ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে নতুন পরিবর্তন


বিশ্বকাপে জাতীয় সঙ্গীতের নিয়মে নতুন পরিবর্তন

আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে জাতীয় সঙ্গীত পরিবেশনের নিয়মে বড় ধরনের পরিবর্তন আনছে ফিফা। এতদিন আন্তর্জাতিক ফুটবলে জাতীয় সঙ্গীতের সময় মাঠে উপস্থিত থাকতেন কেবল শুরুর একাদশের খেলোয়াড়রা। তবে এখন থেকে স্কোয়াডে থাকা সকল খেলোয়াড়কে মাঠে নামতে হবে।

২০২৬ বিশ্বকাপের ২৩তম আসর আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে। এই আসরে ৪৮ দলের অংশগ্রহণে স্কোয়াডের আকার ২২ থেকে ২৬ জনে বাড়ানো হয়েছে। নতুন নিয়ম অনুসারে, জাতীয় সঙ্গীতের সময় দলের সব সদস্য এবং ম্যাচের কর্মকর্তাগণ মাঠের মাঝখানের বৃত্তে নির্দিষ্ট বিন্যাসে অবস্থান করবেন। দুই দলের খেলোয়াড়রা একটি মুখোমুখি দাঁড়িয়ে আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করবেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে জানান, বিশ্বকাপের সম্প্রসারণের সঙ্গে ম্যাচের পূর্ব আয়োজনে নতুনত্ব আনা হচ্ছে। তাঁর মতে, জাতীয় সঙ্গীতের সময় সকল খেলোয়াড় এবং রেফারিদের একত্রে মাঠে উপস্থিতি খেলাটির আবেগ, গর্ব এবং ঐক্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে।

আরও পড়ুন: ‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে। সেখানে স্বাগতিক মেক্সিকো নিজেদের প্রথম ম্যাচ খেলবে।

এদিকে, ২০২৬ বিশ্বকাপে বিনোদন আয়োজনেও যুক্ত হচ্ছে নতুন মাত্রা। এর আগেই ফিফা ফাইনালের বিরতিতে মার্কিন ফুটবলের সুপার বোলের মতো বিশেষ হাফটাইম শোর ঘোষণা দিয়েছে। এই আয়োজনে অংশগ্রহণ করবেন জনপ্রিয় সংগীতশিল্পী ম্যাডোনা এবং শাকিরার মতো তারকারা।

শুধু ফাইনাল নয়, উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন শাকিরা এবং বার্না বয়। কানাডায় প্রথম ম্যাচের আগে পরিবেশনা করবেন মাইকেল বুবলে এবং অ্যালানিস মোরিসেট। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটি পেরি ও ফিউচার ইন লস অ্যাঞ্জেলস ব্যান্ডের পরিবেশনা থাকবে।

মাঠের খেলাতেও বেশ কিছু পরিবর্তন আনা হচ্ছে। কর্নার কিক এবং দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত পর্যালোচনা করতে ভিএআর ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি গোল কিক এবং থ্রো-ইনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমার পাশাপাশি প্রতিটি অর্ধে তিন মিনিটের ড্রিঙ্কস ব্রেক চালুর কথাও জানিয়েছেন ফিফা।

আরও পড়ুন: এমপি জিলানীর বাড়িতে হামলা-অগ্নিসংযোগ, স্বেচ্ছাসেবক দলের উদ্বেগ

প্রথমবারের মতো তিন দেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হতে চলা ২০২৬ বিশ্বকাপে মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বড় আসর হিসেবে বিবেচিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


জুয়া খেলা নিয়ে বাকবিতন্ডা ভাতিজাকে বাঁচাতে গিয়ে চাচার মৃত্যু: কিশোর গ্যাং নেতা গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় কিশোর গ্যাংয়ের মারধরে কামাল হোসেন নামে এক ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলার আসামি কিশোর গ্যাং নেতা মো. রনিকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (৫ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১১-৭, সিপিসি-২ যৌথ অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীর বায়োজিদ বোস্তামি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রনি উপজেলার দাদপুর ইউনিয়নের নিয়ন আলী হাজী বাড়ির মো. ইউসুফের ছেলে। অপরদিকে, নিহত কামাল একই গ্রামের লচি সর্দার বাড়ির মৃত মো. সোলেমানের ছেলে। তিনি গাছের ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার দাদপুর ইউনিয়নের লচি সর্দার বাড়ির পিছনে একই গ্রামের একদল কিশোর গ্যাং সদস্য জুয়া খেলা খেলছিল এবং শোরগোল করতে থাকে। ওই বাড়ির ফরহাদ (২৭) তখন জুয়ার আসরের কাছাকাছি গিয়ে তাদের ওখান থেকে চলে যেতে বলেন। তাৎক্ষণিক তারা ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

পরবর্তীতে, তারা দলবদ্ধভাবে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে রাত সাড়ে ৯টার দিকে বাড়িতে ঢুকে ফরহাদকে মারধর করতে থাকে। ভাতিজার চিৎকারে তার চাচা কামাল হোসেন ঘটনাস্থলে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে। ওই সময় পাশের বাড়ির ইমাম উদ্দিনের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা কামালকে এলোপাতাড়ি মারধর করতে থাকে যার ফলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এই ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা আক্তার (৩৮) বাদী হয়ে মামলা দায়ের করেন।

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ব্যক্তিগত মালামালসহ চট্টগ্রামের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে মোবাইল না পেয়ে অভিমান, কীটনাশক পানে কিশোরের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


বালিয়াকান্দিতে মোবাইল না পেয়ে অভিমান, কীটনাশক পানে কিশোরের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামে ১৪ বছর বয়সী শাকিব খান নামের এক কিশোরের মৃত্যু ঘটেছে। মায়ের কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে অভিমানে তিনি কীটনাশক পান করেন। ৪ জুন বিকেলে শাকিব তার মায়ের কাছে মোবাইল ফোন দেখতে চান। কিন্তু তার মা সাবিনা বেগম মোবাইল ফোন না দেওয়ায় শাকিব অভিমান করে ঘাস মারা কীটনাশক পান করে।

পরিবারের সদস্যরা এবং স্থানীয় লোকজন শাকিবকে অসুস্থ অবস্থায় দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তার অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চিকিৎসাধীন অবস্থায় শাকিবের শারীরিক অবস্থা খারাপ হতে থাকে এবং শুক্রবার (৫ জুন) রাতে প্রায় ২টার দিকে তাকে ঢাকা নেওয়ার পথে শাকিবের মৃত্যু ঘটে।

ঘটনার খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল থেকে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করে। এ ঘটনার জন্য একটি অপমৃত্যু (ইউডি) মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয়দের মতে, মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে পারিবারিক সচেতনতা ও সন্তানদের মানসিক অবস্থার প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। শাকিবের অকাল মৃত্যুর ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিপণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


কৃষিপণ্যের অপচয় রোধে দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উদ্ভাবনের বিকল্প নেই : বাণিজ্যমন্ত্রী

লিচু সংরক্ষণ নিয়ে আধুনিক এবং স্বল্প খরচের কার্যকর সমাধান বের করার জন্য সরকার গবেষণা কার্যক্রম হাতে নেবে, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, দেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ‘হোম সলিউশন’ উদ্ভাবনের বিকল্প নেই, যাতে কৃষিপণ্যের অপচয় রোধ করা যায়।

শুক্রবার, পাবনার ঈশ্বরদী উপজেলার মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে লিচু উৎসব ও কৃষি বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের কৃষকরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার সক্ষমতা রাখেন। কৃষির সঙ্গে এ অঞ্চলের মানুষের আত্মিক সম্পর্ক রয়েছে। ছোট শিশুদের মধ্যে কৃষির প্রতি যে ভালোবাসা আমি দেখেছি, তা সত্যিই অনন্য।

তিনি বলেন, আগে পেঁয়াজ দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হতো না। তবে স্বল্প খরচে ব্লোয়ার ও এক্সজস্ট ফ্যান ব্যবহার করে এখন কয়েক মাস সংরক্ষণ করা যাচ্ছে। একইভাবে লিচু ও আলুসহ বিভিন্ন কৃষিপণ্যের জন্য দেশীয় প্রযুক্তিনির্ভর কম খরচের সংরক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে হবে।

লিচুর পচন ও ফলন ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ খুঁজে বের করতে কৃষি মন্ত্রণালয়কে গবেষণার আহ্বান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, গরম আবহাওয়া অথবা কীটনাশকের কোনো ত্রুটির কারণে সমস্যা হয়ে থাকতে পারে। একটি লিচুও যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে কার্যকর সমাধান বের করতে হবে।

তিনি আরো বলেন, বর্তমানে বাংলাদেশ বছরে প্রায় চার কোটি টন চাল উৎপাদন করছে এবং পেঁয়াজ উৎপাদনেও স্বয়ংসম্পূর্ণতার পথে এগিয়ে গেছে। কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা আরও ১০ শতাংশ বেড়ে গেলে অনেকে কৃষিপণ্য বিদেশেও রপ্তানি করতে পারবে।

এর আগে বাণিজ্যমন্ত্রী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় স্থানীয় কৃষিপণ্য, লিচু, কৃষি প্রযুক্তি ও উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এ ছাড়াও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং বাংলাদেশ কৃষক সমিতির সভাপতি সিদ্দিকুর রহমান ময়েজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের অধিনায়ক হচ্ছেন শ্রেয়াস, ডাক পাচ্ছেন সূর্যবংশী

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ৫ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ পি.এম


ভারতের অধিনায়ক হচ্ছেন শ্রেয়াস, ডাক পাচ্ছেন সূর্যবংশী

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানোর কয়েক মাসের মধ্যেই অধিনায়কত্ব হারানোর শঙ্কায় পড়েছেন সূর্যকুমার যাদব।

ভারতের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আসন্ন আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ঘোষিতব্য টি-টোয়েন্টি দলে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বড় পরিবর্তন আনতে যাচ্ছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেতে পারেন শ্রেয়াস আইয়ার।

শুক্রবার (৬ জুন) বিসিসিআইয়ের বোর্ড সভায় দল ও অধিনায়কত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক এবং পরবর্তী আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দল পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা।

গত মার্চে সূর্যকুমার যাদবের নেতৃত্বে ভারত তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল। তবে টুর্নামেন্টে তার ব্যক্তিগত পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। ৯ ইনিংসে তিনি ২৪২ রান করলেও স্ট্রাইক রেট ছিল ১৩৬.৭২। এছাড়া আইপিএলের সর্বশেষ মৌসুমেও ১৩ ইনিংসে মাত্র ২৭০ রান করেন তিনি, যেখানে তার গড় ছিল ২০.৭৬।

এমন হতাশাজনক পারফরম্যান্সের কারণে শুধু অধিনায়কত্ব নয়, পুরো টি-টোয়েন্টি স্কোয়াডে তার জায়গা নিয়েও প্রশ্ন উঠেছে। ৩৫ বছর বয়সী এই ব্যাটারকে আসন্ন সিরিজের দল থেকে বাদ দেওয়া হতে পারে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, দীর্ঘদিন টি-টোয়েন্টি দলের বাইরে থাকা শ্রেয়াস আইয়ারের ভাগ্য খুলতে যাচ্ছে। ২০২৩ সালের ডিসেম্বরের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি না খেললেও অধিনায়ক হিসেবে তার সাফল্য নির্বাচকদের আস্থা অর্জন করেছে। ২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে আইপিএল শিরোপা জিতিয়েছিলেন তিনি। এছাড়া দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসকেও ফাইনালে তুলেছিলেন।

ব্যাট হাতেও ধারাবাহিক ছিলেন শ্রেয়াস। আইপিএল ২০২৫ মৌসুমে ৬০৪ রান করেছেন ১৭৫.০৭ স্ট্রাইক রেট নিয়ে। ২০২৬ মৌসুমে তার সংগ্রহ ৪৯৮ রান, স্ট্রাইক রেট ১৬৮.৮১।

এদিকে, ভারতীয় ক্রিকেটের নতুন বিস্ময় হিসেবে আলোচনায় থাকা ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশীও জাতীয় দলের ডাক পেতে যাচ্ছেন। আইপিএলের সাম্প্রতিক মৌসুমে দুর্দান্ত ব্যাটিং করে ৭৭৬ রান করেছেন তিনি। তার স্ট্রাইক রেট ছিল অবিশ্বাস্য ২৩৭.৩০।

ইতোমধ্যে সূর্যবংশীকে ভারত ‘এ’ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী ৯ থেকে ২১ জুন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে মাঠে নামবেন তিনি। ওই আসরে অংশ নেবে আফগানিস্তানও।

ভারত আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। এরপর ১ থেকে ১১ জুলাই পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। সেই সিরিজগুলোর দল ঘোষণার মধ্য দিয়েই ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%