০৯:৩৪ পি.এম
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষকদের উদ্দেশ্যে বলেছেন, যদি আপনি নিজ সন্তানকে নিজ প্রতিষ্ঠানে পড়াতে না পারেন, তবে অন্যরা কেন তাদের সন্তানকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করবে?
তিনি জেলা স্কুলগুলোর অতীত ঐতিহ্যের কথা উল্লেখ করে বলেন, প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা এক সময় নিজেদের সন্তানও সরকারি বিদ্যালয়ে পড়াতেন। সেই মান ও আস্থা পুনরুদ্ধার করতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
শুক্রবার (২৪শে জুলাই) চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চন্দ্রগঞ্জে সংবাদকর্মী রিমনের ওপর যুবদল নেতার হামলা
শিক্ষামন্ত্রী আরও জানান, শিক্ষার্থীদের শিক্ষায় শুধু পাঠ্যবই নির্ভর নয়, বরং বিতর্কচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, ধর্মীয় মূল্যবোধ, খেলাধুলা এবং বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে চুক্তি করা হয়েছে এবং ৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দেশের প্রতিটি বিদ্যালয়ে পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বই সরবরাহ করা হবে।
তিনি উল্লেখ করেন, ২০২৮ সাল থেকে পর্যায়ক্রমে নতুন কারিকুলামে নতুন বই অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যবইয়ে বাংলাদেশের সঠিক, নির্মোহ এবং তথ্যভিত্তিক ইতিহাস স্থান পাবে। ইতিহাসে কোনো ধরনের রাজনৈতিকীকরণ, প্রোপাগান্ডা বা বিকৃতি থাকবে না। তিনি বলেন, "যে ইতিহাস সত্য, সেই ইতিহাসই শিক্ষার্থীদের সামনে তুলে ধরা হবে।"
আরো জানান, ১৯৭৪ সালের দুর্ভিক্ষ একটি ঐতিহাসিক সত্য। দুর্ভিক্ষে বহু মানুষের মৃত্যু হয়েছে—সেই ঘটনাও পাঠ্যবইয়ে থাকবে। তবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ওপর দায় চাপিয়ে রাজনৈতিক ব্যাখ্যা সংযুক্ত করা হবে না। ইতিহাস তার নিজস্ব গতিতেই উপস্থাপিত হবে।
মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম মান্নানের সভাপতিত্বে ও সাচার ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ নওশির আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, কুমিল্লা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আহসান পারভেজ, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান রাসেল, এসিল্যান্ড আবু নাসির, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপন, সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, ওসি মোঃ আজিজুল ইসলামসহ স্থানীয় শিক্ষা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
আরও পড়ুন: নেত্রকোণার আটপাড়া-কেন্দুয়া উপজেলায় সন্ত্রাস-নাশকতায় বিন্দুমাত্র ছাড় নেই
মনোহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত এই শিক্ষক সমাবেশে কচুয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষা-সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। বক্তারা শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষক সংকট নিরসন, আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়ন এবং নৈতিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
ছবিঃ কচুয়ায় শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন