ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার


রোহিঙ্গা ক্যাম্পে রিভলবার ও গুলিসহ যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫ একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, একটি খালি খোসা এবং একটি চাবুকসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ক্যাম্প-১৭ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম জাবেদ হোসেন (২৭)। তিনি ক্যাম্প-১৭-জোরহমান এলাকার বাসিন্দা।

এসআরবি-১৫ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি-২-এর হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল ক্যাম্প-১৭ এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় জাবেদ হোসেনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি রিভলবার, এক রাউন্ড তাজা গুলি, এক রাউন্ড গুলির খালি খোসা, একটি চাবুক এবং একটি স্মার্টফোন।

আরও পড়ুন: দুর্নীতি মামলার আসামি হাসিনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে দুদক

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি এবং উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী: এবিএম মোশাররফ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, যাই হই না কেন, আমারা সবাই বাংলাদেশী: এবিএম মোশাররফ হোসেন

পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি'র নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন এমপি বলেছেন, "এই যে এখানে দেখেন, একদিকে কিন্তু মন্দির আর একদিকে মসজিদ অন্য পাসে বৌদ্ধ বিহার আছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। আমি যাকে বিশ্বাস করি, তাকে বলি আল্লাহ। আপনারা তাকে বলেন ভগবান, ফারাতারা, খ্রিস্টানরা তাকে বলে গড। উদ্দেশ্য তো একটাই।"

"আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম পালন করি উদ্দেশ্য আমরা স্বর্গে, বেহেশতে যাব। আপনারাও তেমন মনে করেন আপনারা স্বর্গে যাবেন। কিন্তু সিদ্ধান্ত নেবে কে? সৃষ্টিকর্তা। সুতরাং এই যে একটা পারস্পরিক সম্প্রীতি, এইটা আমাদের আগামী দিনে বজায় রাখতে হবে। এই যে রাস পূর্ণিমা আমার মনে হয় হিন্দু সম্প্রদায়ের চেয়ে মুসলমানরা বেশি উপস্থিত হয়েছেন।"

তিনি আরও বলেন, "দেখবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বলেছিলেন, 'আমার পরিচয় হিন্দু না, আমার পরিচয় মুসলমান না, আমার পরিচয় খ্রিস্টান না, আমার পরিচয় বৌদ্ধ না আমার পরিচয় আমি বাংলাদেশি।' এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, তাইলে আমাদের মধ্যে ধর্মীয় কোনো বিভাজন থাকবে না। আমাদের মধ্যে কোনো অশান্তি থাকবে না। আমাদের মধ্যে কোনো প্রতিহিংসা থাকবে না। কারণ আমাদের হৃদয়ে তো একটি কথা, যে আমরা বাংলাদেশের লোক।"

তিনি সতর্ক করে বলেন, "সকলে সতর্ক থাকবেন, নানা রকম উসকানি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, আমরা যদি কাজ না করি, তাহলে সবার আগে বাংলাদেশটা হবে না। সে লক্ষ্যেই আমাদের প্রধানমন্ত্রী এই কার্যক্রম হাতে নিয়েছেন সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে।"

পটুয়াখালীর কুয়াকাটায় আনুষ্ঠানিকভাবে ঐতিহ্যবাহী রাসপূজার উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে তিনি রাস উৎসবের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুজ্জামান, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কুয়াকাটা পৌর প্রশাসক মো ইয়াসিন সাদেক এবং বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং রাস উৎসব আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, গ্রেপ্তার ৪ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ছিনতাইয়ের পর চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়া যাত্রীর মৃত্যু, গ্রেপ্তার ৪ জন

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে মলম পার্টির খপ্পরে পড়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে যে, ওই যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ফেলে দিয়ে তার সর্বস্ব ছিনিয়ে নেওয়া হয়েছে একটি সংঘবদ্ধ মলম পার্টির দ্বারা। ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ (জিআরপি) এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আব্দুলপুর জংসনে এই ঘটনা ঘটে। নিহত যাত্রীর নাম মো. মোনারুল ইসলাম, যিনি পাবনা জেলার টেবুনিয়া ঘরনাপাড়া এলাকার বাসিন্দা। তার পিতার নাম নওশের।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মোছা. লিজা খাতুন, আব্দুর রহিম, মো. মরশেদ আলী এবং মো. হৃদয়। তাদের বাড়ি যথাক্রমে কিশোরগঞ্জ, গাইবান্ধা, কুড়িগ্রাম ও নেত্রকোনা জেলায় অবস্থিত।

পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে যাতায়াতের সময় কালিয়াকৈর হাইটেক পার্ক এলাকায় মোনারুল ইসলাম সংঘবদ্ধ মলম পার্টির কবলে পড়েন। এ সময় চক্রের সদস্যরা তার কাছে থাকা টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং পরে তাকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেয়। এ ঘটনায় গুরুতর পরিস্থিতির সৃষ্টি হয় এবং পরবর্তীতে তার মৃত্যু ঘটে।

এদিকে ঘটনার পর আব্দুলপুর রেলওয়ে স্টেশনে অভিযুক্ত চারজন সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ঈশ্বরদী রেলওয়ে পুলিশের সদস্যরা তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা ওই যাত্রীর সর্বস্ব ছিনতাই এবং ট্রেন থেকে ফেলে দেওয়ার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন বলে পুলিশ জানিয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ওসি ফয়সাল বিন আহসান কালের কণ্ঠকে জানান, ‘প্রাথমিক তথ্য ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে তামাক চাষে সাধারণ ফসলের সার ব্যবহার, কৃষকরা বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


ঝিনাইদহে তামাক চাষে সাধারণ ফসলের সার ব্যবহার, কৃষকরা বিপাকে

ঝিনাইদহ জেলার উর্বর কৃষি জমিতে ভরা মৌসুমে খাদ্যশস্য ও রবি ফসলের পরিবর্তে ক্ষতিকর তামাক চাষের জন্য ব্যাপক প্রস্তুতি চলছে। সরকারিভাবে তামাক চাষের জন্য কোনো সার বরাদ্দ না থাকলেও অসাধু ডিলারদের সহযোগিতায় সাধারণ কৃষকদের জন্য বরাদ্দকৃত ভর্তুকির সার তামাক চাষিদের কাছে চলে যাচ্ছে।

এতে পরিবেশ ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়ছে, অন্যদিকে মৌসুমি ফসলের প্রান্তিক কৃষকরা ন্যায্যমূল্যে সার না পেয়ে চরম বিপাকে পড়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিসিআইসির সার ডিলারদের একটি অসাধু চক্র প্রকৃত চাষিদের বঞ্চিত করে রাতের আঁধারে চড়া দামে তামাক চাষিদের কাছে সার বিক্রি করছে। অভিযোগ রয়েছে, তামাক কোম্পানিগুলোর গোপন সুবিধা ও নগদ অর্থের প্রলোভনে মাঠপর্যায়ের কিছু কৃষি কর্মকর্তাও বিষয়টি দেখেও না দেখার ভান করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, জেলায় তামাক চাষের পরিমাণ কমার পরিবর্তে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে ১৬০ হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছিল, যা ২০২২-২৩ অর্থবছরে বেড়ে ২৫১ হেক্টরে দাঁড়ায়। এরপর ২০২৩-২৪ অর্থবছরে ১৯৩ হেক্টর এবং ২০২৪-২৫ অর্থবছরে ২২৪ হেক্টর (অন্য সূত্রে ২২৯ হেক্টর) জমিতে তামাক চাষ হয়েছে। মহেশপুর উপজেলাতেই সর্বোচ্চ ৮৪ হেক্টর জমিতে তামাক আবাদ হয়েছে।

কৃষি বিভাগের আশঙ্কা, চলতি ২০২৬-২৭ অর্থবছরে এই আবাদ ৩০০ হেক্টরের কাছাকাছি পৌঁছাতে পারে। সরেজমিনে দেখা গেছে, মাঠে তামাকের চারা রোপণের কাজ শুরু হওয়ার আগেই মহেশপুর, ঝিনাইদহ সদর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুর বিভিন্ন গ্রামে আগাম ইউরিয়া ও টিএসপি সার মজুত করা হচ্ছে। সদর উপজেলার উদয়পুর, পোড়াহাটি ও দৌগাছী, শৈলকুপার আবাইপুর, হাটফাজিলপুর, কৃপালপুর, বকশিপুর, ফলিয়া ও ফুলহরি এবং হরিণাকুণ্ডুর শ্রীফলতলা, বিন্নী, মান্দারবাড়িয়া, দুর্লভপুর, বাসুদেবপুর, চাঁদপুর, কন্যাদহ ও বড়ভাদড়া এলাকায় ব্যাপক হারে সার মজুতের খবর পাওয়া গেছে।

পবহাটি গ্রামের আলমসাধুচালক আলমগীর মোল্লা জানান, ডিলার পয়েন্ট থেকে বস্তাভর্তি সার নিয়ে তিনি নিয়মিত তামাক চাষিদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন। পোড়াহাটি ইউনিয়নের কৃষক বশির উদ্দিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ডিলারদের কারসাজিতে রাতের আঁধারে বেশি দামে সার তামাক চাষিদের হাতে চলে যাচ্ছে। ফলে সাধারণ ফসল ফলানোর জন্য সার পাচ্ছি না।

তবে দোগাছী ইউনিয়নের সার ডিলার উজ্জ্বল হোসেনের দাবি, কৃষকরা ভুট্টা বা অন্য ফসলের কথা বলে সার নিয়ে গেলে তা যাচাই-বাছাই করার সুযোগ থাকে না। অন্যদিকে, কেন তামাক চাষে ঝুঁকছেন—এমন প্রশ্নের জবাবে উদয়পুরের তামাক চাষি সাইফুল হোসেন ও শৈলকুপার বরকত আলী জানান, অন্য ফসলে ন্যায্য দাম পাওয়া যায় না। কিন্তু তামাক কোম্পানিগুলো চাষের শুরুতেই নগদ অর্থ দেয় এবং বিক্রির নিশ্চয়তা দেয়। তাই বাধ্য হয়ে তারা তামাক চাষ করছেন।

জেলা কৃষি বিভাগের তথ্যমতে, চলতি নভেম্বর মাসে ঝিনাইদহে মোট ৩ হাজার ২৪৪ মেট্রিক টন ইউরিয়া বরাদ্দ দেওয়া হয়েছে। যার মধ্যে ঝিনাইদহ সদরে ৬১০, কালীগঞ্জে ৬০০, কোটচাঁদপুরে ২৪০, মহেশপুরে ৬৮৪, শৈলকুপায় ৭০৫ ও হরিণাকুণ্ডু উপজেলায় ৪০৫ মেট্রিক টন। এছাড়া টিএসপি ২ হাজার ৮১০, ডিএপি ৬ হাজার ৩৯০ এবং এমওপি ২ হাজার ৮৯৬ মেট্রিক টন বরাদ্দ রয়েছে।

এদিকে আইনি দুর্বলতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন মহল। চলতি বছরের ১৯ জানুয়ারি তিন বা ততোধিক ফসলি জমিতে তামাক চাষ নিষিদ্ধ করে ‘ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা অধ্যাদেশ, ২০২৬’ জারি করা হয়েছিল। কিন্তু ১০ এপ্রিল জাতীয় সংসদে পাস হওয়া আইনে আগের সেই নিষেধাজ্ঞা শিথিল করায় তামাক কোম্পানিগুলো আরও বেপরোয়া হয়ে উঠেছে।

ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান জানিয়েছেন, তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে কৃষকদের সচেতন করতে ইউনিয়ন পর্যায়ে কর্মশালা, মাটি পরীক্ষা এবং কম সারে অধিক ফলনের বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। তিনি তামাকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন হওয়ার আহবান জানান।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাবান্ধায় এলসি করা পাথরের লোডিং কার্যক্রম ৪ দিন ধরে বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


বাংলাবান্ধায় এলসি করা পাথরের লোডিং কার্যক্রম ৪ দিন ধরে বন্ধ

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি ও রফতানি বাণিজ্য স্বাভাবিক থাকলেও, দুই শ্রমিক সংগঠনের মধ্যে লোড-আনলোড কার্যক্রম নিয়ে বিরোধের কারণে গত ৪ দিন ধরে বাংলাদেশের অভ্যন্তরে এলসি করা পাথরের লোডিং কার্যক্রম বন্ধ রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে একই পরিস্থিতি অব্যাহত রয়েছে।

এদিকে, সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক থাকলেও, এলসি পাথর নিয়ে বিপাকে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও সরবরাহকারীরা। লোডিং কার্যক্রম বন্ধ থাকায় কয়েক হাজার সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে। এছাড়া, পাথর ক্রয় করতে আসা বিভিন্ন জেলার ট্রাকগুলো আটকা পড়ে আছে।

অন্যদিকে, আমদানিকারকরা দাবি করছেন, পাথর লোডিং বন্ধ হয়ে গেলে আমদানি-রফতানির সময়সীমায় প্রভাব পড়বে।

শ্রমিক সংগঠনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের বিষয়টিও সামনে এসেছে। বাংলাবান্ধা স্থলবন্দরের লোড-আনলোড শ্রমিক সংগঠনের সভাপতি আখতারুল ইসলাম সময় সংবাদকে জানান, "আমরা বন্দরের লোড আনলোড কার্যক্রমের সঙ্গে যুক্ত। দীর্ঘদিন ধরে আমাদের শ্রমিকেরা এ কার্যক্রম করে আসছে। কিন্তু গত তিন-চার দিন আগে লেবার অফিসের লোকজন গাড়ি আটকিয়ে দিচ্ছে। যার কারণে কার্যক্রম বন্ধ হয়ে আছে। অনেক গাড়ি আটকা পড়েছে এবং শ্রমিকরা কর্মহীন হয়ে পড়েছে।" তিনি আরও বলেন, "বন্দর কর্তৃপক্ষ যেভাবে আমাদের কাজ করাচ্ছে, আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। মূলত তারা বন্দরের কার্যক্রম নেয়ার জন্য ওই সংগঠনের একটি চক্র বিভেদ তৈরি করছে। আমাদের দাবি যেহেতু আমরা বন্দরে কাজ করছি, আগামীতেও করে যাব।"

বাংলাবান্ধা ইউনিয়নের লোড-আনলোড লেবার শ্রমিক ইউনিয়নের সচিব শাকিল হোসেন সময় সংবাদকে বলেন, "দ্বন্দ্বের কিছু নেই। আমরা দীর্ঘদিন ধরে এখানে লোড আনলোডের কাজ করে আসছি। সম্প্রতি ব্যবসায়ীরা আমাদের চাপ দিয়েছে পেলুডা গাড়ি দিয়ে লোডের কার্যক্রম করতে হবে। সে হিসেবে আমরা কাজ করছিলাম। হঠাৎ এই কুলি শ্রমিকরা আমাদের বাধা দিতে শুরু করে। মূলত কুলির কাজ এটা। তাদের কাজ পুরোপুরি আলাদা। এর মাঝে তারা পেলুডা গাড়ি দিয়ে লোড কার্যক্রম করে। আমরাও বাধা দিলে তারা গ্যাঞ্জাম সৃষ্টি করে। এখন তারা ভিন্ন দাবি করছে। তাদের এই আচরণে আমাদের অসংখ্য সাধারণ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে।"

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানিকারক আব্দুল আল মামুন সময় সংবাদকে জানান, "বন্দরটি দিয়ে আমরা ভারত ও ভুটান থেকে বোর্ড এবং পাথর এলসির মাধ্যমে আমদানি করে থাকি। বর্তমানে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও, দুই শ্রমিক সংগঠনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে ক্রাসিং করা পাথর লোডিং হচ্ছে না। এতে আমরা বিপাকে পড়েছি। পাথর আটকা পড়ে গেছে। লোডিং কার্যক্রম না হওয়ায় পাথর দেশের অভ্যন্তরে পাঠাতে পারছি না। এমনটা চললে এর প্রভাব বন্দরের আমদানি কার্যক্রমে পড়বে।"

এ বিষয়ে বাংলাবান্ধা স্থলবন্দরের ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ সময় সংবাদকে জানান, "বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিক পর্যায়ে রয়েছে। যেহেতু শ্রমিক অসন্তুষ্টি চলছে, সেটি বন্দর এলাকার বাইরে। এটির কোনো প্রভাব বন্দরে এখন পর্যন্ত পড়েনি। যদি আমদানি করা এলসি পাথর বিক্রি না হয়, সে ক্ষেত্রে হয়তো ব্যবসায়িক কার্যক্রমে খানিকটা প্রভাব পড়তে পারে। তবে উভয় শ্রমিক সংগঠন এখন পর্যন্ত বন্দর কর্তৃপক্ষের কাছে কোনো অভিযোগ করেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%