ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রুশ গণমাধ্যমের দাবি, পুতিনের ব্রিফকেসে রয়েছে পারমাণবিক কোড


রুশ গণমাধ্যমের দাবি, পুতিনের ব্রিফকেসে রয়েছে পারমাণবিক কোড

এপেক শীর্ষ সম্মেলনে বিশ্ব নেতাদের উপস্থিতির মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন সহযোগীর হাতে থাকা একটি বিশেষ ব্রিফকেস সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। রুশ রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, ব্রিফকেসটিতে রাশিয়ার পারমাণবিক কোড রয়েছে। চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো তিনটি পারমাণবিক শক্তিধর দেশের শীর্ষ নেতাদের ত্রিপক্ষীয় বৈঠকের পূর্বে এই প্রকাশ্য প্রদর্শনকে তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সম্মেলন ও ত্রিপক্ষীয় বৈঠকের ঠিক আগমুহূর্তে রাশিয়া তাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতার আরও কিছু ইঙ্গিত প্রকাশ করেছে। এ সপ্তাহের শুরুতে জাপান দাবি করে যে, দুটি সন্দেহভাজন রুশ বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। একই সময়ে, তাইওয়ান জানায়, দুটি রুশ সামরিক বিমান তাদের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে প্রবেশ করেছে।

তাইওয়ানের কাছে ওই ঘটনার কয়েক ঘণ্টা পর স্যাটেলাইট চিত্রে ভিয়েতনামের দা নাং বিমানবন্দরে দুটি রুশ টিইউ-৯৫ ‘বেয়ার’ কৌশলগত বোমারু বিমান দেখা যায়, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। ওই বোমারু বিমানগুলোর সঙ্গে দুটি রুশ আইএল-৭৬ সামরিক পরিবহন বিমানও ছিল। সক্রিয় যুদ্ধক্ষেত্র থেকে দূরে এ অঞ্চলে রাশিয়ার এমন উপস্থিতিকে বিরল শক্তি প্রদর্শন হিসেবে দেখা হচ্ছে।

আরও পড়ুন: সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেল

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চীনের প্রেসিডেন্ট শি চিননপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে বসার পরিকল্পনা রয়েছে পুতিনের। বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে প্রত্যাশিত দ্রুত সাফল্য না পাওয়ায় রুশ সেনাবাহিনীর সীমাবদ্ধতা প্রকাশ্যে এসেছে এবং দেশের অর্থনীতিও চাপে পড়েছে; ফলে কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে পুতিন তুলনামূলক দুর্বল অবস্থানে রয়েছেন।

এমন পরিস্থিতিতে কথিত পারমাণবিক ব্রিফকেসের উপস্থিতি, আকাশে সামরিক তৎপরতা এবং ঘনিষ্ঠ মিত্র ভিয়েতনামের বিমানবন্দরে পারমাণবিক সক্ষমতাসম্পন্ন বোমারু বিমানের অবস্থানকে কৌশলগত শক্তি প্রদর্শনের পদক্ষেপ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্নিনিরাপত্তায় উদাসীনতা, বছরে ৫০০ কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪২ পি.এম


অগ্নিনিরাপত্তায় উদাসীনতা, বছরে ৫০০ কোটি টাকার সম্পদ পুড়ে যাচ্ছে

দেশে প্রতি বছর অগ্নিকাণ্ডের কারণে সোয়া ৫০০ কোটি টাকার বেশি সম্পদের ক্ষতি হচ্ছে। ফায়ার সার্ভিসের পরিসংখ্যান অনুযায়ী, অধিকাংশ অগ্নিকাণ্ডের জন্য দায়ী বৈদ্যুতিক গোলযোগ। ব্যবসায়ী সংগঠন ইসাব জানাচ্ছে, ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে অগ্নিনির্বাপক যন্ত্র ও সরঞ্জাম ব্যবহারে ভবন মালিকদের উদাসীনতা একটি বড় কারণ। অন্যদিকে, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, উদ্ধার অভিযানে গিয়ে অনেক সময় মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র পাওয়া যায়।

অগ্নিকাণ্ডের ফলে মানুষের স্বপ্ন ও সারা জীবনের সঞ্চয় পুড়ে যাচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে প্রতিদিন গড়ে ৭৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মোট অগ্নিকাণ্ডের ২৫ শতাংশের বেশি ঘটে বাসাবাড়ি ও আবাসিক ভবনে। এসব দুর্ঘটনার ৩৫ শতাংশের বেশি বৈদ্যুতিক গোলযোগের কারণে ঘটে। রান্নার চুলা থেকেও প্রায় ১৩ শতাংশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সাধারণ মানুষের মতামত হলো, ভবন নির্মাণের সময় থেকেই অগ্নিনিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। ভবন চালুর পূর্বে আগুন নেভানোর প্রস্তুতি ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা উচিত। পাশাপাশি, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার প্রয়োজন রয়েছে। কিন্তু এসব বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-ম্যাজিকের অপেক্ষায় এমএলএস, শিরোপা ধরে রাখার পথে ইন্টার মায়ামি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


মেসি-ম্যাজিকের অপেক্ষায় এমএলএস, শিরোপা ধরে রাখার পথে ইন্টার মায়ামি

এই সপ্তাহে শুরু হতে যাচ্ছে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ, যেখানে সকলের দৃষ্টি থাকবে লিওনেল মেসি এবং তাঁর দল ইন্টার মায়ামির দিকে। বর্তমান চ্যাম্পিয়নরা ১৫ বছরের মধ্যে প্রথম দল হিসেবে টানা দুইবার এমএলএস কাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামছে।

মায়ামির নিয়মিত মৌসুমটি খুব মসৃণ ছিল না। কোচ পরিবর্তন এবং ঘরের মাঠে হতাশাজনক পারফরম্যান্স তাদের ভোগান্তির কারণ হয়েছে। তবে ৩৯ বছর বয়সে মেসি বারবার প্রমাণ করেছেন, তাঁকে কখনো হিসাবের বাইরে রাখা সম্ভব নয়।

এই মৌসুমে ২৬ গোল এবং ১৭ অ্যাসিস্ট করে আর্জেন্টাইন তারকা টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট অর্জন করেছেন। পাশাপাশি তিনি টানা তৃতীয়বারের মতো এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড় (এমভিপি) হওয়ার দৌড়েও রয়েছেন।

তবে মায়ামিকে শুধু মেসির উপর নির্ভরশীল বলা যাবে না। উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ এই মৌসুমে ১৭ গোল করেছেন, এবং ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোও দলের অন্যতম ভরসা। তাদের সম্মিলিত অবদানে মায়ামি ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে।

এমএলএসের প্রথম দল হিসেবে টানা দুইবার চ্যাম্পিয়ন হতে হলে মায়ামির প্রয়োজন মেসির আরও কিছু জাদুকরী পারফরম্যান্স। গত মৌসুমে তাঁর ছয় গোল এবং নয় অ্যাসিস্টের মাধ্যমে দলটি প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছিল।

বাংলাদেশ সময় রোববার ভোর ৫টায় ঘরের মাঠে কলম্বাস ক্রুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে ইন্টার মায়ামি।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে ওয়াইল্ড-কার্ড ম্যাচ দিয়ে এক মাসব্যাপী এমএলএস প্লে-অফ শুরু হবে। অরল্যান্ডো সিটি মুখোমুখি হবে এফসি সিনসিনাটির, এবং সিয়াটল সাউন্ডার্স খেলবে রিয়েল সল্ট লেকের বিরুদ্ধে।

অপ্রতিরোধ্য ন্যাশভিল

মায়ামির পথে সবচেয়ে বড় বাধা হতে পারে ইস্টার্ন কনফারেন্সের প্রতিদ্বন্দ্বী ন্যাশভিল এসসি। দুর্দান্ত মৌসুম কাটিয়ে তারা প্রথমবারের মতো এমএলএস কাপ জয়ের স্বপ্ন দেখছে।

সাপোর্টার্স শিল্ড জয়ের পথে ন্যাশভিল ৭৭ পয়েন্ট সংগ্রহ করে এমএলএসের এক মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড স্থাপন করেছে। মিডফিল্ডার হ্যানি মুখতার এবং ফরোয়ার্ড স্যাম সারিজ মিলে এই মৌসুমে ৩৮ গোল করেছেন। এছাড়া পুরো মৌসুমে তারা ঘরের মাঠে অপরাজিত থেকেছে।

তবে ইতিহাস ন্যাশভিলের পক্ষে নয়। গত ১৪ মৌসুমে সাপোর্টার্স শিল্ড জয়ী মাত্র দুটি দল এমএলএস কাপ জিততে সক্ষম হয়েছে।

অরল্যান্ডো সিটি ও সিনসিনাটির মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে প্লে-অফ অভিযান শুরু করবে ন্যাশভিল।

প্রতিশোধের অপেক্ষায় ভ্যাঙ্কুভার

ওয়েস্টার্ন কনফারেন্সে শীর্ষ বাছাই ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস গতবারের ফাইনালের হতাশা ভুলে এবার শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে।

গত বছর এমএলএস কাপ ফাইনালে মায়ামির কাছে ৩-১ গোলে পরাজিত হয়ে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছিল। এবার সেই হার ভুলিয়ে দেওয়ার লক্ষ্য ভ্যাঙ্কুভারের।

ইয়েসপার সোরেনসেনের দলটি নিজেদের ইতিহাসের সেরা মৌসুম কাটিয়েছে। প্রথমবারের মতো ওয়েস্টার্ন কনফারেন্সের নিয়মিত মৌসুমের শিরোপা জয়ের পাশাপাশি ক্লাব রেকর্ড গড়েছে সর্বাধিক জয় (১৯), সর্বাধিক পয়েন্ট (৬৪) এবং সর্বাধিক গোল (৭৪) করার কীর্তিতে।

তবে মৌসুমের মাঝপথে মার্কিন মিডফিল্ডার সেবাস্টিয়ান বেরহাল্টারের বিদায় দলটির জন্য একটি ধাক্কা হতে পারে। পাশাপাশি জার্মান তারকা থমাস মুলারকে পুরোপুরি ফিট থাকতে হবে, যদি ভ্যাঙ্কুভার এবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চায়।

বাংলাদেশ সময় সোমবার সকালে সিয়াটল সাউন্ডার্স ও রিয়েল সল্ট লেকের মধ্যকার ম্যাচের বিজয়ীর বিপক্ষে খেলবে ভ্যাঙ্কুভার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৪ পি.এম


বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুল ওয়াদুদের ইন্তেকাল

বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি এবং জেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত বিশিষ্ট শ্রমিক নেতা মো. আব্দুল ওয়াদুদ (৬৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় হৃদরোগে আক্রান্ত হয়ে বগুড়া শহরের নারুলী মধ্যপাড়ার নিজ বাসভবনে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মরহুমের জানাজা নারুলী মধ্যপাড়া রেললাইন সংলগ্ন বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অথবা নারুলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মো. রোস্তম আলী, বগুড়া শহর যুবদলের সাধারণ সম্পাদক ও বগুড়া কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি আদিল শাহরিয়ার গোর্কি, বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি মো. ইমরান হোসেন সুলতান, নারুলী উত্তরণ উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আলতাফ হোসেন প্রধান, নারুলী বুদা প্রামাণিক কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সাধারণ সম্পাদক ফাইদুল আহাদ রুমি এবং নারুলী মধ্যপাড়া জামে মসজিদের সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক জুয়েল সরকার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্রিমিয়া সেতুতে হামলা, যান চলাচল বন্ধ, রেল চলাচল শুরু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৫ পি.এম


ক্রিমিয়া সেতুতে হামলা, যান চলাচল বন্ধ, রেল চলাচল শুরু

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অধিকৃত ক্রিমিয়ার সেতু, যা রাশিয়ার সঙ্গে সংযুক্ত, সেখানে আবারও হামলা হয়েছে। বুধবার স্থানীয় একজন রুশ কর্মকর্তা এই তথ্য প্রকাশ করেন। দুই দিন আগে ইউক্রেনের হামলায় সেতুটির ব্যাপক ক্ষতি হয়েছিল।

ক্রিমিয়ার প্রধান সের্গেই আকসিওনভ তার টেলিগ্রাম অ্যাকাউন্টে উল্লেখ করেন, ‘ক্রিমিয়া সেতুতে নতুন হামলার পর সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সংশ্লিষ্ট সব সেবা সংস্থার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং কাজ করছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।’

এ খবরটি মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে চীনে অনুষ্ঠিতব্য নজিরবিহীন বৈঠকের কয়েক ঘণ্টা আগে এই হামলা সংঘটিত হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করার পর ক্রিমিয়া সেতু ইউক্রেনের অন্যতম প্রধান লক্ষ্যবস্তু হয়ে উঠেছে। মঙ্গলবার ইউক্রেন সেতুটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে বড় ধরনের হামলা চালায়।

ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউ জানায়, সেতুর একটি ধাতব খিলান এবং নিচের সড়ক অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, সেতুটির ওপর দিয়ে এক লাইনে রেল চলাচল আবার শুরু হয়েছে। অন্য অংশে মেরামতের কাজ চলছে।

সেতুটি পুতিনের শাসন এবং রাশিয়ার ক্রিমিয়া দখলের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি ওই অঞ্চলে রসদ সরবরাহের অন্যতম প্রধান পথও।

এর আগে সেতুটিতে কয়েকবার হামলা হয়েছে। ২০২২ সালের অক্টোবরে বিস্ফোরকবোঝাই একটি ট্রাকে বিস্ফোরণের ঘটনায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এতে কয়েক মাস ধরে সেতুটিতে চলাচল ব্যাহত হয়েছিল।

রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয়ার মাধ্যমে দেশটির পূর্বাঞ্চলে কিয়েভের বাহিনী এবং রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে প্রাণঘাতী সংঘাতের সূচনা করে, যা পরবর্তীতে বড় ধরনের যুদ্ধে রূপ নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%