০২:৩০ পি.এম
৩৬ মণ চালের পাশাপাশি সমপরিমাণ ডাল এবং গরুর মাংসের জন্য বিশাল আয়োজন করা হয়েছে। অতিথির সংখ্যা এক বা দুইজন নয়, বরং প্রায় ১০ হাজার মানুষ! এটি কোনো বিয়ে বা উৎসবের অনুষ্ঠান নয়, বরং ঐতিহ্যকে সংরক্ষণ করার লক্ষ্যে ৬০ বছর ধরে ময়মনসিংহের ত্রিশালের একটি পরিবার এ ধরনের মেজবানের আয়োজন করে আসছে। এখানে কোনো ভেদাভেদ নেই, আনুষ্ঠানিকতার বেড়াজালও নেই। এখানে শুধু একসঙ্গে বসে খাওয়া, মানুষের প্রতি ভালোবাসা এবং শেকড়ের টান রয়েছে।
একটি ছোট আয়োজনের মাধ্যমে শুরু হয়েছিল। ছয় দশক আগে দুই-তিন মণ চাল দিয়ে যে মেজবানের সূচনা হয়েছিল, তা সময়ের সঙ্গে পরিণত হয়েছে বিশাল এক মিলনমেলায়।
গ্রামের নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রতিবছর কার্তিক মাসের প্রথম সপ্তাহে এই মেজবানের আয়োজন করা হয়। এবছর শনিবার (১৪ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার ধানীখোলা দক্ষিণ ভাটিপাড়ার জাহিরুল উলুম দাখিল মাদ্রাসা মাঠে বসে আসর। ত্রিশালসহ দূরদূরান্ত থেকে আত্মীয়স্বজন, পরিচিতজন এবং এলাকার মানুষরা এখানে আসেন। সবার পরিচয় একটাই- তারা এই মেজবানের অতিথি।
আরও পড়ুন: হাতিয়ায় পাচারের সময় ১৭.৫ টন সিমেন্ট জব্দ, ৯ জন আটক
উদ্যোক্তা নুরুদ্দীন খানের বর্তমান বয়স ৮৫ বছর। পাকিস্তান আমলে তিনি কৃষি উন্নয়ন করপোরেশনে থানা ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। ১৯৬৬ সালে যখন তার বয়স ২৫ বছর, তখন তিনি নিজ উদ্যোগে ৬০ থেকে ৭০ জন মানুষকে নিয়ে এই আয়োজন শুরু করেন। এক বেলা ভালো খাবার খাওয়ানোর উদ্দেশ্যে তিনি এটি শুরু করেন। প্রথম দিকে দু-তিন মণ চাল ও ডাল দিয়ে আয়োজন করা হতো। সময়ের সঙ্গে সঙ্গে আয়োজনের পরিসর এবং অতিথির সংখ্যা বেড়েছে।
নুরুদ্দীন খান বলেন, "প্রায় ৬০ বছর ধরে আমি এই আয়োজনটি করছি। ছোট পরিসরে শুরু করেছিলাম। তখন দুই-তিন মণ চাল-ডাল দিয়ে মানুষকে খাওয়াতাম। এবার ৯ হাজার মানুষকে দাওয়াত দিয়েছিলাম। তবে উপস্থিতি আরও বেড়েছে। প্রায় ১০ হাজার মানুষ খেয়েছেন।"
তিনি জানান, এ আয়োজনে এলাকার দরিদ্র মানুষ, আত্মীয়স্বজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে নিমন্ত্রণ জানানো হয়। আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে আসেন। তার উদ্দেশ্য হলো সবাইকে এক বেলা তৃপ্তি করে খাওয়ানো এবং মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখা। যত দিন তিনি বেঁচে থাকবেন, তত দিন এ আয়োজন চালিয়ে যেতে চান। দীর্ঘদিনের এ আয়োজন ধরে রাখতে নুরুদ্দীন খানের চার ছেলে সহযোগিতা করছেন। তারা প্রত্যেকেই ব্যবসার সঙ্গে যুক্ত।
এবারের আয়োজনে রান্না করা হয় ১ হাজার ৩২৪ কেজি গরুর মাংস। এছাড়া ৩৬ মণ চালের ভাত, ৭০০ লাউ দিয়ে ১ হাজার ৩০০ কেজি মাষকলাইয়ের ডাল প্রস্তুত করা হয়। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খাবার পরিবেশন করা হয়।
আরও পড়ুন: রূপসায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রলবোমা নিক্ষেপ, বিএনপির বিক্ষোভ
প্রতি দফায় প্রায় ১ হাজার ২০০ জনকে খাবার পরিবেশন করা হয়। আয়োজন সফল করতে গ্রামের প্রায় ৩০০ তরুণ ও স্বেচ্ছাসেবক কাজ করেন। দুই দিন ধরে তারা রান্না, খাবার পরিবেশন, অতিথিদের বসার ব্যবস্থা এবং সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।
আয়োজনের তদারকির দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন খান বলেন, "বাইরের লোকের ওপর নির্ভর না করে গ্রামের তরুণরাই সম্মিলিতভাবে আয়োজনের সব কাজ করেছেন।"
মেজবানে খেতে আসা দরিরামপুর উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুর রশিদ বলেন, "প্রতিবছরই এ আয়োজন হয়। এত মানুষের অংশগ্রহণে এলাকার মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ তৈরি হয়।"
ত্রিশাল থেকে আসা স্মৃতি আক্তার জানান, আয়োজক পরিবারের আত্মীয় হিসেবে প্রতিবছর তিনি এ অনুষ্ঠানে আসেন। আত্মীয়স্বজন ও পরিচিতজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ এবং সবার সঙ্গে একসঙ্গে খাওয়ার বিষয়টি তার ভালো লাগে।
আরও পড়ুন: নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল
ছয় দশকের এই মেজবান গ্রামীণ বাংলার শেকড়, সম্প্রীতি এবং নিখাদ ভালোবাসার একটি জীবন্ত গল্প। এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, বরং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে—এমন প্রত্যাশা আয়োজকদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন