০৯:০১ পি.এম
ঢাকা, ২ নভেম্বর, ২০২৬ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত তিন চাকার স্বল্পগতির রিকশা (ই-রিকশা) চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সংখ্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম শুরু করা হয়েছে।
নিবন্ধনের আবেদন ফরম আগামীকাল ৩ নভেম্বর থেকে বিতরণ শুরু হবে, যার মূল্য হবে ১০০ টাকা। একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে সর্বাধিক পাঁচটি আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন নিবন্ধনের জন্য।
আজ সোমবার নগর ভবনে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম এ তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
তিনি উল্লেখ করেন, ই-রিকশা চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং নগরবাসীর নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নতুন বিধিমালা অনুসারে এই কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তবে, আবেদন ফরম সংগ্রহ করলেই নিবন্ধন নিশ্চিত হবে না। নির্ধারিত শর্ত পূরণ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কারিগরি মানদণ্ড অনুসরণ এবং প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর কেবল যোগ্য যানবাহনকে নিবন্ধন সনদ প্রদান করা হবে।
আবেদন ফরম ডিএসসিসির নগর ভবন এবং সব আঞ্চলিক কার্যালয় থেকে সংগ্রহ করা যাবে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক জারিকৃত ‘সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা, ২০২৬’ অনুসারে এই নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
নিবন্ধনের জন্য আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের ছবি, ফি জমার মূল রসিদ এবং নির্ধারিত ফরমে ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে।
আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি বুয়েটের নির্ধারিত প্রযুক্তিগত মানদণ্ড ও নিরাপত্তা বৈশিষ্ট্য অনুযায়ী ই-রিকশার উপযুক্ততা পরীক্ষা এবং কারিগরি ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। আবেদন ফরম সংগ্রহ বা জমা দিলেই নিবন্ধন নিশ্চিত হবে না। সব নির্ধারিত মানদণ্ডে উত্তীর্ণ যানবাহনকেই নিবন্ধন সনদ দেওয়া হবে।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
ডিএসসিসি এলাকার ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণের জন্য পুরো এলাকাকে চারটি জোনে ভাগ করে রুট নির্ধারণ ও যানবাহনের সংখ্যা নিয়ন্ত্রণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক পুলিশ ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে জোন ভিত্তিক এ ব্যবস্থাপনা কার্যকর করা হবে।
নতুন বিধিমালা বাস্তবায়নের মাধ্যমে সড়কে অননুমোদিত ও অনুপযুক্ত ই-রিকশার সংখ্যা কমিয়ে যানজট হ্রাস এবং নিরাপদ, সুশৃঙ্খল ও জনবান্ধব নগর পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেছে ডিএসসিসি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন