মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি প্রতিনিধি
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৪ পি.এম
রাঙ্গামাটিতে পূর্ববিরোধের জেরে সন্তানসহ এক সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে ‘দি বান্দরবান পরিবহন’-এর মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম (৪৫) রাঙ্গামাটি কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) থানায় দেওয়া অভিযোগে সাংবাদিক জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, তিনি দৈনিক রূপান্তর বাংলা পত্রিকার রাঙ্গামাটি জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। গত ৪ আগস্ট হ্যাপির মোড় সড়কে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি বড় কাভার্ড ভ্যান বিপরীতমুখী অবস্থানে রেখে পণ্য ওঠানামা করায় জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি একটি ভিডিও ধারণ করে প্রকাশ করেন। এরপর পরিবহনটির মালিক মোখতার, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের সঙ্গে তাঁর বিরোধের সৃষ্টি হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
জাহাঙ্গীর আলমের অভিযোগ, ওই ভিডিও প্রকাশের পর থেকে তাঁকে বিভিন্ন সময় গাড়িচাপা দিয়ে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল।
অভিযোগে বলা হয়, গত ৫ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২৫ মিনিটে সন্তানদের নিয়ে মোটরসাইকেলে করে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভেদভেদী বাজারের মঞ্জু স্টোরের সামনে পৌঁছালে পেছন দিক থেকে ‘দি বান্দরবান পরিবহন’-এর একটি কাভার্ড ভ্যান তাঁর মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে সাংবাদিক জাহাঙ্গীর আলম এবং তাঁর ছেলে জাবির, মেয়ে জারিন ও ছোট মেয়ে মুনতাহা আহত হন। একই ঘটনায় মোটরসাইকেলটির পেছনের ব্যাকলাইট ও সামনের হেডলাইটের কভার ভেঙে যায় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক তাঁর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হলে গাড়িটি সরানোর কথা বলে চালক সেখান থেকে চলে যান। এরপর পরিবহনটির মালিক মোখতারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি। দুর্ঘটনার ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, ঘটনার দিন দুপুর ২টা ১ মিনিটের দিকে পরিবহনটির ম্যানেজার পরিচয়ে একটি মোবাইল নম্বর থেকে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে ফোন করা হয়। কথোপকথনের একপর্যায়ে তাঁকে বলা হয়, ‘আপনি আগে এই পরিবহন নিয়ে একটি ভিডিও করেছিলেন। এসব করবেন না। এটি আপনার জন্য সতর্কবার্তা।’ এ ছাড়া রাস্তা ছোট হওয়ায় পণ্য ওঠানামার সুবিধার্থে বিপরীত পাশে গাড়ি রাখতে হয় এবং প্রশাসন বিষয়টি জানে বলেও ওই ব্যক্তি দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম। তিনি ঘটনার তদন্ত করে পরিবহনটির মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কোতোয়ালী থানার অফিসার ইনচার্জের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত পরিবহন মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট চালকদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে সংযুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য জননেতা নাসির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব মঈন উদ্দিন চৌধুরী মাসুকের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন জগদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্প্রতি অসুস্থতা কাটিয়ে সুস্থ হয়ে বাসায় ফেরার পর তাঁকে দেখতে যান নেতাকর্মীরা। এ সময় তাঁরা তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন।
মঈন উদ্দিন চৌধুরী মাসুক নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “তোমাদের দোয়া ও ভালোবাসায় মহান আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ।”
উল্লেখ্য, বিগত সরকারের আমলে বিএনপির আন্দোলন-সংগ্রামে মঈন উদ্দিন চৌধুরী মাসুক নেতাকর্মীদের পাশে থেকে দলের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দুঃসময়ে তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় সম্পর্ক ও সহযোগিতার কারণে তিনি তাঁদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছেন।
তাঁর অসুস্থতার খবর শুনে নেতাকর্মীদের উদ্বেগ এবং সুস্থ হয়ে ফেরার পর তাঁকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে তাঁর প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও রাজনৈতিক সম্
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শীত মৌসুম শুরু হলেই বাকেরগঞ্জসহ বিভিন্ন এলাকায় সক্রিয় হয়ে ওঠে এক শ্রেণির মৌসুমি চাঁদাবাজ চক্র। বসন্তের কোকিলের মতো তারাও শীতের মৌসুমে হাজির হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নামে-বেনামে বিভিন্ন সংগঠনের নামে পিকনিকের কার্ড ও সংগঠনের কার্ড বানিয়ে একটি চক্র সরকারি অফিস, দপ্তর, আদালত, ইটভাটাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদা আদায় করে। এতে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীরা বিব্রতকর পরিস্থিতির শিকার হন।
সচেতন মহলের মতে, পিকনিকের নামে এই ধরনের চাঁদাবাজি একটি সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। প্রতি বছর শীতের শুরুতে এই চক্রটি নতুন নতুন কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়।
এ বিষয়ে সচেতন নাগরিকরা বলেন, নামে-বেনামে সংগঠনের নামে এই চাঁদাবাজি যারা করতে আসবে, তাদেরকে সাথে সাথে প্রতিহত করতে হবে। কেউ যদি পিকনিকের কার্ড বা সংগঠনের কার্ড নিয়ে চাঁদা চাইতে আসে, তাকে দ্রুত আইনের হাতে তুলে দিতে হবে।
এ ব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পড়াশোনা যার হাতেখড়ি নেওয়ার কথা ছিল বই-খাতা আর কলমে, তার এই কিশোরবেলা কাটছে এখন বাজারের কোনো এক দোকানের পাটাতনে বসে পণ্যের হিসেব কষে। সংসারের অভাবের কষাঘাতে বাধ্য হয়েই ক্লাসরুম ছেড়ে কাজের জগতে নামতে হয়েছে ১১বছরের শিশু ও মেধাবী ছাত্র শাহীনকে। কিন্তু এই করুণ দৃশ্য মেনে নিতে পারছেন না তার বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক। শাহীনের চোখে অপার সম্ভাবনা দেখতে পাওয়া ওই শিক্ষকের আকুতি আর নিরন্তন প্রচেষ্টা এখন নাড়া দিয়েছে বহু বিবেকবান মানুষকে।
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খায়রুন নেছা। বিদ্যালয়ের মেধাবী ছাত্র শাহীনের ঝরে পড়া রোধে তিনি দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু তার এই লড়াইয়ে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শাহীনের পারিবারিক চরম সংকট।
খোঁজ নিয়ে জানা যায়, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের বেপারীপাড়া গ্রামের প্রতিবন্ধী ও অসহায় মো. শামীম মিয়ার বড় ছেলে মো. শাহীন মিয়া। সে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার সরারচর ইউনিয়নের কামালপুর হাজী খুরশিদ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির (রোল নম্বর-১) মেধাবী ছাত্র। দুই ভাইয়ের মধ্যে শাহীন বড়; ছোট ভাই মো. নাঈম মিয়া ওরুফে রবিউল ইসলাম (৯) একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
পরিবারের একমাত্র উপার্জনক্ষম রিকশাচালক বাবা ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে প্যারালাইজড (অচল) হয়ে যাওয়ার পর থেকে ঠিকমতো চলাফেরা করতে পারছেন না। মা-ও কোনো কাজ করার সুযোগ পাননি। ভিটেমাটি ছাড়া ফসলি কোন জমাজমিও নেই তাদের। চরম অনটন আর পেটের দায়ে দিশেহারা হয়ে একপর্যায়ে বাধ্য হয়েই মা-বাবা তাদের আদরের বড় সন্তান শিশু শাহীনের লেখা পড়া বন্ধ করে দিয়ে সংসারের ঘানি টানতে ৪ হাজার টাকা মাসিক বেতনে পার্শ্ববর্তী বাজিতপুর উপজেলার ভাগলপুর রশি মার্কেটে আলমগীর মিয়ার একটি দোকানে কাজে পাঠান। বর্তমানে সেই দোকানে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত হাড়ভাঙা খাটুনি খেটে এই বয়সেই সংসারের হাল ধরতে হচ্ছে অবুঝ এই শিশুকে।
এদিকে অভাবের তাড়নায় মা মাসুদা বেগম নিজেই যেন পরোক্ষভাবে মেনে নিয়েছেন সন্তানের এই নির্মম পরিণতি; সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবার মতো মানসিক শক্তিও যেন ফুরিয়ে এসেছে তাঁর। তবে থেমে থাকেননি শিক্ষক খায়রুন নেছা। মেধাবী ছাত্র শাহীনকে স্কুলে ফিরিয়ে আনতে তাঁর এই ছটফটানি ও অস্থিরতায় সর্বাত্মকভাবে পাশে এসে দাঁড়িয়েছেন তাঁর স্বামী আবুল খায়ের রুবেলও। তিনিও নিজ জায়গা থেকে শাহীনের পড়াশোনা টিকিয়ে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একদিকে পেটের দায়ে দিশেহারা জন্মদাত্রী মায়ের নীরবতা, অন্যদিকে একজন শিক্ষকের বুকভরা হাহাকার-এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে খায়রুন নেছার মধ্যে জেগে উঠেছে এক অনন্য মাতৃত্বের রূপ, যা ছুঁয়ে গেছে আশপাশের প্রতিটি সংবেদনশীল হৃদয়কে।
শিক্ষক খায়রুন নেছা আকুতি জানিয়ে বলেন, "শাহীনের চোখে আমি এক উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে পাই। তাকে যেকোনো মূল্যে আমাদের স্কুলে ফেরাতেই হবে।"
শাহীনের মতো সম্ভাবনাময় একটি শিশুর জীবন থেকে এই অন্ধকার দূর করতে, শিক্ষকের এই নতুন জেগে ওঠা মাতৃত্বকে সম্মান জানাতে এবং হতভাগা মায়ের বুকে প্রকৃত মাতৃত্বের স্বস্তি ফিরিয়ে দিতে-কাজটি যত কঠিনই হোক না কেন, দায়িত্বশীল সকলের দ্রুত ও ফলপ্রসূ পদক্ষেপ প্রত্যাশা করছেন এলাকাবাসী ও সচেতন মহল।
বিতর্ক মঞ্চের প্রধান উদ্যোক্তা রাকিবুল হান্নান মিজান বলেন, আমি জীবনের অনেকটা সময় বিতর্কের মাধ্যমে তৃণমূলের শিক্ষার্থীদের উন্নয়নে কাজ করেছি। তাই কুলিয়ারচর তথা সারা দেশে কোন মেধাবী কিংবা সাধারণ শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ বন্ধ হয়ে গেলে আমি অনেক কষ্ট পাই। মেধাবী শিক্ষার্থী শাহীনের শিক্ষার পথ সুগম হলে আশাবাদী হবে আরো অনেক সুযোগ বঞ্চিত শিক্ষার্থী ও শিক্ষার্থীর মা-বাবা।
এব্যাপারে কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ বলেন, শিশু শাহীনের পড়াশোনা বন্ধ হয়ে শ্রমে যুক্ত হওয়ার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। অর্থনৈতিক অসচ্ছলতার কারণে কোনো শিশুর শিক্ষাজীবন ব্যাহত হোক, তা আমরা চাই না। শাহীনের পড়াশোনা পুনরায় চালু করা এবং তার পরিবারের আর্থিক সংকট নিরসনপূর্বক কর্মসংস্থানের সুযোগ করে দেয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তা, সমাজসেবা কার্যালয় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। আমাদের প্রত্যাশা, শাহীন আবারও বিদ্যালয়ে ফিরে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্রিটিশ অভিনেত্রী জুলিয়েট স্টিভেনসন স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি ফিলিস্তিনি শিশুদের জীবনের তুলনায় নিজের অভিনয়জীবন বা ক্যারিয়ারকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন না। গাজায় ইসরাইলের সামরিক অভিযানে শিশুদের ভয়াবহ দুর্ভোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার কারণে যদি কেউ তার সঙ্গে কাজ করতে না চান, তাতেও তার কোনো আপত্তি নেই। তার কাছে ফিলিস্তিনি শিশুদের জীবন ক্যারিয়ারের চেয়ে অনেক বেশি মূল্যবান।
৬৯ বছর বয়সি এই অভিনেত্রী কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন। সাক্ষাৎকারটির শিরোনাম ছিল ‘জুলিয়েট স্টিভেনসন অন গাজা: আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড বাই দ্য সাইলেন্স ইন মাই ইন্ডাস্ট্রি’।
সাক্ষাৎকারে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তার পেশাগত জীবনে সম্ভাব্য প্রভাব সম্পর্কে প্রশ্ন করা হলে স্টিভেনসন বলেন, যদি তার বক্তব্য কারো পছন্দ না হয়, তবে সেই ব্যক্তি তার সঙ্গে কাজ করতে না চাইতেই পারেন। এমনকি নিজের বিশ্বাসের জন্য পেশাগতভাবে শাস্তির সম্মুখীন হলেও তিনি মনে করেন, সংশ্লিষ্ট জায়গায় থাকার প্রয়োজন নেই।
তিনি বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমি মনে করি না ফিলিস্তিনি শিশুদের জীবনের চেয়ে আমার ক্যারিয়ার বেশি গুরুত্বপূর্ণ। সত্যিই, আমি এমনটা একেবারেই মনে করি না।”
এছাড়া, জীবনের শেষ সময়ে পেছনে ফিরে তাকিয়ে যেন বলতে পারেন, সঠিক সময়ে সঠিক কাজটি করার চেষ্টা করেছিলেন—এটাই তার প্রত্যাশা।
তবে অভিনয় থেকে সরে যাওয়ার কোনো ইচ্ছা তার নেই। অভিনয়কে তিনি ভালোবাসেন এবং কাজ চালিয়ে যেতে চান। মানুষের কাছে কার্যকরভাবে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য তার পরিচিতি ও সামাজিক অবস্থানও গুরুত্বপূর্ণ। তবে ফিলিস্তিনের পক্ষে কথা বলার কারণে তিনি এখন পর্যন্ত পেশাগতভাবে কোনো শাস্তির সম্মুখীন হননি। বরং গত বছরে তিনি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি কাজ করেছেন।
গাজার শিশুদের দুর্ভোগে ব্যথিত
সাক্ষাৎকারে গাজার শিশুদের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন স্টিভেনসন। তিনি বলেন, পৃথিবীর সব মা-বাবাই তাদের সন্তানদের সমানভাবে ভালোবাসেন। ফিলিস্তিনি মা-বাবারাও তাদের সন্তানদের ঠিক ততটাই ভালোবাসেন, যতটা অন্য দেশের মা-বাবারা নিজেদের সন্তানদের ভালোবাসেন। অথচ তাদের সন্তানদের ওপর যে ভয়াবহ দুর্ভোগ নেমে এসেছে, তা দেখে রাজনীতিবিদেরা কীভাবে নীরব থাকছেন, তা তার বোধগম্য নয়।
স্টিভেনসনের ভাষ্য অনুযায়ী, গাজায় অসংখ্য শিশু তাদের পরিবার হারিয়েছে। অনেক মা-বাবা তাদের সন্তানদের হারিয়েছেন। অপুষ্টিতে ভুগছেন অন্তঃসত্ত্বা নারীরা। তাদের অনেকেই অপরিণত ও অত্যন্ত কম ওজনের সন্তান জন্ম দিচ্ছেন, যাদের বেঁচে থাকাও কঠিন হয়ে পড়ছে।
তিনি আরো বলেন, গাজার অধিকাংশ স্বাস্থ্যসেবা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। যেসব হাসপাতালে এখনো চিকিৎসাসেবা চালু রয়েছে, সেখানেও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম ও ওষুধের তীব্র সংকট রয়েছে। মা ও নবজাতকদের চিকিৎসার সুযোগও সীমিত হয়ে পড়েছে।
গাজার পরিস্থিতি দেখে বিশ্বের যেকোনো মায়ের আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার কথা বলেও মন্তব্য করেন তিনি।
ফিলিস্তিনের পক্ষে ব্রিটিশ মায়েদের সোচ্চার হওয়ার আহ্বান
আলজাজিরার সঙ্গে সাক্ষাৎকারের সময় ফিলিস্তিনি মা-বাবার প্রতি ব্রিটিশ মায়েদের সংহতি জানানোর একটি উদ্যোগ নিয়েও কথা বলেন স্টিভেনসন।
এই উদ্যোগের অংশ হিসেবে তিনি অভিনেত্রী জুডি ডেঞ্চ, মীরা সায়াল, সিয়েনা মিলারসহ শতাধিক সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে যুক্তরাজ্যের জনপ্রিয় অনলাইন অভিভাবকত্ববিষয়ক প্ল্যাটফর্ম মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টসকে চিঠি লিখেছিলেন।
তাদের দাবি ছিল, গাজায় আটকে থাকা মাতৃসেবা ক্লিনিকগুলোকে মিসর থেকে প্রবেশের সুযোগ দিতে এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর প্রবেশাধিকার নিশ্চিত করতে যুক্তরাজ্য সরকারের ওপর চাপ সৃষ্টি করা হোক। বিশেষ করে নারী ও কিশোরীদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সরবরাহের বিষয়টিও গুরুত্ব পায় তাদের দাবিতে।
স্টিভেনসন বলেন, এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ব্রিটিশ মায়েদের সংগঠিত করে গাজার মায়েদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা। অনেকেই গাজার মানুষের দুর্ভোগ দেখে কিছু করতে চান, কিন্তু কীভাবে এগোবেন তা বুঝতে পারেন না। এই উদ্যোগ তাদের জন্য একটি সুযোগ তৈরি করতে পারে।
ইহুদি পরিবারের সঙ্গে সম্পর্কের কথাও তুলে ধরেন
ফিলিস্তিনের পক্ষে তার দীর্ঘদিনের অবস্থানের ব্যাখ্যা দিতে গিয়ে নিজের পারিবারিক পটভূমির কথাও তুলে ধরেন স্টিভেনসন। তিনি জানান, বহু বছর আগে ফিলিস্তিনিদের পরিস্থিতি সম্পর্কে জানার পর থেকেই বিষয়টি তাকে নাড়া দিয়েছিল। তার কাছে এটি চরম অবিচারের একটি উদাহরণ।
স্টিভেনসনের স্বামী হিউ ব্রডি ইহুদি। তার শাশুড়ি হিটলারের নাৎসি শাসনামলে অস্ট্রিয়ার ভিয়েনা থেকে শরণার্থী হিসেবে পালিয়ে বেঁচেছিলেন।
স্টিভেনসন বলেন, হলোকাস্টের ভয়াবহ পরিণতি এবং ইহুদিদের নিরাপত্তা ও সুরক্ষার প্রয়োজনীয়তা তিনি বোঝেন। ইহুদিবিদ্বেষের ভয়াবহতা সম্পর্কেও তিনি সচেতন। তবে ইসরাইল সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করাকে ইহুদিবিদ্বেষের সঙ্গে এক করে দেখার বিরোধিতা করেন তিনি।
তিনি বলেন, ইসরাইলি নাগরিকদের নিরাপত্তা নিয়েও তিনি উদ্বিগ্ন। তবে গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে যে সহিংসতা চালানো হচ্ছে, তা ওই অঞ্চলের কারো জন্যই কল্যাণকর নয়।
শিল্পাঙ্গনের নীরবতায় হতাশ
গাজায় চলমান পরিস্থিতি নিয়ে ব্রিটেনের শিল্পী, অভিনেতা ও সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত ব্যক্তির নীরবতা নিয়েও হতাশা প্রকাশ করেন স্টিভেনসন।
তিনি বলেন, নিজের শিল্পাঙ্গনসহ সর্বত্র নীরবতা তাকে গভীরভাবে হতাশ করেছে। ভয় দেখিয়ে মানুষকে চুপ করিয়ে রাখার প্রবণতা কার্যকর হতে দেখে তিনি উদ্বিগ্ন।
তার ভাষায়, “এই পর্যায়ে নীরব থাকা কোনো নিষ্ক্রিয় অবস্থান নয়। বরং এটি সক্রিয় সিদ্ধান্ত—অন্যায়ের সঙ্গে সহযোগিতা করার সিদ্ধান্ত।”
স্টিভেনসনের মতে, শিল্পী ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব হলো মানুষের জীবন, অভিজ্ঞতা ও বাস্তবতাকে তুলে ধরা। ফিলিস্তিনের পরিস্থিতির ক্ষেত্রেও তাঁদের সেই দায়িত্ব পালন করা উচিত।
তিনি আরো বলেন, ইতিহাসে নাৎসি জার্মানির সময় যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেননি, তাদের কঠোরভাবে বিচার করা হয়। অথচ বর্তমান সময়ের অন্যায়ের ক্ষেত্রে একই ধরনের নৈতিক অবস্থান নিতে অনেকেই পিছিয়ে থাকছেন।
ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকার প্রশংসা
ফিলিস্তিনের অধিকার নিয়ে সোচ্চার ব্রিটিশ অভিনেত্রী ভ্যানেসা রেডগ্রেভের ভূমিকাও প্রশংসা করেন স্টিভেনসন। তিনি বলেন, মানবাধিকার রক্ষায় রেডগ্রেভের দীর্ঘদিনের অবস্থান ও প্রতিবাদ শিল্পাঙ্গনের মানুষের জন্য অনুপ্রেরণাদায়ক।
একই সঙ্গে তরুণ শিল্পীদেরও প্রশংসা করেন তিনি, যারা পরিচিতি বা তারকাখ্যাতি না থাকলেও যুদ্ধবিরোধী আন্দোলন ও মানবিক উদ্যোগে যুক্ত রয়েছেন।
ফিলিস্তিনের পক্ষে আন্দোলন অব্যাহত রাখার কারণ ব্যাখ্যা করে স্টিভেনসন বলেন, মানুষের মনোযোগে ফিলিস্তিনের বিষয়টি ধরে রাখা অত্যন্ত জরুরি। গণমাধ্যমে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখা এবং শান্তি ও ন্যায়বিচারের আন্দোলনকে সক্রিয় রাখাই তাঁর লক্ষ্য।
জীবনের একটি ব্যক্তিগত নীতির কথাও জানান তিনি। বলেন, “হতাশা এমন এক বিলাসিতা, যা আমাদের বহন করার সামর্থ্য নেই।”
উল্লেখ্য, জুলিয়েট স্টিভেনসন ব্রিটেনের মঞ্চ, চলচ্চিত্র ও টেলিভিশন জগতের পরিচিত অভিনেত্রী। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি মানবাধিকার ও শরণার্থী অধিকার নিয়ে কাজ করেছেন তিনি। ২০২৩ সালের ডিসেম্বরেও লন্ডনে ফিলিস্তিনের পক্ষে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে গাজায় শিশুদের মৃত্যু ও মানবিক বিপর্যয়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এই অভিনেত্রী।
সূত্র: আলজাজিরা, দ্য গার্ডিয়ান ও আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ