০২:৪১ পি.এম
জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এই আদেশটি রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ প্রদান করা হয়।
প্রসিকিউশনের শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। তিনি ট্রাইব্যুনালকে জানান, গত ৫ নভেম্বর ট্রাইব্যুনাল আজমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং আজ রোববার তাকে হাজির করতে বলা হয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ঠিকানায় গিয়ে তাকে খুঁজে পায়নি। ফলে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে আত্মসমর্পণে বিজ্ঞপ্তির আবেদন জানানো হয়। ট্রাইব্যুনাল এরপর আবেদনটি মঞ্জুর করে এবং ১২ ডিসেম্বর হাজির হতে নির্দেশ দেয়।
এই মামলায় সাত আসামির মধ্যে ছয়জন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন—সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, এবং হাসিনার জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। রোববার সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।
আরও পড়ুন: মুক্তিযোদ্ধার স্ত্রীর অভিযোগ: স্বামী মৃত্যুর ১১ মাসেও পাননি পেনশন ও ভাতা
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় তৎকালীন সরকার রাষ্ট্রীয় নীতি হিসেবে এবং আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আন্দোলন দমন করেছিল। মামলার আসামিরা তৎকালীন সরকারের প্রভাবশালী ব্যক্তি হিসেবে এবং নীতিনির্ধারক হিসেবে আন্দোলন দমনে অংশগ্রহণ করেছেন, সহায়তা করেছেন এবং পরামর্শ দিয়েছেন। এর ফলে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ১ হাজার ৪০০ আন্দোলনকারী নিহত এবং ২৫ হাজার আন্দোলনকারী আহত হন। এই বিষয়গুলোই আসামিদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন