০৩:২১ পি.এম
জামালপুরে ইশরাত জাহান মিমি (৩৪) নামে এক গৃহবধূ হত্যার রহস্য উদঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় প্রধান আসামি কাউসার আহমেদ খানকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে জেলা শহরের বাগেরহাটা এলাকায় পিবিআই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই জামালপুরের পুলিশ সুপার পংকজ দত্ত।
সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৩ আগস্ট সকালে জামালপুর শহরের পাঁচরাস্তা মোড় এলাকার কলাবাগান গলিতে বাবুল মিয়ার বাড়ির পাঁচ তলায় ইশরাত জাহান মিমি নামের এক গৃহবধূর মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে জানা যায়- নিহত ইশরাত জাহান মিমি এবং গ্রেপ্তার কাউসার আহমেদ খান স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। এরপর নিহতের মা মুক্তা বেগম কাউসার আহমেদ খানসহ অজ্ঞাত দুই জনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে মামলাটির তদন্ত শুরু করে পিবিআই।
আরও পড়ুন: খুলনায় রেস্টুরেন্টে গুলিবর্ষণের ঘটনায় দু'জন গ্রেফতার
তদন্তে জানা যায়, ২০১৪ সালে ইশরাত জাহানের সঙ্গে শাওন নামে এক ব্যক্তির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে একজন মেয়ে ও একজন ছেলে সন্তান জন্ম নেয়। ইশরাতের স্বামী শাওন ২০২১ সালে মারা গেলে ইশরাত তার দুই সন্তানদের নিয়ে জামালপুর শহরে বসবাস করতে থাকেন। প্রায় ৩ বছর আগে কাউসার আহমেদ খানের মনোহারী দোকানে কেনা কাটা করার সুবাদে ইশরাতের সঙ্গে পরিচয় হয়। এক সময় ইশরাত দোকানের বকেয়া টাকা পরিশোধ করার জন্য কাউসারকে তার বাসায় ডেকে নিয়ে শারীরিক সম্পর্কে জড়ান এবং বিষয়টি গোপনে ভিডিও করে রাখেন ইশরাত। পরবর্তীতে সেই ভিডিও দিয়ে কাউসারকে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের অর্থ আদায় করতে থাকেন। এভাবে আসামি কাউসার তার সঞ্চিত অর্থ শেষ করার পর জামালপুর শহরে তার বাড়ির জমি বিক্রিসহ মা ও স্ত্রীর স্বর্ণালংকার বিক্রির অর্থ ইশরাতের হাতে তুলে দেন।
এ ছাড়াও ইশরাত ব্ল্যাকমেইল করার জন্য বিভিন্ন লোকজনদেরকে টার্গেট করতেন এবং কাউসারকে সেসব লোকদের ফাঁদে ফেলে বাসায় নিয়ে আসতে চাপ প্রয়োগ করতেন। এক পর্যায়ে কাউসার এসব কাজ করতে অস্বীকৃতি জানালে ইশরাত ও কাউসারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়।
পুলিশ সুপার পংকজ দত্ত জানান, ঘটনার দিন ইশরাত আসামি কাউসারকে ফোন করে তার ভাড়া বাসায় ডেকে নিয়ে যায় এবং কাউসারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করলে তাদের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ইশরাত কাউসারের স্ত্রীকে ফোন দিয়ে তাদের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে দেন। কাউসার তার সঙ্গেই আছে এমন কথা বলে কাউসারকে তার স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলিয়ে দিতে চাইলে কাউসার কথা বলতে না চাওয়ায় তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে কাউসার ইশরাতের গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এরপর পিবিআই তথ্য প্রযুক্তির সহায়তায় কাউসার আহমেদ খানকে সোমবার (২৪ আগস্ট) বিকেল জামালপুর শহরের বাগেরহাটা এলাকা থেকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: প্রেমের টানে গুজরাট থেকে বরিশালে তরুণ, ১৭ বছরের কিশোরীকে বিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন