০৮:২৪ পি.এম
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মহানগরবাসীর নাগরিক সেবা নিশ্চিত করতে রাজস্ব আদায় বৃদ্ধি এবং রাজস্ব বিভাগের কার্যক্রম আরও কার্যকর করার উদ্দেশ্যে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
এই মতবিনিময় সভাটি রোববার (১৬ আগস্ট) নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন উল্লেখ করেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীর সেবা ও নগরীর উন্নয়নে দায়িত্ব দিয়েছেন। আমি সেই দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করছি। আমার একটাই লক্ষ্য-মহানগরবাসীর জন্য কিছু করা।"
তিনি আরও বলেন, "নগরীতে খেলার মাঠ তৈরি, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, নারীদের জন্য পার্ক ও মহিলা ক্লাব নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি মসজিদ, মন্দির, গোরস্থান ও কবরস্থানের উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে। নাগরিক সুবিধা বাড়াতে অ্যাম্বুলেন্স সেবা এবং মরদেহ পরিবহনের জন্য ফ্রিজিং অ্যাম্বুলেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে।"
আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড
রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রশাসক বলেন, "রাজশাহী সিটি কর্পোরেশন একটি নাগরিক সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমাদের একযোগে কাজ করতে হবে। নতুন আয়ের খাত সৃষ্টি এবং বকেয়া হোল্ডিং ট্যাক্স আদায়, ট্রেড লাইসেন্স নবায়নসহ রাজস্ব আদায়ের কার্যক্রমে আরও গুরুত্ব দিতে হবে।"
তিনি আরও বলেন, "সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধি করা সম্ভব হলে নগরবাসীকে উন্নত ও মানসম্মত নাগরিক সেবা দেওয়া যাবে। এই দিকে রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
মতবিনিময় সভাটি ট্যাক্সেশন কর্মকর্তা (কর) মিজানুর রহমান বুলেট সঞ্চালনা করেন এবং সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের সচিব মোঃ সোহেল রানা, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নুর-ই-সাঈদ এবং রাজস্ব কর্মকর্তা মোঃ সারোয়ার হোসেন খোকন। সভায় রাজস্ব বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন