ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত


নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি নারী সিনেটর আবের কাওয়াস নির্বাচিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের ইতিহাসে প্রথম ফিলিস্তিনি এবং প্রথম মুসলিম নারী সিনেটর হিসেবে আবের কাওয়াস নির্বাচিত হয়েছেন। গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হয়ে ৩৪ বছর বয়সে নতুন ইতিহাস গড়েছেন।

নির্বাচনে জয়লাভের পর নিউইয়র্কের একটি বারে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) কয়েকশ নেতাকর্মী ও সমর্থকের সামনে আবের কাওয়াস উচ্ছ্বসিত কণ্ঠে বলেন, ‘আপনারা সবাই নিউইয়র্ক সিনেটের ইতিহাসে প্রথম ফিলিস্তিনিকে নির্বাচিত করেছেন।’

এ সময় সমর্থকদের মধ্যে ‘আবের! আবের! আবের!’ স্লোগানে পুরো আয়োজনস্থল মুখর হয়ে ওঠে। তার পরনে ছিল সোনালি ও লাল রঙের ঐতিহ্যবাহী ফিলিস্তিনি সূচিকর্ম ‘তাতরিজ’ করা একটি ব্লেজার।

আরও পড়ুন: জাপানের কৃষি খাতে বিদেশি শ্রমিকের চাহিদায় এগিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলো

কাওয়াস নিউইয়র্ক অঙ্গরাজ্যের ১২ নম্বর সিনেট নির্বাচনি এলাকা থেকে জয়ী হয়েছেন। উত্তর-পশ্চিম কুইন্সের এই এলাকায় নিউইয়র্ক শহরের অন্যতম বৃহৎ আরব জনগোষ্ঠীর বসবাস রয়েছে। এখানে প্রায় অর্ধেক বাসিন্দার জন্ম যুক্তরাষ্ট্রের বাইরে।

রিপাবলিকান প্রার্থী হান খোন তোকে ৭৪ দশমিক ৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন কাওয়াস। নির্বাচনে জয়লাভের পর সমর্থকদের সঙ্গে উদযাপনের সময় ‘ফ্রি, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানও ওঠে। কাওয়াসের প্রচার দলের ডিএসএ সংগঠক স্তাইলিয়ানস কারোলিদিস জানান, শুরুতে কাওয়াস মোটেও নির্বাচনে প্রার্থী হতে চাননি। তাকে রাজি করাতে ডিএসএ নেতাকর্মীদের দীর্ঘদিন ধরে অনুরোধ করতে হয়েছে।

নিউইয়র্কের বর্তমান মেয়র জোহরান মামদানি অঙ্গরাজ্যের আইনসভায় দায়িত্ব পালন করার সময় কাওয়াসের সঙ্গে কাজ করেছিলেন। ফলে মামদানির কাছে কাওয়াসের সাংগঠনিক দক্ষতার ব্যাপারে আগে থেকেই ধারণা ছিল।

কাওয়াস জানান, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে নিজের অবস্থানের সঙ্গে আপস না করে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে কি না, তা নিয়ে শুরুতে তার সংশয় ছিল। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন তাকে নির্বাচনে আসতে উৎসাহিত করে। তিনি বলেন, ‘আমার মনে হয়েছিল, ফিলিস্তিনপন্থি অবস্থানই নির্বাচনে অংশ নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’

আরও পড়ুন: ভানুয়াতু দ্বীপপুঞ্জে ৬.৫ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

কাওয়াসের বিজয় ফিলিস্তিনপন্থি ও গণতান্ত্রিক সমাজতন্ত্রী প্রার্থীদের সাফল্যের ধারার অংশ। একই নির্বাচনে মিশিগান থেকে সিনেটর-নির্বাচিত হয়েছেন আবদুল এল-সায়েদ এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে মেয়র-নির্বাচিত হয়েছেন নিত্যা রমন।

ইনস্টিটিউট ফর মিডল ইস্ট আন্ডারস্ট্যান্ডিংয়ের নীতিবিষয়ক প্রকল্পের নির্বাহী পরিচালক মার্গারেট ডিরিউস মন্তব্য করেন, ‘এই মধ্যবর্তী নির্বাচন দেখিয়েছে, ফিলিস্তিনিদের অধিকারসহ মানবাধিকারের পক্ষে অবস্থান নেওয়াও একটি নির্বাচনে জয়ী হওয়ার মতো রাজনৈতিক কর্মসূচি হতে পারে।’

শৈশবের সংগ্রাম থেকেই রাজনীতিতে আসা

কাওয়াসের বাবা-মা দুজনই ফিলিস্তিন থেকে বাস্তুচ্যুত হয়েছিলেন। ১৯৪৮ সালে তার বাবা এবং ১৯৬৭ সালে মা নিজেদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হন। পরে জর্ডানে প্রতিবেশী হিসেবে বেড়ে ওঠা দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ে করে ১৯৯০-এর দশকে শিশুপুত্রকে নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তারা। পরবর্তী সময়ে তাদের সংসারে আরও তিন কন্যাসন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তৃতীয় আবের।

আরও পড়ুন: ইরাকে দুর্নীতিবিরোধী অভিযানে ২.৫ বিলিয়ন ডলার উদ্ধার

পরিবারের মধ্যমণি হয়ে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে হাসতে হাসতে কাওয়াস বলেন, ‘এ কারণেই হয়তো রাজনীতিবিদের মতো অনেক কৌশল আমার জানা আছে।’

তবে তার শৈশব খুব একটা সহজ ছিল না। সপ্তম শ্রেণিতে পড়ার সময় তার বাবা যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসের (আইসিই) হাতে আটক হন। ৯/১১-পরবর্তী সময়ে নিউইয়র্কের মুসলিম পরিবারগুলোর জন্য এ ধরনের ঘটনা নিয়মিত হয়ে উঠেছিল বলে জানান তার মা মানাল আবু সামাহা।

বাবা আটক থাকায় পরিবারের সদস্যদের সপ্তাহান্তে কারাগারে গিয়ে তার সঙ্গে দেখা করতে হতো। এতে আর্থিক ও পারিবারিক সংকটে পড়ে পরিবারটি। কাওয়াসের মা বলেন, ‘ইচ্ছা থাকুক বা না থাকুক, আমাকে কাজ করতে হয়েছে। একই সঙ্গে পরিবারের পুরুষ ও নারী, বাবা ও মা—সব দায়িত্বই পালন করতে হয়েছে।’

কৈশোরে পরিবারের সমস্যার কথা তুলে ধরতে তিনি নিউইয়র্কের অ্যালবানিতে আইনপ্রণেতাদের কাছে গিয়েছিলেন। তার বড় ভাইয়ের মতো কাগজপত্রহীন শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ বাড়ানোর দাবি জানিয়েছিলেন। কিন্তু সে সময় আইনপ্রণেতারা তার কথায় তেমন আগ্রহ দেখাননি বলে স্মৃতিচারণ করেন তিনি।

আরও পড়ুন: স্পেনের নির্বাচনে কঠিন চ্যালেঞ্জের মুখে সানচেজ, তবুও ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা

কাওয়াসের মতে, সেই অভিজ্ঞতাই তাকে অধিকার আদায়ের আন্দোলনে যুক্ত হতে এবং পরবর্তী সময়ে রাজনীতিতে আসতে অনুপ্রাণিত করেছে। তিনি বলেন, ‘ব্যবস্থাকে পুরোপুরি ভেঙে ফেলার বিষয় নয়, বরং মানুষের বাস্তব ও তাৎক্ষণিক প্রয়োজনগুলো পূরণ করাই গুরুত্বপূর্ণ। সম্ভবত এটাই আমাকে নির্বাচনে আসার প্রাথমিক অনুপ্রেরণা দিয়েছে।’

মামদানি ও ডিএসএর সমর্থনে ঐতিহাসিক জয়

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ডিএসএর সমর্থন নিয়ে নির্বাচনি প্রচার চালান কাওয়াস। তার প্রচার শিবিরের দাবি, এক হাজারের বেশি স্বেচ্ছাসেবক বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছেন, ফোন করেছেন এবং প্রচারে অংশ নিয়েছেন।

তাদের প্রচারের অন্যতম বিষয় ছিল সাশ্রয়ী আবাসন, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন। পাশাপাশি ফিলিস্তিনের প্রতি সংহতি এবং দেশটির মানুষের অধিকার প্রতিষ্ঠার দাবিও ছিল প্রচারের গুরুত্বপূর্ণ অংশ।

আরও পড়ুন: ইরানে দ্রুত হামলা চালাতে ট্রাম্পকে নেতানিয়াহুর চাপ, কী ভাবছে ওয়াশিংটন

কাওয়াস জানান, ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিলে রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে—মামদানিকে এমন সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু বাস্তবে এ অবস্থানই ভোটারদের আস্থা অর্জনে সহায়তা করেছে। মামদানির অভিজ্ঞতা দেখে তিনিও রাজনৈতিক বিশ্বাসের সঙ্গে আপস করার ভয় কাটিয়ে ওঠেন।

কমিউনিটি সংগঠক ডরিন মোহাম্মদ বলেন, ‘আমি আবের কাওয়াসকে ভোট দিয়েছি, কারণ ফিলিস্তিনের মুক্তির প্রশ্নটি যুক্তরাষ্ট্র ও নিউইয়র্কের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযুদ্ধ এবং মৌলিক প্রয়োজন থেকে আলাদা নয়। ফিলিস্তিনের পক্ষে আবেরের স্পষ্ট অবস্থানই আমাদের সর্বত্র আরও বেশি প্রয়োজন।’

তবে ফিলিস্তিনের পক্ষে কাওয়াসের অবস্থান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে কতটা প্রভাব ফেলতে পারবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক গবেষক ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানী সামি সুলায়মান বলেন, নির্বাচনি রাজনীতির প্রতি অনেকেরই যথার্থ সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের ইসরাইলকে সব ধরনের সহায়তা বন্ধ করতে এই নতুন রাজনৈতিক শক্তি কাজে লাগানো যাবে কি না, সেটিই হবে প্রকৃত পরীক্ষা।

আরও পড়ুন: বেপিকলম্বো মহাকাশযান বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে, গুরুত্বপূর্ণ তথ্যের প্রত্যাশা

কাওয়াসও স্বীকার করেছেন, এ ক্ষেত্রে আইনসভার নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘প্রকৃত চ্যালেঞ্জ হবে নেতৃত্বের রাজনৈতিক সদিচ্ছা। আইনসভায় আমরা (ডিএসএ) এখনও সংখ্যালঘু।’

প্রথম লক্ষ্য ইসরাইলি বসতি নিয়ে বিল পাস

সিনেটর হিসেবে দায়িত্ব নেওয়ার পর কাওয়াসের প্রথম অগ্রাধিকার হলো ‘নট অন আওয়ার ডাইম!’ (আমাদের অর্থে নয়) বিলটি নতুন করে উত্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া।

২০২৩ সালে তৎকালীন আইনপ্রণেতা জোহরান মামদানির সঙ্গে মিলে বিলটি তৈরি করেছিলেন তিনি। এর লক্ষ্য হলো, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের অবৈধ বসতি স্থাপনের কর্মকাণ্ডে নিউইয়র্কের অলাভজনক প্রতিষ্ঠানগুলোর অর্থায়ন বন্ধ করা।

এর আগে বিলটি প্রত্যাখ্যাত হলেও এখন তা আবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের সিনেটে উত্থাপন করা হয়েছে।

কাওয়াস মনে করেন, মানুষের সম্মিলিত আন্দোলনের মাধ্যমে পরিবর্তন সম্ভব। এ প্রসঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী শাসনব্যবস্থা বা অ্যাপার্টহাইডের অবসানে আন্দোলনকারীদের ভূমিকার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘মানুষের শক্তি যখন আপনার পেছনে থাকে, সেটিই আপনার সবচেয়ে বড় শক্তি। আর আপনাকে জবাবদিহি করতে হবে সেই মানুষের কাছেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুষ্টিয়ার মিরপুরে ভেজাল সার-কীটনাশকের সংকট, কৃষকরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


কুষ্টিয়ার মিরপুরে ভেজাল সার-কীটনাশকের সংকট, কৃষকরা বিপাকে

৩০ কেজির পরিবর্তে ৬০-৭০ কেজি সার ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন পাওয়া যাচ্ছে না। কৃষকদের অভিযোগ, দুইবারের পরিবর্তে ৫-৭ বার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে; দুই মাসের মধ্যে ১৮টি অভিযানে ২০ লাখ টাকার বেশি পণ্য জব্দ করা হয়েছে।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নকল ও ভেজাল সার-কীটনাশক নিয়ে কৃষকদের উদ্বেগ ক্রমশ বাড়ছে। জমিতে সার ও কীটনাশক প্রয়োগ করেও ফলন না পাওয়ার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আর ফসলের ফলন কমছে। মাঠপর্যায়ের কৃষকদের অভিযোগ, আগের তুলনায় দ্বিগুণেরও বেশি সার ব্যবহার করেও ফলন আশানুরূপ হচ্ছে না। একইভাবে পোকামাকড় দমনে দুইবারের পরিবর্তে পাঁচ থেকে সাতবার কীটনাশক প্রয়োগ করতে হচ্ছে।

এদিকে, উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের ধারাবাহিক অভিযানে অবৈধ সার ও কীটনাশকের গোডাউনের সন্ধান মিলছে। গত দুই মাসে উপজেলার বিভিন্ন এলাকায় ১৮টি অভিযানে ৫ লক্ষাধিক টাকার জরিমানা সহ ২০ লাখ টাকার বেশি মূল্যের কীটনাশকসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় কৃষি উপকরণের গুণগত মান ও নিয়ন্ত্রণব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মাঠপর্যায়ের কৃষকরা জানান, এক বিঘা জমিতে ধান চাষের জন্য আগে প্রায় ৩০ কেজি সার প্রয়োগ করলেই কাঙ্ক্ষিত ফলন পাওয়া যেত। বর্তমানে ৬০ থেকে ৭০ কেজি সার প্রয়োগ করেও ফলন মিলছে না। আগে যেখানে দুইবার কীটনাশক প্রয়োগ করেই ধানের পোকামাকড় নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল, সেখানে এখন পাঁচ থেকে সাতবার প্রয়োগ করতে হচ্ছে। ফলে সার ও কীটনাশক কেনার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। কৃষকদের ধারণা, বাজারে নকল ও নিম্নমানের সার-কীটনাশকের বিস্তার এর কারণ হতে পারে।

সম্প্রতি মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুদ করা সার ও বিপুল পরিমাণ কীটনাশক উদ্ধার করা হয়েছে, যা কৃষকদের অভিযোগকে আরও জোরালো করেছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর মিরপুরের নিমতলা বাজারে আশিকের একটি গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ তরল কীটনাশক জব্দ করা হয়।

এর পরদিন ২ নভেম্বর উপজেলার গোপালপুর গ্রামে মেসার্স বিআরপি এগ্রো নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অবৈধভাবে সারজাতীয় দ্রব্য মজুদ ও বিপণনের অভিযোগে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পিয়ারুল ইসলামকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রায় ৮ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়।

এ ছাড়া গত ৫ নভেম্বর মিরপুর পৌরসভার সুলতানপুর মহল্লায় ফজলে রাব্বির একটি গোডাউনে অভিযান চালিয়ে ১৯টি ব্র্যান্ডের বিপুল পরিমাণ সার ও কীটনাশক জব্দ করা হয়। পণ্যগুলোর গুণগত মান এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাইয়ের জন্য গোডাউনটি তালাবদ্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।

অবৈধ কৃষি উপকরণের মজুদ ও বিপণনের চিত্র সামনে এলেও বাজারে এসব পণ্যের সরবরাহ পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে কি না, তা নিয়ে কৃষকদের মধ্যে সংশয় রয়েছে। তাদের অভিযোগ, বাজারে আসল পণ্যের দাম দিয়েই সার ও কীটনাশক কিনতে হচ্ছে। অথচ প্যাকেট, বোতল কিংবা মোড়ক দেখে আসল ও নকল পণ্যের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব।

কৃষকদের ভাষ্য, জমিতে সার ও কীটনাশক প্রয়োগের পর প্রত্যাশিত ফল না পেলে ক্ষতির দায় নেওয়ার মতো কাউকে পাওয়া যায় না। এতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকলে ফসলের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জমির উর্বরতা ও কৃষকের আর্থিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।

কৃষকদের দাবি, শুধু অবৈধ গোডাউনে অভিযান চালিয়ে জরিমানা করলেই সমস্যার স্থায়ী সমাধান হবে না। এসব পণ্যের উৎস, উৎপাদনকারী প্রতিষ্ঠান, সরবরাহকারী ও বাজারজাতকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বাজারে বিক্রি হওয়া সার ও কীটনাশকের নমুনা সংগ্রহ করে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা করতে হবে। কৃষকদের জন্য আসল ও নকল কৃষি উপকরণ চেনার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, কৃষকদের অভিযোগ এবং বিভিন্ন গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার একাধিক সার ও কীটনাশকের গোডাউনসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, অবৈধভাবে সার মজুদ এবং নকল কীটনাশকসংক্রান্ত অপরাধের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে। এসব অভিযানে ২০ লাখ টাকার বেশি মূল্যের কীটনাশক জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্যসহ সংশ্লিষ্ট বিষয়গুলোর আইনগত প্রক্রিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সম্পন্ন করছেন।

তিনি আরও বলেন, মিরপুর উপজেলার কোথাও অবৈধভাবে সার মজুদ, নকল কীটনাশক উৎপাদন কিংবা বাজারজাত করতে দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে কাদের সিদ্দিকী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


ভাইয়ের মানবতাবিরোধী অপরাধ মামলার শুনানিতে কাদের সিদ্দিকী

মানবতাবিরোধী অপরাধের একটি মামলার শুনানিতে অংশগ্রহণ করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই এবং কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

তিনি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টা ২৫ মিনিটে ট্রাইব্যুনালে প্রবেশ করেন। গাড়ি থেকে নেমে ট্রাইব্যুনাল-২ এর এজলাসকক্ষে তাকে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় উপস্থিত সাংবাদিকদের ছবি তোলার চেষ্টা করলে কাদের সিদ্দিকীকে বলতে শোনা যায়, “এত ছবি তুলে কী হবে।”

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের এই মামলায় লতিফ সিদ্দিকীসহ মোট ৪১ জন আসামি রয়েছেন। এই দিন আসামিপক্ষের অব্যাহতি বা ডিসচার্জ চেয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


হযরত শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার হলেন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে। থাইল্যান্ডগামী থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি, সেই সময় তাকে আটক করা হয়।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিমানবন্দরে এই ঘটনা ঘটে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম সোমবার (২৩ নভেম্বর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইডেন আসলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে উপস্থিত ছিলেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সময় তাকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।

সূত্রের দাবি, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তার পাসপোর্ট নম্বরও সংবাদমাধ্যমকে জানানো হয়েছে।

তবে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বর্তমান অবস্থা, দেশত্যাগের উদ্দেশ্য এবং গ্রেপ্তারের পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনায় বিমানবন্দরের নিরাপত্তা ও ইমিগ্রেশন কার্যক্রম নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাকরির ইন্টারভিউ দিতে এসে তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০৫ পি.এম


চাকরির ইন্টারভিউ দিতে এসে তানিয়াকে আটক করে পুলিশে দিল ছাত্রদল

গাজীপুরের টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে আটক হয়েছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী তানিয়া আক্তার তাপসী।

রোববার (২২ নভেম্বর) সন্ধ্যার পর টঙ্গীবাজার সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়।

তানিয়া আক্তার তাপসী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির উপ-প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সাধারণ সম্পাদক পদপ্রার্থীও ছিলেন। সম্প্রতি গোপালগঞ্জের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে হকিস্টিক হাতে ছবি পোস্ট করে ভাইরাল হয়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় টঙ্গী সেনাকল্যাণ কমার্শিয়াল কমপ্লেক্সের সামনে আসার পর স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তানিয়া আক্তার তাপসীকে শনাক্ত করে আটক করেন এবং পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন।

এদিকে গোপালগঞ্জের সাম্প্রতিক অগ্নিসন্ত্রাস, হামলা-ভাঙচুর ও সংঘর্ষের প্রেক্ষাপটে তানিয়া আক্তার তাপসী হকিস্টিক হাতে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন। ছবিটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি আরিফুর রহমান বলেন, রোববার টঙ্গী কমার্শিয়াল কমপ্লেক্সে ইউএস বাংলা নামে একটি প্রতিষ্ঠানের চাকরির ইন্টারভিউ দিতে আসেন তানিয়া আক্তার তাপসী। এ সময় উপস্থিত স্থানীয় বিএনপি ও ছাত্রদলের নেত্রীরা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। যেহেতু তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, তাই তার নামে কতগুলো মামলা রয়েছে তা তদন্ত চলছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%