০৪:১৫ পি.এম
জাতীয় দলে অভিষেক হওয়ার পর সূর্যবংশী মুদ্রার উল্টো পিঠ দেখছেন।
এ যেন স্বর্গ থেকে সোজা নরকে পতন। তিন মাস আগে দোর্দন্ড প্রতাপে টি-২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম।
আরও পড়ুন: ভাতার টাকা ফেরত দিতে ১৯ নভেম্বর পর্যন্ত সময় দিল সমাজসেবা অধিদপ্তর
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে গিয়ে ভারতের লক্ষ্য ছিল নিজেদের টানা সিরিজ জয়ের রেকর্ডটা আরো বাড়ানো। কিন্তু ঘটনাপ্রবাহ একদম উল্টো হয়ে গেছে। বিশ্বকাপের পর ৬টি ম্যাচ খেলেও ভারতের জয় সম্ভব হচ্ছে না। আয়ারল্যান্ডের কাছে ২-০ ম্যাচে সিরিজ হারের চক্করে ভারত ইংল্যান্ডের কাছে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হয়েছে।
এক ম্যাচ বাকি থাকতেই ভারত হেরে বসে আছে ৩-০ তে। ভাগ্যিস সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টির কারণে ভেসে গিয়েছিল!
বিশ্বকাপ জেতা অধিনায়ক সূর্যকুমার যাদবকে অধিনায়কত্ব থেকে সরিয়ে শ্রেয়াস আইয়ারকে নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দিয়ে টি২০ ফরম্যাটে নতুন করে শুরু করতে চেয়েছিল ভারত। কিন্তু সেই চেষ্টা শুরুতেই মুখ থুবড়ে পড়েছে। ভারদের এই উল্টো রথে চড়ে বসায় বিস্মিত হয়েছেন অনেকেই। সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন সম্ভবত ভারতের রোগটা ধরতে পেরেছেন। তিনি বলেন, 'ইংল্যান্ড একেবারেই আলাদা। মনে রাখতে হবে এটা আইপিএল নয়। ভারত যত দ্রুত এটা বুঝবে, ততই তাদের জন্য মঙ্গল হবে। আইপিএলে আপনাকে প্রতি বলেই মারার চেষ্টা করতে পারেন। কিন্তু ইংল্যান্ডে বল সুইং করবে, উইকেটে বাউন্স থাকবে। পরিস্থিতি একদম আলাদা। ইংল্যান্ডের বোলাররাও বুঝে গেছে কাকে কীভাবে কাবু করতে হবে। আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে।'
২৩৭ স্ট্রাইক রেটে ৭৭৬ রান করে দলের সাথে আসা বৈভব সূর্যবংশীকে প্রথম তিন ম্যাচ বসিয়ে রাখা নিয়ে তুমুল সমালোচনা ছিল। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে সঞ্জু স্যামসনকে বাদ দিয়ে দলে নেয়া হয় বৈভবকে। কিন্তু তাতেও কিছু বদলায়নি। তিন ম্যাচে বৈভব করেছেন ১৪, ১৩ ও ১৫ রান। তবে মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স দেখে বিশ্বকাপের হিরো সঞ্জুকে বাদ দেওয়া নিয়ে এখন সমালোচনা চলছে। সাবেক ক্রিকেটার পার্থিব প্যাটেল বলেছেন, 'আপনারা আবেগে সিদ্ধান্ত নিয়েছেন, যুক্তিতে নয়। যুক্তিতে নিলে কিছুতেই স্যামসনকে বাদ দেওয়া যেতো না।'
আরও পড়ুন: মোহাম্মদপুরে মাদকসহ ছাত্রলীগের সাবেক নেতা গোলাম রব্বানী গ্রেফতার
ইংল্যান্ড সফর শেষে দেশে ফেরার পর ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড-বিসিসিআই দলের পারফরম্যান্স মূল্যায়নে বৈঠকে বসবে। বৈঠকে দলের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক শ্রেয়াস আইয়ারও উপস্থিত থাকবেন। বিসিসিআই সেক্রেটারি দেবজিত সাইকি বলেছেন, 'আমরা দলের পারফরম্যান্স নিবড়ভাবে অনুসরণ করছি। তবে এটা অস্বাভাবিক নয়, আন্তর্জাতিক ক্রিকেটে এটা হতেই পারে। আমরা এটাকে বাজে ফর্ম হিসেবেই বিবেচনা করছি। সিরিজের শেষে আমরা বসবো। সেখানে সবকিছু আলোচনা করে, ভুলগুলো চিহ্নিত করে দলকে সঠিক পথে ফিরিয়ে আনার কৌশল ঠিক হবে।'
তবে আপাতত বিসিসিআই দলের দুই ওপেনার অভিষেক শর্মা এবং বৈভব সূর্যবংশীর ছক্কা মারার প্রবণতায় কিছুটা রাশ টানতে চায়। অভিষেক শর্মা সিরিজে অন্য ব্যাটসম্যানদের তুলনায় ভাল খেললেও দলকে জেতানোর জন্য তা যথেষ্ট ছিল না। বিসিসিআইয়ের একটি সূত্র বলছে, অভিষেক ও বৈভবের ছক্কা মারার ক্ষমতা অসাধারণ হলেও তাদেরও একটু সংযত হওয়া উচিত।
সিরিজের চতুর্থ ম্যাচে হারার পর প্রধান কোচ গৌতম গম্ভীরকে দেখা গেছে বৈভব সূর্যবংশীর সাথে দীর্ঘ সময় আলাপ করতে। সেখানে তিনি বিসিসিআইয়ের বার্তা পৌঁছে দিয়েছেন কি না, তা জানা যায়নি। কিন্তু আজ সন্ধ্যায় সিরিজের শেষ ম্যাচে ভারত তাদের হারানো গৌরব কিছুটা পুনরুদ্ধার করতে পারে কিনা, সেটার জন্য অপেক্ষা করতে হবে।
আরও পড়ুন: ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন