১০:৫২ পি.এম
ভারতের মধ্যপ্রদেশের ছিন্দওয়াড়া জেলার পারাসিয়া এলাকার দারবাই গ্রামে একদল যুবক হিজড়ার ছদ্মবেশে বকশিশ আদায়ের অভিযোগ তুলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিয়ের অনুষ্ঠানে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর থেকে ব্যাপক আলোচনা চলছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে, বিয়েবাড়িতে হিজড়া পরিচয়ে কয়েকজন যুবক মোটা অঙ্কের বকশিশ দাবি করেন। তবে এই দাবির কারণে উপস্থিত লোকজনের মধ্যে সন্দেহ তৈরি হলে স্থানীয় হিজড়া সম্প্রদায়ের সদস্যদের খবর দেওয়া হয়।
কিছুক্ষণের মধ্যে স্থানীয় হিজড়া সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই যুবকদের পরিচয় যাচাই শুরু করেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরিচয় যাচাইয়ের পর যুবকদের প্রকৃত পরিচয় প্রকাশ পেলে অনুষ্ঠানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। ভিডিওতে কয়েকজনকে অভিযুক্তদের মারধর করতে এবং তাদের পোশাক টানাটানি করতে দেখা যায়। উপস্থিত অনেকেই পুরো ঘটনা মোবাইল ফোনে ভিডিও করেন।
আরও পড়ুন: সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে সোমালিয়া আমিরাতের রাষ্ট্রদূতকে বহিষ্কার
স্থানীয়দের দাবি, অভিযুক্ত যুবকেরা এর আগেও বিভিন্ন বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে হিজড়ার ছদ্মবেশ ধারণ করে অর্থ আদায় করে আসছে। তবে এখনো পুলিশের পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। 'প্রাইম নিউজ' নামের একটি স্থানীয় এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। পরে এটি দ্রুত ভাইরাল হয়ে যায় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ এ বিষয় নিয়ে ক্ষোভ জানিয়েছেন এবং কেউ কেউ ঘটনাটিকে হাস্যরসের দৃষ্টিতেও দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন