ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী


বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন, আমরা ভালো থাকব: নারী উদ্যোক্তা সাথী

মতপ্রকাশের স্বাধীনতা চর্চার কারণে হামলা, মারধর ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ তুলে ময়মনসিংহের নারী উদ্যোক্তা সাথী আক্তার সরকারকে পরামর্শ দিয়েছেন, হামলাকারী বিএনপি নেতাদের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর।

তিনি মন্তব্য করেন, ‘বিএনপি নেতাকর্মীরা এতটাই অশিক্ষিত যে কোনটা মতপ্রকাশ, আর কোনটা অপরাধ, সেটাও বোঝেন না। আমি সরকারকে বলব, এসব হামলাকারী ও এর সঙ্গে জড়িত বিএনপি নেতাদের প্রাইমারি স্কুলে ভর্তি করিয়ে দেন। তাহলে হয়তো আমাদের দেশ একটু ভালো থাকবে, আমরাও ভালো থাকব। না হলে আপনারা আমাদের দেশকে গোল্লায় তুলছেন। এরা এতটাই অশিক্ষিত যে এদের প্রাইমারি স্কুলে ভর্তি করানো জরুরি।’

বুধবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) আয়োজিত ‘মতপ্রকাশের স্বাধীনতা ও সাইবার সুরক্ষা: আইন, বাস্তবতা ও মানবাধিকার’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি নিজের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের বিচারের দাবি জানান।

আরও পড়ুন: ভাসানীর আদর্শ আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ: জহির উদ্দিন স্বপন

সাথী আক্তার জানান, এবছরের ২৫ অক্টোবর বারবার শোরুমের এসির বৈদ্যুতিক সংযোগের তার চুরি, মোবাইল চুরি ও শোরুমে চুরির ঘটনায় তিনি ফেসবুকে লাইভ করেন। এর ফলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এসে শোরুম ঘেরাও করে হামলা চালায়। তাঁর কাছ থেকে দুই লাখ ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়।

তিনি আরও বলেন, চাঁদা না দেওয়ার কারণে তাঁকে তাঁর সন্তান ও বাজারভর্তি মানুষের সামনে আওয়ামী লীগের স্লোগান দিইয়ে হামলা করা হয়। বারবার হুমকি দেওয়া হয়। পরবর্তীতে তাঁকে মব করে পুলিশে দেওয়া হয়। পুলিশ তাঁকে আটক করে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার দেখায়। জামিন হলেও মামলা চলমান রয়েছে।

সাথী বলেন, তিনি তাঁর ওপর হওয়া অন্যায়ের বিচার চান। জামিনে বের হওয়ার পরও ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে এবং চারতলার শোরুম ও শিশুদের স্কুলের জানালার গ্লাস লক্ষ্য করে তালা ছুড়ে মেরে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন।

এসময় গোলটেবিল আলোচনায় এইচআরএসএস এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও প্রবীণ মানবাধিকারকর্মী নুর খান লিটন, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, ব্লাস্ট-এর ব্যারিস্টার প্রিয়া আহসান চৌধুরী, ভয়েস ফর রিফর্ম-এর সহ-সমন্বয়ক ফাহিম মাশরুর, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শিব্বির আহমেদ, আইন ও শালিস কেন্দ্র (আসক) উপদেষ্টা মাবরুর মোহাম্মদ, সাংবাদিক জায়মা ইসলাম প্রমুখ।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় তিন দিবস পালনের জন্য নিরাপত্তায় কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


নেত্রকোনায় তিন দিবস পালনের জন্য নিরাপত্তায় কঠোর পদক্ষেপের সিদ্ধান্ত

নেত্রকোনায় আগামী ডিসেম্বর মাসে তিনটি দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে এসব দিবসে নিরাপত্তা ব্যবস্থায় কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় আসন্ন তিনটি দিবসের জন্য আলাদা কর্মসূচির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় আগামী ৯ ডিসেম্বর ‘নেত্রকোনা’ মুক্ত দিবস, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতি সজাগ দৃষ্টি রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ এবং জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিজ্জদুজ্জামানের সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধারা চলমান অস্থিরতা যেন দিবসগুলোর ভাবগাম্ভীর্য নষ্ট না করে, সেদিকে বিশেষ নজর রাখতে আহ্বান জানান। এছাড়া বাংলাদেশের বিরোধিতাকারীদের প্রতি কঠোর হুঁশিয়ারিও প্রদান করেন তিনি।

সভায় জেলার সব সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকসহ সরকারি-বেসরকারি দফতরের প্রধানগণ ও মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরপুরে গার্মেন্টকর্মী নুপুরকে কুপিয়ে আহত, পুলিশের দাবি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


মিরপুরে গার্মেন্টকর্মী নুপুরকে কুপিয়ে আহত, পুলিশের দাবি ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে

রাজধানীর মিরপুরে একটি পোশাক কারখানার এক নারী কর্মীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজন যুবককে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এই হামলার পেছনে ‘ব্যক্তিগত দ্বন্দ্ব’ রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে রূপনগর এলাকায় নুপুর নামের ওই নারীর ওপর হামলা চালানো হয়। প্রথমে তার মৃত্যুর খবর শোনা গেলেও, পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন যে, তিনি গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নুপুর ভোলা লালমোহনের মোখলেছুর রহমানের কন্যা। তিনি রূপনগর আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার পরিবার জানিয়েছে, নুপুর ‘ভীষণ গার্মেন্টস’-এর অপারেটর হিসেবে কাজ করতেন।

নুপুরের ফুফাতো ভাই আবদুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুর সোয়া ১টার দিকে খাবার খেতে ফিরছিলেন নুপুর। এ সময় রূপনগর শিয়ালবাড়ি ৫ নম্বর রোডে এক যুবক তাকে প্রেমের প্রস্তাব দেয়। তার প্রস্তাব প্রত্যাখ্যান করার পর ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নুপুরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বিকেলে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, ‘নুপুরের আগামী মাসের ১২ তারিখে বিয়ে ঠিক হয়ে আছে। এ ঘটনায় ওই যুবককে পুলিশ আটক করেছে বলে জানতে পেরেছি।’

এদিকে, নুপুরের ওপর হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফুটেজে দেখা যায়, একসঙ্গে কয়েকজন নারী শ্রমিক হেঁটে যাচ্ছিলেন। আকস্মিকভাবে পেছন থেকে এক যুবক এক নারীকে কোপাতে শুরু করেন। কয়েকটি কোপের পর ওই নারী সড়কে লুটিয়ে পড়লেও যুবকটি অনবরত আঘাত করতে থাকে। এ সময় দুজন এগিয়ে এলেও পরক্ষণে সরে যান।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমে জানিয়েছেন, রায়হান নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নুপুর চিকিৎসাধীন আছেন। প্রাথমিকভাবে আমরা মনে করছি এটা প্রেম-ভালোবাসার ঘটনা, এ নিয়ে গুজব ছড়ানোর কিছু নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি মীর আশরাফ আলী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


মাদকের টাকায় হাত না দিতে ৭১ থানার ওসিকে শপথ করিয়েছি: ডিআইজি মীর আশরাফ আলী

রাজশাহী রেঞ্জের ডিআইজি মীর আশরাফ আলী কঠোরভাবে জানিয়েছেন যে, মাদকের নোংরা টাকায় পুলিশ কখনো হাত দেবে না। তিনি উল্লেখ করেছেন যে, মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না এবং রেঞ্জের ৭১ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মাদকের রুট পুরোপুরি নির্মূল করার জন্য ওয়াদা করানো হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি মীর আশরাফ আলী বলেন, "মাদকের নোংরা টাকায় পুলিশ হাত দেবে না। রাজশাহী রেঞ্জের ৭১ থানার ওসিকে নিয়ে এসে এ বিষয়ে ওয়াদা করিয়েছি। মাদকের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। মাদকের রুট পুরোপুরি নির্মূল করতে চাই।"

তিনি মন্তব্য করেন যে, পুলিশের সক্ষমতা বিন্দুমাত্র কমবে না এবং পুলিশকে কখনোই আলাদা করে দেখার সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতির দিক দিয়ে পাবনা অনেক ভালো আছে বলেও তিনি উল্লেখ করেন। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

সম্প্রতি সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বিরুদ্ধে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, পুলিশের কোনো সদস্য সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করবেন না। এ বিষয়ে পুলিশ সদস্যদের কঠোরভাবে নির্দেশনা দেয়া হয়েছে।

ডিআইজি বাড়িতে বাড়িতে সিসি ক্যামেরা স্থাপনের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি বাড়িতে এমনভাবে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে, যাতে বাসা থেকে শুরু করে রাস্তার দৃশ্যও দেখা যায়। এতে অপরাধ শনাক্ত ও মামলা তদন্ত সহজ হবে। যেসব মামলা তদন্ত করে রহস্য উদ্‌ঘাটন করা হয়েছে, তার বেশির ভাগই সিসি ক্যামেরার ফুটেজের সহায়তায় সম্ভব হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত পোহালেই রোহিঙ্গা গণহত্যার বিচার, কী আছে মিয়ানমারের ভাগ্যে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


রাত পোহালেই রোহিঙ্গা গণহত্যার বিচার, কী আছে মিয়ানমারের ভাগ্যে

মিয়ানমারের বিরুদ্ধে মুসলিম সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর সামরিক দমন-পীড়ন ও গণহত্যার অভিযোগে করা মামলার ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এই মামলার রায় নির্ধারণ করবে, ২০১৭ সালে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে অভিযান চালিয়ে মিয়ানমার ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘন করেছে কি না।

নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) এই রায় ঘোষণা করা হবে। আইসিজের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া রায়টি পড়ে শোনাবেন। বিচারক এই রায় দিয়ে নির্ধারণ করবেন, ১৯৪৮ সালের গণহত্যা সনদের অধীনে মিয়ানমার তার দায়িত্ব লঙ্ঘন করেছে কি না। আদালতের এই রায় চূড়ান্ত হবে এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে না।

সংবাদমাধ্যম আলজাজিরার খবরে বলা হয়েছে, গাম্বিয়া ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়ের করে। এই মামলায় ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানের বিষয়টি তুলে ধরা হয়েছে। ওই অভিযানের ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন।

মামলার সূত্রপাত

২০১৭ সালের ২৫ আগস্ট নিরাপত্তা চৌকিতে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমারের সামরিক বাহিনী রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে অভিযান শুরু করে। জাতিসংঘের তদন্ত অনুযায়ী, ওই সামরিক অভিযানে ব্যাপক হত্যাকাণ্ড, যৌন সহিংসতা এবং রোহিঙ্গাদের গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এর ফলে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। তাদের সঙ্গে যোগ দেয় আরও কয়েক লাখ রোহিঙ্গা, যারা আগে থেকেই নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল।

২০১৮ সালে জাতিসংঘের একটি তদন্ত মিশন জানায়, মিয়ানমারের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তদন্ত করার মতো পর্যাপ্ত প্রমাণ রয়েছে। তবে মিয়ানমার এসব অভিযোগ অস্বীকার করে। দেশটির দাবি, সামরিক অভিযান ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈধ পদক্ষেপ।

কেন মামলা করল গাম্বিয়া?

গণহত্যা প্রতিরোধ ও শাস্তি সংক্রান্ত সনদ লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া। ২০১৯ সালের ১১ নভেম্বর ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যের সমর্থনে মামলাটি দায়ের করা হয়।

গাম্বিয়া ও মিয়ানমার উভয়ই গণহত্যা সনদের পক্ষভুক্ত দেশ। যদিও গাম্বিয়া ভৌগোলিকভাবে অনেক দূরে অবস্থিত, তবে তাদের যুক্তি হলো, এই সনদে স্বাক্ষরকারী সব দেশেরই গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রয়েছে। অপরাধের ঘটনা কোথায় ঘটেছে, তা এ দায়িত্বের ক্ষেত্রে প্রাসঙ্গিক নয়।

আইসিজে পরে গাম্বিয়ার মামলাটি করার ক্ষেত্রে অধিকার রয়েছে বলে স্বীকার করে। আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যক্তির বিরুদ্ধে অপরাধের বিচার করে, অন্যদিকে আইসিজে রাষ্ট্রগুলোর আন্তর্জাতিক আইনি দায় নির্ধারণ করে।

মিয়ানমারের বক্তব্য

এদিকে শুরু থেকেই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে মিয়ানমার। ২০১৯ সালের ডিসেম্বরে দেশটির তৎকালীন বেসামরিক নেত্রী অং সান সু চি নিজেই হেগে আইসিজের সামনে মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরেন।

সু চি বলেন, গাম্বিয়া সংঘাতের একটি অসম্পূর্ণ চিত্র আদালতের সামনে তুলে ধরেছে। তবে তিনি স্বীকার করেন, অভিযানে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়ে থাকতে পারে। কিন্তু গণহত্যার উদ্দেশে হামলা চালানোর অভিযোগ তিনি প্রত্যাখ্যান করেন।

মিয়ানমারের দাবি, নিরাপত্তা বাহিনী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) হামলার জবাব দিচ্ছিল। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর দেশটির সামরিক কর্তৃপক্ষও মামলায় মিয়ানমারের পক্ষে যুক্তি তুলে ধরতে থাকে।

গাম্বিয়ার দাবি, সহিংসতার ব্যাপকতা, পরিকল্পিত ধরন এবং নির্দিষ্ট জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তু করার ঘটনা প্রমাণ করে, রোহিঙ্গাদের একটি সুরক্ষিত জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার উদ্দেশ্য ছিল।

আইসিজে এখন পর্যন্ত কী রায় দিয়েছে?

২০২০ সালের ২৩ জানুয়ারি আদালত মিয়ানমারকে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা প্রতিরোধে তার সাধ্যের মধ্যে সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। সেই অভিযোগে উল্লিখিত অপরাধের প্রমাণ সংরক্ষণ এবং আদালতে নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়।

এই অন্তর্বর্তীকালীন নির্দেশগুলো আইনগতভাবে বাধ্যতামূলক ছিল। তবে এতে গণহত্যা সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ করা হয়নি।

২০২২ সালের ২২ জুলাই আদালত মিয়ানমারের প্রাথমিক আপত্তিগুলো খারিজ করে দেন। এতে মামলাটির বিচার করার এখতিয়ার নিশ্চিত হয় এবং বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার পথ খুলে যায়। পরে কানাডা, ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১১টি দেশ গণহত্যা সনদের ব্যাখ্যা নিয়ে নিজেদের যুক্তি উপস্থাপনের জন্য মামলায় হস্তক্ষেপ করে।

চূড়ান্ত শুনানিতে কী হয়েছিল?

২০২৬ সালের ১২ থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত মামলার মূল বিষয়গুলোর ওপর শুনানি অনুষ্ঠিত হবে। উভয়পক্ষ তাদের আইনি যুক্তি উত্থাপন করবে। আদালত সাক্ষীদের বক্তব্য শোনার পাশাপাশি বিশেষজ্ঞদের দেওয়া প্রমাণ পর্যালোচনা করবে।

গাম্বিয়া আদালতের কাছে মিয়ানমার গণহত্যা সনদ লঙ্ঘন করেছে বলে ঘোষণা দেওয়ার আবেদন জানাবে। পাশাপাশি চলমান লঙ্ঘন বন্ধ করা, ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধের নিশ্চয়তা দেওয়ার দাবি জানাবে। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে।

পরবর্তীতে ২৯ জানুয়ারি বিচারকরা রায় প্রস্তুতের জন্য আলোচনা শুরু করবে। পরে ৩ নভেম্বর আদালত রায় ঘোষণার তারিখ জানাবে।

বিচারকরা কী নির্ধারণ করবেন?

মামলার মূল প্রশ্ন হলো, মিয়ানমার রোহিঙ্গাদের জাতিগত বা ধর্মীয় জনগোষ্ঠী হিসেবে সম্পূর্ণ কিংবা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশে গণহত্যা সনদে নিষিদ্ধ কোনো কর্মকাণ্ড সংঘটিত করেছে কি না।

গণহত্যার অভিযোগ প্রমাণ করতে শুধু ব্যাপক নৃশংসতা সংঘটিত হওয়ার প্রমাণ যথেষ্ট নয়। এ ধরনের অপরাধের ক্ষেত্রে একটি নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিক ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্যও প্রমাণ করতে হয়। এর মধ্যে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে মিয়ানমারের দায়িত্বও বিচারকদের বিবেচনায় আসবে।

মিয়ানমারের বিরুদ্ধে রায় হলে, দেশটির আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। এর ফলে ক্ষতিপূরণসহ বিভিন্ন প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ আসতে পারে। আইসিজের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। তবে রায় বাস্তবায়নের জন্য আদালতের নিজস্ব কোনো ব্যবস্থা নেই।

রায়টি কেন এতো গুরুত্বপূর্ণ?

গণহত্যার মামলায় মূল বিচার শেষে আইসিজের এটি হবে মাত্র তৃতীয় রায়। এই রায়টি গণহত্যা সনদের ব্যাখ্যা এবং ভবিষ্যতে এ ধরনের বিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

এদিকে গাজা নিয়ে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার পৃথক গণহত্যা মামলার ক্ষেত্রেও রায়ের প্রভাব পড়তে পারে। ইসরায়েল ওই অভিযোগ অস্বীকার করে আসছে।

হিউম্যান রাইটস ওয়াচ রায়টিকে রোহিঙ্গা বেঁচে থাকা ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসেবে বর্ণনা করেছে। সংস্থাটির আন্তর্জাতিক বিচারবিষয়ক জ্যেষ্ঠ পরামর্শক মারিয়া এলেনা ভিগনোলি ৩ নভেম্বর দেওয়া এক বিবৃতিতে বললেন, ‘মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের রায় রোহিঙ্গাদের ন্যায়বিচার পাওয়ার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে থাকবে।’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য এ রায়ের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাবাসন, ক্ষতিপূরণ কিংবা অপরাধীদের বিচারের নিশ্চয়তা তৈরি হবে না। তবে গাম্বিয়া মামলা করার প্রায় সাত বছর পর এ রায়ের মাধ্যমে গণহত্যার অভিযোগে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় সম্পর্কে চূড়ান্ত আইনি সিদ্ধান্ত আসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%