১২:২৩ পি.এম
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, দেশের মৎস্য উৎপাদনে স্বনির্ভরতা অর্জনের ধারাকে অব্যাহত রাখতে সর্বস্তরে মাছ চাষ ও উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা রয়েছে। ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে যেখানে সুযোগ রয়েছে, সেখানে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।
সোমবার পিলখানার বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হল সংলগ্ন পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এবারের জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’।
বিজিবি মহাপরিচালক বলেন, বাংলাদেশ বর্তমানে মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে যথাযথ উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে বাংলাদেশ এ ক্ষেত্রে বিশ্বে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হবে। পাশাপাশি বঙ্গোপসাগরের বিপুল সামুদ্রিক মৎস্যসম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এ খাতেও আরো অগ্রগতি অর্জনের সুযোগ রয়েছে।
আরও পড়ুন: বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার
তিনি উল্লেখ করেন, মাছ চাষের জন্য সবসময় বড় জলাশয়ের প্রয়োজন হয় না। ছোট পুকুর ও অন্যান্য উপযুক্ত জলাশয়গুলোতেও বিভিন্ন ধরনের মাছ চাষ করা সম্ভব। দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধি পেলে জনসাধারণের পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত হবে, এবং কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
‘সরকারের মৎস্য উৎপাদন বৃদ্ধির উদ্যোগকে সফল করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে।’ তিনি বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে বিদ্যমান পুকুর ও জলাশয়গুলো যথাযথভাবে ব্যবহার করে মাছ চাষের পরিধি আরো বাড়ানোর দিকে গুরুত্বারোপ করেন।
আজকের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে দুই সপ্তাহব্যাপী ‘বিজিবির মৎস্য পক্ষ-২০২৬’ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হলো। এই কর্মসূচির আওতায় বিজিবির বিভিন্ন স্থাপনা ও ইউনিটে মাছের পোনা অবমুক্তকরণ, মাছ চাষে উদ্বুদ্ধকরণ এবং মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে।
আরও পড়ুন: এবার মেঘনা আলমকে দুদক তলব করেছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন