ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

দুদকের আশা, দেশে ফিরে মামলাগুলো মোকাবিলা করবেন হাসিনা


দুদকের আশা, দেশে ফিরে মামলাগুলো মোকাবিলা করবেন হাসিনা

জুলাই গণঅভ্যুত্থানের ফলে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে দুর্নীতির মামলাগুলোর মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার ও বিচারের জন্য আদালতের কাছে আবেদন করবে সংস্থাটি। যদি তিনি স্বেচ্ছায় দেশে না ফেরেন, তবে তাকে ফিরিয়ে আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে।

মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানান দুদক সচিব সাইদুর রহমান খান।

তিনি বলেন, ‘আমরা যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছি, তিনি আইনিভাবে মোকাবিলা করবেন, এটা আমরা প্রত্যাশা করি। আমরা আশা করব, তিনি ফিরে এসে আমাদের মামলাগুলো মোকাবিলা করবেন। যদি তিনি আইনি মোকাবিলায় না আসেন, তাহলে আইনগতভাবে তাকে আনার যে উদ্যোগ, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার, সেই প্রক্রিয়া অবলম্বন করব।’

আরও পড়ুন: গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ

ইন্টারপোলের সহায়তা নেওয়ার বিষয়ে দুদক সচিব উল্লেখ করেন, শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারি, তাকে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের সহায়তা প্রয়োজন হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে যেতে হবে। এই প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণসহ আদালতের কাছে আবেদন করা হবে। আদালত আইনি প্রক্রিয়া অনুসরণ করে গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দুদক সূত্রে জানা যায়, শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭টি মামলার তদন্ত চলছে এবং সাতটিতে অভিযোগপত্র দেওয়া হয়েছে। পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ছয়টি মামলার রায় ইতোমধ্যে হয়েছে। এসব মামলায় ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দ, অবৈধ সম্পদ অর্জন, অর্থ আত্মসাৎ ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


পবার বাড়ি থেকে পানির পাম্প ও বৈদ্যুতিক তার চুরি
রাজশাহীর পবা উপজেলার পশ্চিম পুঠিয়াপাড়ায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গত ২২ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে আনসার ক্যাম্পের পেছনে অবস্থিত ওই বাড়ি থেকে পানির পাম্প, লোহার টিউবওয়েল ও পাপড় তৈরির বড় কড়াই চুরি করে দুর্বৃত্তরা। এ সময় ঘরের বৈদ্যুতিক তারও কেটে নিয়ে যায় তারা।

বাড়ির মালিক মোঃ সাইদুর রহমান জানান, তাঁর স্ত্রী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় বাড়িটি ফাঁকা ছিল। এ সুযোগে দুর্বৃত্তরা এসব মালামাল চুরি করে। এ ঘটনায় চরম অসহায়ত্ব প্রকাশ করে প্রতিকার দাবি করেছেন তিনি।#
 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩৫ বছরের শিক্ষকতা শেষে বিপ্লব সরকারের রাজকীয় বিদায় ঘোড়ার গাড়িতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


৩৫ বছরের শিক্ষকতা শেষে বিপ্লব সরকারের রাজকীয় বিদায় ঘোড়ার গাড়িতে

৩৫ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি টেনে চট্টগ্রামের বোয়ালখালীর শিক্ষক বিপ্লব সরকার একটি ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা গ্রহণ করেছেন। দীর্ঘ কর্মজীবনের স্বীকৃতি হিসেবে তিনি সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার পেয়েছেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে আবেগঘন পরিবেশ তৈরি হয়। সংবর্ধনা শেষে বিপ্লব সরকার সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।

১৯৯১ সালে পটিয়ার মুকুট নাইট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন বিপ্লব সরকার। ১৯৯৩ সালে তিনি গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন। এরপর দীর্ঘ সময় ধরে বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। গত ২১ সেপ্টেম্বর তিনি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন। মঙ্গলবার তার ৩৫ বছরের শিক্ষকতা জীবনের সমাপ্তি ঘটে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শওকত আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেলী নৌশীন প্রত্যাশা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সালমা ইসলাম।

বিদায়ি বক্তব্যে বিপ্লব সরকার তার পারিবারিক ও কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি জানান, তার বাবা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন এবং বাবার একটি দর্জির দোকান ছিল। তার দুই ভাইবোনও শিক্ষকতা পেশায় যুক্ত হয়েছেন।

তিনি সুস্থভাবে শিক্ষকতা জীবন শেষ করতে পারায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দায়িত্ব পালন করতে গিয়ে অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করেন।

বিপ্লব সরকার বলেন, ‘প্রধান শিক্ষক আর ব্যক্তি বিপ্লব সরকার কিন্তু এক নয়। প্রধান শিক্ষকের চেয়ারে বসে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু করতে হয়। অজান্তে কারো মনে কষ্ট দিয়ে থাকলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।’

শিক্ষকতা জীবনে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দায়িত্ব পালন করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অনেক কাজ করার ইচ্ছা থাকলেও পরিস্থিতির কারণে তা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে লিবিয়ার নাজুক পুনরেকত্রীকরণ প্রক্রিয়া ঝুঁকিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৯ পি.এম


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে লিবিয়ার নাজুক পুনরেকত্রীকরণ প্রক্রিয়া ঝুঁকিতে

লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ যুদ্ধজাহাজে সাম্প্রতিক হামলার ফলে দেশটির বিভক্ত রাজনৈতিক অঙ্গনের দুই পক্ষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার (২২ নভেম্বর) রাতে বেনগাজি উপকূলে রুশ নৌবাহিনীর কর্ভেট জাহাজ 'মার্কুরি'তে ড্রোন হামলার দায় স্বীকার করেছেন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধ ও বিভক্তির পর লিবিয়াকে ঐক্যবদ্ধ করার যে নাজুক প্রচেষ্টা চলছে, এই প্রকাশ্য সামরিক হামলা তা বিপন্ন করতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির উভয় পক্ষের কর্মকর্তারা।

২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকে লিবিয়ার রাজনৈতিক নিয়ন্ত্রণ মূলত দুটি প্রতিদ্বন্দ্বী প্রশাসনের হাতে ভাগ হয়ে আছে। পশ্চিমাঞ্চলীয় শহর ত্রিপোলিতে অবস্থান করছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত 'গভর্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি' (জিএনইউ), যার নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা। অন্যদিকে পূর্বাঞ্চলীয় বেনগাজিতে সক্রিয় রয়েছে সামরিক কমান্ডার খলিফা হাফতারের নেতৃত্বাধীন প্রশাসন ও তার অনুগত বাহিনী।

লিবিয়ায় রাশিয়া ও ইউক্রেনের উপস্থিতি : হাফতার দীর্ঘদিন ধরে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছেন। অভিযোগ রয়েছে, মস্কো হাফতারের বাহিনীকে অস্ত্র, ভাড়াটে যোদ্ধা ও কূটনৈতিক সহায়তা দিয়ে পূর্বাঞ্চলে তার অবস্থান সুসংহত করতে সাহায্য করেছে। বিনিময়ে লিবিয়ার বন্দর, বিমানবন্দর, রসদ সরবরাহ ও স্থলপথ ব্যবহার করে সাহেল ও মধ্য আফ্রিকায় নিজেদের সামরিক ও কৌশলগত উপস্থিতি ধরে রেখেছে রাশিয়া। ২০২৪ সালের ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পর ভূমধ্যসাগর ও আফ্রিকায় রাশিয়ার লজিস্টিক হাব হিসেবে পূর্ব লিবিয়ার গুরুত্ব আরও বেড়েছে বলে মনে করেন আটলান্টিক কাউন্সিলের গ্লোবাল সিকিউরিটির নন-রেসিডেন্ট ফেলো রুসলান ট্রাদ। বর্তমানে লিবিয়ায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ 'আফ্রিকা কর্পস'-সহ প্রায় ১ হাজার থেকে ১ হাজার ৮০০ রুশ সদস্য অবস্থান করছেন বলে ধারণা করা হয়।

অন্যদিকে, রাশিয়ার প্রভাবের ভারসাম্য রাখতে ত্রিপোলির জিএনইউ প্রশাসন তুরস্কের পাশাপাশি ইউক্রেনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে। ২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের নিন্দা জানানো একমাত্র আরব দেশ ছিল লিবিয়া। পরবর্তীতে জিএনইউ বাহিনীকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দিতে ইউক্রেনীয় বাহিনীর উপস্থিতি তৈরি হয়। যদিও সাম্প্রতিক সময়ে ভূমধ্যসাগরে রুশ-সংশ্লিষ্ট জাহাজে একাধিক হামলার পেছনে ইউক্রেনের হাত রয়েছে বলে মস্কো অভিযোগ করে আসছিল, তবে বেনগাজির হামলার দায় স্বীকারের মাধ্যমে ইউক্রেন প্রথমবারের মতো এ বিষয়ে সরাসরি অবস্থান স্পষ্ট করেছে।

ঐক্য প্রক্রিয়া ও সামনের শঙ্কা : ২০২৫ সাল থেকে লিবিয়ার বিবদমান দুই পক্ষের মধ্যে রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক প্রতিষ্ঠান একীভূত করার উদ্যোগে কিছুটা অগ্রগতি দেখা যায়। গত এপ্রিলে এক দশকেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো লিবিয়ায় অভিন্ন জাতীয় বাজেট পাস হয়। এরপর ৩০ আগস্ট জাতিসংঘের মধ্যস্থতায় একক নির্বাহী কর্তৃপক্ষের অধীনে আগামী ২৪ মাসের মধ্যে প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচন আয়োজনে সম্মত হয় দুই পক্ষ।

দোহাভিত্তিক সেন্টার ফর কনফ্লিক্ট অ্যান্ড হিউম্যানিটারিয়ান স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো স্যামসন মিল্টন মনে করেন, এই কাঠামোটি সাম্প্রতিক বছরগুলোতে রাজনৈতিক সমাধানের সবচেয়ে স্পষ্ট সুযোগ তৈরি করেছে এবং কেবল বেনগাজির হামলাতেই এই আলোচনা ভেস্তে যাবে বলে তিনি মনে করেন না। লিবীয় রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষক ওসামা কুব্বারও মনে করেন, এটি ইউক্রেনের স্বতন্ত্র পদক্ষেপ হলে পুনরেকত্রীকরণ প্রক্রিয়ায় বড় ধরনের ব্যাঘাত নাও ঘটতে পারে।

তবে বিশ্লেষকদের বড় অংশ সতর্ক করেছেন, এই ঘটনায় রাশিয়া ও হাফতার পরিবার উভয়ই পাল্টা প্রতিক্রিয়া বা প্রতিশোধ নেওয়ার চাপে পড়বে। জাতিসংঘের চুক্তির আওতায় গঠিত প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের সদস্য মুসা আল-কোনি এই হামলাকে 'সন্ত্রাসী কর্মকাণ্ড' আখ্যা দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলারসহ কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ত্রিপোলি ও বেনগাজি—উভয় প্রশাসনই জানিয়েছেন, তারা রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে লিবিয়ার উপকূলে টেনে আনতে চায় না। ফলে লিবিয়ায় ইউক্রেনের উপস্থিতি ও কর্মকাণ্ডের পরিসর ভবিষ্যতে সংকুচিত হওয়ার চাপ বাড়তে পারে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তাগাছায় বিয়ের চাপ দেয়ায় ১৩ বছরের কিশোরীকে হত্যা, প্রেমিক গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


মুক্তাগাছায় বিয়ের চাপ দেয়ায় ১৩ বছরের কিশোরীকে হত্যা, প্রেমিক গ্রেফতার

ময়মনসিংহের মুক্তাগাছায় বিয়ের জন্য চাপ দেয়ার কারণে ১৩ বছর বয়সি এক কিশোরীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার প্রেমিক আকিবুলকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের পোড়াবাড়ী এলাকার একটি আসবাবের দোকান থেকে আকিবুলকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৪ নভেম্বর) মুক্তাগাছা থানা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেফতার আকিবুল উপজেলার দাওগাঁও নামাপাড়া এলাকার আবদুল লতিফের ছেলে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে জানা যায়, আকিবুলের সঙ্গে ওই কিশোরীর দুই বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি কিশোরী আকিবুলকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল। গত ১৭ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কিশোরীকে তার নানার বাড়ির পেছন থেকে ডেকে নিয়ে যায় আকিবুল। গল্প করতে করতে তারা দুজন বাড়ি থেকে কিছু দূরে খালপাড়ের ধানখেতে যায়। সেখানে তাদের মধ্যে কথাকাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

একপর্যায়ে কিশোরী জাকিয়া আকিবুলকে চড় মারলে ক্ষুব্ধ হয়ে আকিবুল তার গলা চেপে ধরলে সে অচেতন হয়ে পড়ে। এরপর কিশোরীর ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে আকিবুল। হত্যার পর মরদেহটি একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে রেখে দুটি কলাগাছ দিয়ে ঢেকে দিয়ে সে বাড়ি চলে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর সন্ধ্যার দিকে নানার বাড়ি থেকে নিখোঁজ হয় ওই কিশোরী। পরদিন বেলা ১১টার দিকে দাওগাঁও নামাপাড়া এলাকার একটি মৎস্য খামারের পাশে ধানখেতের আইলে তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মুক্তাগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, ‘শুরুতে কিশোরী হত্যার কোনো ক্লু (যোগসূত্র) মিলছিল না। চাঞ্চল্যকর ঘটনাটি নিয়ে তদন্ত শুরুর পর অভিযুক্ত তরুণের সঙ্গে সম্পর্কের তথ্য আসে। সোমবার আকিবুলকে আটকের পর জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করে। পরে তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%