০৪:৫৩ এম
একসময় টেলিভিশন ছিল দূর পৃথিবীর খবর জানার সবচেয়ে বড় জানালা। ঘরের এক কোণে থাকা একটি ছোট্ট পর্দায় চোখ রেখেই মানুষ জানতে পারত দেশ-বিদেশের খবর, দেখতে পেত নানা ঘটনা, উপভোগ করত গান, নাটক, সিনেমা ও খেলাধুলা। পৃথিবীর এক প্রান্তে ঘটে যাওয়া ঘটনা মুহূর্তেই পৌঁছে যেত অন্য প্রান্তের মানুষের ঘরে। ছবি ও শব্দের এই বিস্ময়কর মাধ্যম মানুষের জীবনযাপন, চিন্তা-ভাবনা ও বিনোদনের জগত্ বদলে দিয়েছিল। আজ ২১ নভেম্বর, বিশ্ব টেলিভিশন দিবস পালিত হচ্ছে সেই টেলিভিশনের অবদান স্মরণে।
সংবাদ, নাটক, সংগীত, চলচ্চিত্র, খেলাধুলা, টক শোসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে টেলিভিশন হয়ে উঠেছে মানুষের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ১৯২৬ সালের ২১ নভেম্বর স্কটিশ বিজ্ঞানী জন লোগি বেয়ার্ড তাঁর উদ্ভাবিত টেলিভিশন যন্ত্রের কার্যকর প্রদর্শন করেন। যোগাযোগ ও গণমাধ্যমের ইতিহাসে এটি ছিল একটি যুগান্তকারী ঘটনা। তাঁর এই উদ্ভাবন এবং বিশ্বজুড়ে টেলিভিশনের ভূমিকার স্বীকৃতিস্বরূপ ১৯৯৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ নভেম্বরকে বিশ্ব টেলিভিশন দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করে।
টেলিভিশন শব্দটির উৎপত্তি গ্রিক ও লাতিন শব্দের সম্মিলনে। গ্রিক শব্দ ‘টেলি’ অর্থ দূরত্ব, আর লাতিন শব্দ ‘ভিশন’ অর্থ দেখা। অর্থাৎ দূরের দৃশ্য দেখা। ছবি ও শব্দের সমন্বয়ে টেলিভিশন মানুষের সামনে খুলে দিয়েছিল নতুন এক জগৎ। সংবাদপত্র ও বেতারের পর এই মাধ্যমই প্রথম দৃশ্যসহ বিশ্বের নানা ঘটনাকে মানুষের ঘরে পৌঁছে দেয়। ফলে তথ্য ও বিনোদনের জগতে সূচিত হয় নতুন এক অধ্যায়।
আরও পড়ুন: চোখ ঘষে বিপদ ডাকছেন কি?
বেয়ার্ডের প্রাথমিক উদ্ভাবনের পর বিভিন্ন বিজ্ঞানী ও প্রকৌশলীর হাত ধরে ক্রমে টেলিভিশন প্রযুক্তি বিকশিত হতে থাকে। রুশ বংশোদ্ভূত প্রকৌশলী আইজাক শোয়েনবার্গের নেতৃত্বে ১৯৩৬ সালে বিবিসি নিয়মিত টেলিভিশন সম্প্রচার শুরু করে। চল্লিশের দশকে টেলিভিশনের বাণিজ্যিক প্রসার ঘটে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রযুক্তির উন্নয়ন আরো গতি পায়। গত শতাব্দীর পঞ্চাশের দশকে টেলিভিশন বিশ্বজুড়ে শক্তিশালী গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠা পেতে শুরু করে।
বাংলাদেশের টেলিভিশন সম্প্রচারের ইতিহাস ছয় দশকের বেশি পুরনো। ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর তত্কালীন পূর্ব পাকিস্তানে ঢাকা টেলিভিশন কেন্দ্রের মাধ্যমে শুরু হয় সাদা-কালো সম্প্রচার। ১৯৮০ সালে শুরু হয় রঙিন সম্প্রচার। এরপর সময়ের সঙ্গে বিস্তৃত হয়েছে দেশের টেলিভিশন জগৎ।
বাংলাদেশে বেসরকারি টেলিভিশনের যাত্রা শুরু হয় ১৯৯৭ সালে। পরে একের পর এক আসে বেসরকারি টেলিভিশন চ্যানেল। বিনোদনের পাশাপাশি জনসচেতনতা তৈরি, শিক্ষা বিস্তার, দুর্যোগের সময় জরুরি তথ্য সরবরাহ এবং জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ তুলে ধরতেও টেলিভিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাজনৈতিক ও সামাজিক নানা ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক সংকট কিংবা বড় কোনো ক্রীড়া আয়োজন—সবকিছুই সরাসরি দেখার সুযোগ তৈরি করেছে এই মাধ্যম। জনমত গঠন ও মানুষের মধ্যে যোগাযোগের ক্ষেত্রেও টেলিভিশনের অবদান উল্লেখযোগ্য।
আরও পড়ুন: হাসি-খুশি মানুষ হঠাৎ করেই বিষণ্ন? আড়ালে থাকতে পারে ভয়ংকর বাইপোলার ডিসঅর্ডার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন