকে জায়গা দেওয়া হয়নি। ভালো পারফরম্যান্সের পরও যদি আপনি তাকে দলে না নেন, তবে বৈষম্যটা স্পষ্ট।”

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি কংগ্রেসের বিরুদ্ধে ক্রিকেট দল নির্বাচন নিয়ে ভোটব্যাংকের রাজনীতি করার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে ভান্ডারি লেখেন, ‘কংগ্রেসের লজ্জা হওয়া উচিত! কংগ্রেস এখন ক্রিকেট দল নির্বাচনেও ভোটব্যাংকের রাজনীতি করছে! কংগ্রেস বলছে—মুসলিম হওয়ার কারণে সিরাজকে বাদ দেওয়া হয়েছে। এমনকি জাদেজাকেও তো বাদ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিটি ক্রিকেটারই ভারতের প্রতিনিধিত্ব করে জার্সি গায়ে জড়ান। ভোটব্যাংক ও সাম্প্রদায়িক রাজনীতির জন্য ভারতীয় ক্রিকেট দলকে বিভক্ত করা বন্ধ করুন।’

তবে নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান প্রথম টেস্টের একাদশ থেকে সিরাজের বাদ পড়া নিয়ে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এবং রবি শাস্ত্রীও প্রশ্ন তুলেছেন। তাদের মতে, টিম ম্যানেজমেন্টের উচিত ছিল এই পেসারের অভিজ্ঞতা বিবেচনায় নেওয়া।

এই ম্যাচে জসপ্রীত বুমরাহর নেতৃত্বে ভারত চারজন পেসার নিয়ে মাঠে নেমেছে। একাদশে জায়গা পাওয়া বাকি তিন পেসার হলেন প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ এবং অংশুল কাম্বোজ। গাভাস্কার সিরাজের বাদ পড়াকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন, আর শাস্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘অভিজ্ঞতা এবং কাজের প্রতি নিষ্ঠার কারণে এই পেসারকে দলে রাখা উচিত ছিল।’

তবে অধিনায়ক শুভমান গিল এবং ব্যাটিং কোচ সিতাংশু কোটাক দাবি করেছেন, এই টেস্টের জন্য সম্ভাব্য সেরা একাদশই নির্বাচন করা হয়েছে।

বাদ পড়া খেলোয়াড়দের প্রসঙ্গে গিল বলেন, ‘ব্যাপারটা বেশ কঠিন, জানেনই তো। আমরা গত এক সপ্তাহ ধরে ভাবছিলাম কোন কম্বিনেশন নিয়ে মাঠে নামব, কারণ আমাদের সব ফাস্ট বোলারই দারুণ করছে। সিরাজ এবং গুরনুর—দুজনের জন্যই বাদ পড়াটা খুব কঠিন।’

ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাকও সিরাজকে বাইরে রাখার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন। বৃহস্পতিবার সাংবাদিকদের কোটাক বলেন, ‘সিরাজের কোনো সমস্যা নেই। আমরা যখন দল নির্বাচন করেছি, তখন মনে হয়েছে এটাই সেরা একাদশ। আমি মনে করি না সিরাজকে বাদ দেওয়া কোনো ভুল সিদ্ধান্ত ছিল।’

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%