০৯:০২ পি.এম
চীনের সিএক্সএমটি শেয়ার বাজারে প্রবেশ করে এশিয়ার চলতি বছরের বৃহত্তম আইপিও হিসেবে ৫৭.৯ বিলিয়ন ইউয়ান (প্রায় ৮.৬ বিলিয়ন ডলার) তহবিল সংগ্রহ করেছে।সাংহাই শেয়ার বাজারে লেনদেন শুরু হওয়ার পর কোম্পানিটির শেয়ারের দর ৪৬৬ শতাংশ বৃদ্ধি পায়। এই অভাবনীয় লাফের ফলে কোম্পানিটির মোট বাজার মূলধন প্রায় ৩.৩ ট্রিলিয়ন ইউয়ানে পৌছেছে। ফলে এটি এখন চীন মূল ভূখণ্ডের সবচেয়ে মূল্যবান শেয়ারবাজারভুক্ত কোম্পানিতে পরিণত হয়েছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত সিএক্সএমটি বর্তমানে চীনের শীর্ষ ডাইনামিক র্যান্ডম-অ্যাক্সেস মেমোরি (ডি-র্যাম) চিপ উৎপাদক। স্মার্টফোন, পার্সোনাল কম্পিউটার, সার্ভার, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেম এবং সামরিক সরঞ্জাম তৈরির ক্ষেত্রে এই চিপের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈশ্বিক ডি-র্যাম বাজারের প্রায় ৮ শতাংশ বর্তমানে চীনা কোম্পানির হাতে রয়েছে, যা তাদের স্যামসাং ইলেকট্রনিক্স, এসকে হাইনিক্স এবং মাইক্রনের পরে বিশ্বের চতুর্থ বৃহত্তম উৎপাদক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
উন্নত চিপ উৎপাদনের ক্ষেত্রে চীনের সক্ষমতা রোধ করতে ২০২২ সাল থেকে ওয়াশিংটন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সামরিক খাতে ব্যবহৃত কাটিং-এজ সেমিকন্ডাক্টর প্রযুক্তির ওপর রফতানি নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। তবে যুক্তরাষ্ট্রের এসব বাধা সত্ত্বেও সিএক্সএমটি উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রেখেছে। যদিও তাদের চিপগুলো বাজারের শীর্ষ বৈশ্বিক প্রতিদ্বন্দীদের তুলনায় প্রায় এক প্রজন্ম পিছিয়ে রয়েছে, তবুও এআই-চালিত মেমোরি চিপের আকাশচুম্বী চাহিদার কারণে কোম্পানিটির দ্রুত বিস্তার ঘটছে। আইপিও থেকে প্রাপ্ত এই বিশাল অর্থ কোম্পানিটি তাদের মেমোরি প্রযুক্তি আধুনিকায়ন, গবেষণা ও উন্নয়ন এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর কাজে ব্যবহার করবে বলে জানা গেছে।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন