সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৯ পি.এম
নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের শাখাগুলোতে পরিকল্পিত ও ধারাবাহিক অগ্নিসংযোগ বন্ধ করার এবং প্রতিটি অপরাধীকে দ্রুত বিচারের আওতায় আনার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি একই সঙ্গে দরিদ্র নারীদের মালিকানাধীন এই ব্যাংকটিকে রক্ষায় সকলকে অপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান।
বিবৃতিতে অধ্যাপক মুহাম্মদ ইউনূস উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনা ঘটছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্দেহভাজন কর্মীরা জড়িত বলে জানা গেছে।
তিনি জানান, চট্টগ্রামে তার নিজ বাড়িও হামলার লক্ষ্যবস্তু হয়েছে। ওই বাড়িটি তার কাজের সূচনা স্থান, যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংকে রূপ নেয়। সেখানে তার দুই ছোট ভাই পরিবার নিয়ে বসবাস করছেন।
গ্রামীণ ব্যাংকের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক ইউনূস বলেন, চলতি নভেম্বর মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই পেট্রোল বোমা দিয়ে ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং হামলার সময় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হচ্ছে। নভেম্বর মাসেই দেশের প্রায় ১০০টি শাখায় একই কায়দায় হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি ঘটনায় ব্যাংকের কর্মকর্তা ও ঋণগ্রহীতারা অল্পের জন্য প্রাণঘাতী হামলা থেকে রক্ষা পেয়েছেন।
হামলাকারীদের অপপ্রচারের জবাব দিতে গিয়ে অধ্যাপক ইউনূস বলেন, হামলাকারীরা মিথ্যা প্রচারণা চালিয়ে দাবি করছে যে গ্রামীণ ব্যাংকের মালিক তিনি এবং ব্যাংকটি তিনিই পরিচালনা করেন। অথচ ব্যাংকটির ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ শেয়ারের মালিক সরকার। ২০১১ সালে আওয়ামী লীগ সরকার তাকে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে ব্যাংকটির ব্যবস্থাপনা বা পরিচালনায় তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি কখনোই ব্যাংকটির কোনো শেয়ারের মালিক ছিলেন না বলেও স্পষ্ট করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে ভেজাল ও নাম-পরিচয়বিহীন শিশু খাদ্যসহ অন্যান্য পণ্য বিক্রির অভিযোগে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর সোমবার (২৩ নভেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় সোনিয়া এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা, রাশেদ গাজীকে ১০ হাজার টাকা এবং অনিল সাহা নামে আরেকটি ব্যবসা প্রতিষ্ঠানকে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এমন পণ্য সামগ্রী বিক্রির দায়ে এই তিন ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬২ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।
অভিযানের শেষে ভেজাল শিশু খাদ্যসহ অন্যান্য সামগ্রী জব্দ করে নষ্ট করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : লিবিয়ার পূর্বাঞ্চলীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, বেনগাজী বন্দরে একটি রুশ জাহাজে রোববার ড্রোন হামলা সংঘটিত হয়েছে।
ত্রিপোলি থেকে এএফপি সংবাদ সংস্থার মাধ্যমে জানানো হয়েছে, হামলার ফলে একটি বিস্ফোরণ ঘটেছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
খলিফা হাফতার সমর্থিত পূর্বাঞ্চলীয় প্রশাসন এক বিবৃতিতে জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, বন্দরে নোঙ্গর করা রুশ জাহাজের ভেতরে বিস্ফোরণটি ঘটেছে। হামলার সময় জাহাজটি রাশিয়ায় ফিরে যাওয়ার জন্য জ্বালানি পূরণ ও রসদ সরবরাহের উদ্দেশ্যে এখানে সাময়িক বিরতি নিয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার আটঘরিয়ায় তিনদিন পর মো. আলাউদ্দিন মোল্লা (৬০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার জুমাইখিড়ি পূর্বপাড়া গ্রামের নিজ বসতঘর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের চয়ন উদ্দিন মোল্লার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সদস্যরা আত্মীয়ের বাড়িতে যাওয়ার কারণে গতকাল রোববার সকাল ৮টা থেকে আলাউদ্দিন মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরে সোমবার বাড়ির লোকজন ফিরে এসে ঘরের ভেতরে তাঁর মরদেহ দেখতে পান। খবর পেয়ে আটঘরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মর্গে পাঠায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুজ্জামান সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর নিউমার্কেট এলাকায় টিটন হত্যা মামলার শীর্ষ সন্ত্রাসী শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে পরিচিত, তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এই আদেশ দেন।
এদিন বিকেল পৌনে ৫টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে সুইডেন আসলামকে এজলাসে হাজির করা হয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. ইরফান খান তার ৭ দিনের রিমান্ডের জন্য আবেদন করেন। রাষ্ট্রপক্ষে অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন আসামির রিমান্ডে নেওয়ার যৌক্তিকতা তুলে ধরেন। আসামির পক্ষে অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন আবেদন নাকচ করে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল রাত পৌনে আটটার দিকে রাজধানীর নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তরা টিটনকে গুলিতে হত্যা করে। টিটন হত্যার ঘটনায় তার বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এজাহারে ঘটনার পেছনে গরুর হাটের ইজারা (শিডিউল) নিয়ে বিরোধকে দায়ী করা হয়েছে। বলা হয়েছে, এই ইজারা নিয়ে ইমামুল হাসান হেলাল (পিচ্চি হেলাল), বাদল (কিলার বাদল/কাইল্লা বাদল), শাজাহান ও রনিসহ (ভাঙ্গারি রনি) কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়। ২৭ এপ্রিল টিটন তার বড় ভাইকে ফোন করে জানান, প্রতিপক্ষ তাকে ডেকেছে এবং তারা সমঝোতার মাধ্যমে বিষয়টি মীমাংসা করতে চায়। পরের দিন ২৮ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ৭টা ৫০ মিনিটে ঢাবির শাহনেওয়াজ হোস্টেলের সামনে বটতলায় পাকা সড়কে টিটনের ওপর হামলা চালানো হয়। মোটরসাইকেলে করে আসা দুইজন অস্ত্রধারী ব্যক্তি এবং তাদের সঙ্গে থাকা আরও পাঁচ থেকে সাতজনের পরিকল্পনায় টিটনকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালানো হয়। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ