০৭:০৭ পি.এম
দেশের বরেণ্য চিত্রশিল্পী এবং পাপেট শিল্পের পথিকৃৎ মুস্তাফা মনোয়ারের শারীরিক অবস্থা বর্তমানে সংকটাপন্ন। নিউমোনিয়াজনিত জটিলতার কারণে তিনি রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসার পর সংস্কৃতিক্রমণের পক্ষ থেকে পাশে দাঁড়ানো হয়েছে। শিল্পীর চিকিৎসার জন্য আর্থিক সহায়তার একটি চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
সোমবার সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে মুস্তাফা মনোয়ারকে দেখতে যান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ সময় তারা শিল্পীর শয্যাপাশে কিছু সময় কাটান ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তারা চিকিৎসকদের কাছ থেকে শিল্পীর সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজও নেন।
আরও পড়ুন: কৃষক নেতা রাজু মোল্লা হত্যায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন এমপি বাবুল
সাক্ষাৎ শেষে, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পীর পরিবারের হাতে আরও একটি আর্থিক সহায়তার চেক তুলে দেন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় জানায়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যেসব গুণীজন অসামান্য অবদান রেখেছেন, তাদের যেকোনো সংকটে পাশে থাকা সরকারের দায়িত্ব এবং অঙ্গীকার। তারা বরেণ্য এই শিল্পীর দ্রুত আরোগ্য কামনাও করেন।
গত সপ্তাহে মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার গণমাধ্যমকে জানান, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তার স্বামীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)-এ চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালে মুস্তাফা মনোয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। পরবর্তীতে সুস্থ হয়ে উঠলেও সাম্প্রতিক নিউমোনিয়ার সংক্রমণ আবারও তার শারীরিক অবস্থার অবনতি ঘটিয়েছে, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা।
আরও পড়ুন: ৪,৫৮৮ ইউনিয়ন পরিষদে ৯১৩ কোটি ৫০ লাখ টাকার উন্নয়ন বরাদ্দ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন