০৮:৩৯ পি.এম
জুলাই গণ-অভ্যুত্থানে পুলিশের গুলিতে আহত বিপ্লব হোসেন মারা গেছেন।
তিনি শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে রংপুরের কাউনিয়া উপজেলার হরিশ্বর বাঁধের পাড় গ্রামে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
বিপ্লব হোসেন সুরুজ মিয়ার পুত্র। জুলাই গণ-অভ্যুত্থানের গেজেট নম্বর ১১৬৩-ভুক্ত এই যোদ্ধা গত ১২ জুলাই রংপুর শহরে আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে আহত হন। আহত হওয়ার সময় তার শরীরে ছররা গুলি বিদ্ধ হয়। এরপর থেকে তিনি শারীরিক ও মানসিক নানা জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকদের মতে, তিনি ট্রমাজনিত সমস্যার পাশাপাশি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগকে নিষিদ্ধ করা হবে কিনা তা আইনি প্রক্রিয়ায়: আইনমন্ত্রী
দীর্ঘদিন ধরে সরকারি খাসজমিতে বসবাস করতেন বিপ্লব। তিনি ঝালমুড়ি বিক্রি করে কোনোরকমে সংসার চালাতেন। তার আয়ের ওপর নির্ভরশীল ছিলেন বৃদ্ধা মা, স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, উন্নত চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করলেও অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হয়নি।
বিপ্লবের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘চিকিৎসার জন্য অনেক জায়গায় ঘুরেছি। টাকা নেই বলে ভালো চিকিৎসা করাতে পারিনি। তিনি ঝালমুড়ি বিক্রি করে সংসার চালাতেন, সন্তানদের লেখাপড়া করাতেন। এখন আমরা কীভাবে বাঁচব, সন্তানদের ভবিষ্যৎ কী হবে?’
এদিকে শনিবার সকালে কাউনিয়া মোফাজ্জল হোসেন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে বিপ্লবের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার হলদিবাড়ি পাবলিক কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিপ্লবের মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা। এ সময় তিনি পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় সংসদ সদস্য আখতার হোসেন ঢাকা থেকে মোবাইল ফোনে পরিবারের খোঁজখবর নেন এবং সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার আশ্বাস দেন।
আরও পড়ুন: দেশ বিরোধী ফ্যাসিষ্টদের কোন ছাড় নয়, নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যাবস্থা: প্রতিমন্ত্রী ফরিদুল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন