০৩:৫৮ পি.এম
খুলনার পাইকগাছা এলাকায় থানা পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকে আটক করেছে। অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশের সূত্র অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) বেলা ১টার দিকে পাইকগাছা পৌরসভা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদ পারভেজ রাজুকে (৩০) পৌরসভার কাটা মার্কেট এলাকা থেকে আটক করা হয়।
এর আগে, শনিবার রাতে দেলুটি ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রয়েছেন দেলুটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মধুখালী গ্রামের বিরুপক্ষ মণ্ডল (৫৫), একই গ্রামের যুবলীগ নেতা অনিমেষ ঢালী (৩৭), আশিষ মল্লিক (৫০) এবং জখরলা গ্রামের দিদারুল গাজী (৪৩)।
আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আউয়াল কবীর জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় বিশেষ ক্ষমতা আইনসহ বিভিন্ন ধারায় মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেনও পাঁচজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন