০৮:০৩ পি.এম
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, বিগত সরকারের ভুল নীতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তিনি বলেন, ‘বিগত ৫ বছরে দেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৮ বিলিয়ন মার্কিন ডলার, এর মধ্যে সবচেয়ে বেশি ভারতের সঙ্গে।’
এ ছাড়া, বাণিজ্য ঘাটতি বৃদ্ধির পেছনে বৈশ্বিক জ্বালানি সংকট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধজনিত মূল্যবৃদ্ধি, ডলারের সংকট ও আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সোমবার (৮ জুন) জাতীয় সংসদে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জসীম উদ্দীন আহমেদের প্রশ্নের জবাবে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী। প্রশ্নোত্তর পর্বের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
আরও পড়ুন: মালয়েশিয়ায় ভূমিধসে বাংলাদেশি নির্মাণশ্রমিক নিহত, উদ্ধার হয়েছে আরও চারজন
চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরের আমদানি ও রপ্তানির পরিসংখ্যান অনুযায়ী, সার্কভুক্ত দেশ ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের সঙ্গে বাণিজ্য ঘাটতি রয়েছে।
আর নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপের সঙ্গে বাণিজ্য উদ্বৃত্ত দেখা যাচ্ছে।
নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশের রপ্তানি বাণিজ্য তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভরশীল এবং রপ্তানি আয়ের ৮৪ শতাংশ এই খাত থেকে অর্জিত হয়।
জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে ২০২টি দেশে পণ্য রপ্তানি করা হয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ আগামী ৩ বছরে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে: প্রধানমন্ত্রী
জসীম উদ্দীন আহমেদের এক প্রশ্নের উত্তরে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, দেশের চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি তিন বছর ধরে প্রায় এক বিলিয়ন ডলারের ঘরে আটকে আছে।
হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরের পর প্রত্যাশিত সুবিধা পাওয়া যায়নি। ফলে চামড়া প্রক্রিয়াজাতকরণ সক্ষমতা কমেছে এবং খাতটির সম্ভাবনাও পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিনের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আরও জানান, এ বছর কোরবানির পশুর সংখ্যা নিয়ে সরকারের কাছে যে তথ্য এসেছে, তাতে প্রায় এক কোটি এক লাখ পশু কোরবানি করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০ লাখ চামড়া সংগ্রহ ও সংরক্ষণ করা হয়েছে। বর্তমান বিবেচনায় এটি সন্তোষজনক।
মন্ত্রী আরো বলেন, সংরক্ষিত চামড়া কোথাও বিক্রি না হলে সংসদ সদস্যরা জানালে ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে তা বিক্রির ব্যবস্থা করার চেষ্টা করবে সরকার।
আরও পড়ুন: কালিয়াকৈরে লকডাউন ভেস্তে গেল, মহাসড়ক সচল আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায়
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে বছরে প্রায় ৬৭ বিলিয়ন ডলারের আমদানি ও ৫৫ বিলিয়ন ডলারের রপ্তানি হচ্ছে। প্রায় ১৩০ বিলিয়ন ডলারের এই বাণিজ্যের মধ্যে ঠিক কোন পণ্যের মাধ্যমে অর্থ পাচার হচ্ছে, তা পিনপয়েন্ট করা গবেষণার বিষয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন