০২:৪৫ পি.এম
কলেরা সংক্রমণ প্রতিরোধে, রাজধানী ঢাকা সহ ছয়টি জেলার ১৪টি থানা ও উপজেলায় মুখে খাওয়ার বিনা মূল্যে কলেরা টিকা (পিওসিভি) প্রদান কর্মসূচির সূচনা করা হয়েছে।
শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার বাস্তবায়নে এ টিকাদান শুরু হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে দুটি বাসে আগুন, আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা
কারা পাবেন, কারা পাবেন না
এক বছর বা তার বেশি বয়সের সবাই এই টিকা গ্রহণের যোগ্য হলেও, গর্ভবতী নারী ও গুরুতর অসুস্থ ব্যক্তিরা এই টিকা পাবেন না। প্রথম ধাপে দেশের ঝুঁকিপূর্ণ এসব এলাকায় প্রায় ৫১ লাখ ৭৫ হাজার মানুষকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।
কখন ও কীভাবে দেয়া হবে টিকা
কর্মসূচির প্রথম ডোজ পরিচালনা করা হচ্ছে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর প্রদান করা হবে দ্বিতীয় ডোজ। পূর্ণ সুরক্ষার জন্য নির্দিষ্ট সময়সীমার মধ্যে দুই ডোজ টিকাই গ্রহণ করতে হবে। নাগরিকরা বিনা মূল্যে নির্ধারিত কেন্দ্র ছাড়াও VaxEPI পোর্টালে নিবন্ধনের মাধ্যমে এ সেবা গ্রহণ করতে পারছেন।
আরও পড়ুন: নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে দুটি ককটেল বিস্ফোরণ
যেসব এলাকায় চলছে কর্মসূচি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলী ও কামরাঙ্গীরচর থানা এলাকা।
ঢাকা উত্তর সিটি করপোরেশন: তেজগাঁও, খিলক্ষেত ও শেরেবাংলা নগর থানা এলাকা।
অন্যান্য জেলা ও উপজেলা: নারায়ণগঞ্জ সদর, মুন্সীগঞ্জ সদর, ব্রাহ্মণবাড়িয়া সদর ও নবীনগর এবং কিশোরগঞ্জের করিমগঞ্জ, হোসেনপুর ও তাড়াইল উপজেলা।
আরও পড়ুন: বাংলাদেশ কি হারিয়েছে ‘উন্নয়নের বিস্ময়’ তকমা? অর্থনৈতিক সংকটের চ্যালেঞ্জে সরকার
স্বাস্থ্য অধিদফতর জানায়, এই কর্মসূচি বাস্তবায়নে গ্যাভি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও আইসিডিডিআর,বি কারিগরি ও সার্বিক সহায়তা দিচ্ছে। টিকাদানের পাশাপাশি কলেরা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে নিরাপদ পানি ব্যবহার এবং স্যানিটেশন ব্যবস্থার উন্নতির ওপর জোর দেয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন