০৩:৪৪ পি.এম
ফরিদপুরে নিখোঁজের দুই দিন পর পুলিশ পাটক্ষেত থেকে ইউসুফ ফকির (৪৭) নামে এক ভুসি মাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে।
শনিবার (১৮ জুলাই) সকালে সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের লোকমান খাঁর ডাঙ্গি এলাকার একটি পাটক্ষেত থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহের ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত ইউসুফ ফকির সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের সহির উদ্দিন ফকিরের ছেলে। তিনি মমিন খাঁর হাটে ভুসি মালের ব্যবসা পরিচালনা করতেন।
আরও পড়ুন: ঝালকাঠিতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্য আটক
পারিবারিক সূত্রে জানা যায়, ১৬ জুলাই সন্ধ্যার পর থেকে ইউসুফ ফকির নিখোঁজ ছিলেন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি, এবং পরদিন ১৭ জুলাই তাঁর ভাতিজা সাইফুল ইসলাম ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শনিবার (১৮ জুলাই) সকাল ৭টার দিকে স্থানীয় কৃষকরা পাটক্ষেতে কাজ করতে গিয়ে একজনকে পড়ে থাকতে দেখতে পান। তারা কাছে যেতেই ইউসুফ ফকিরকে অচেতন অবস্থায় শনাক্ত করেন।
পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা ঘটনাস্থলে এসে দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইউসুফ ফকিরকে মৃত ঘোষণা করেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: গাইবান্ধায় একই ঘর থেকে মা ও ছেলের লাশ উদ্ধার, দ্বিতীয় স্ত্রী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন