ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব


সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার জন্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন উপসচিবকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় ২৩ নভেম্বর এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরও পড়ুন: নারী নির্যাতন প্রতিরোধে সরকারের দৃঢ় অঙ্গীকার: সমাজকল্যাণমন্ত্রী

ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- উপসচিব মো. তোফায়েল হোসেন (পরিচিতি নম্বর ১৬২৯৪), উপসচিব কাজী আরিফুর রহমান (পরিচিতি নম্বর ১৬৯০৫) এবং উপসচিব মোছা. ফুয়ারা খাতুন (পরিচিতি নম্বর ১৬৯২০)।

তারা সকলেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত আছেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১০(৫) ধারা অনুযায়ী তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হয়েছে এবং মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৪ ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনের আওতায়, উপসচিব মো. তোফায়েল হোসেনকে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮, ২৯০ ও ২৯১ ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: রিজার্ভ চুরি মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ শতবার পেছাল

অন্যদিকে, উপসচিব কাজী আরিফুর রহমান ও উপসচিব মোছা. ফুয়ারা খাতুনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ এবং সড়ক পরিবহন আইন, ২০১৮-এর নির্ধারিত ধারায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তারা সচিবালয়ে কর্মরত অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

তবে, মোবাইল কোর্ট পরিচালনার পূর্বে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করতে হবে। প্রয়োজনে জেলা ম্যাজিস্ট্রেট তার অধিক্ষেত্রে অন্যান্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতাপ্রাপ্ত আইনে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি সমন্বয় করতে পারবেন।

এছাড়া, মোবাইল কোর্ট পরিচালনার বিবরণ নির্ধারিত ছকে সংশ্লিষ্ট মাসের শেষ কর্মদিবসে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে হবে।

আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী আমলের অপরাধীদের বিচার নিশ্চিত করতে গণশুনানির উদ্যোগ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম।

প্রজ্ঞাপনটি রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফতুল্লায় পুলিশ হত্যায় ৬ জন গ্রেফতার, ডেভিড গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৮ পি.এম


ফতুল্লায় পুলিশ হত্যায় ৬ জন গ্রেফতার, ডেভিড গুলিবিদ্ধ

নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ হত্যা মামলায় রাতভর অভিযান পরিচালনা করে ছয়জনকে গ্রেপ্তারের তথ্য প্রকাশ করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হন।

বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া নয়টায় মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান।

পুলিশ জানায়, অভিযানের সময় হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তাঁর ভাই আব্দুল্লাহ এবং সহযোগী সামাদসহ মোট চারজনকে আটক করা হয়। পালানোর সময় ডেভিডের পায়ে গুলি লাগে।

এছাড়াও, এসআরবির একটি পৃথক দল আদর ও আজাদ নামের আরও দুইজনকে গ্রেপ্তার করেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান।

তিনি উল্লেখ করেন, পুলিশ ও এসআরবির টিম যৌথভাবে অভিযান চালিয়ে মোট ছয়জনকে আটক করেছে। তাঁদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে এবং অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশ সুপার পরে সাংবাদিকদের ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি বিস্তারিত জানাবেন বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ হত্যা ছাড়াও মাদক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২) নিহত হন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামের জওতিনিন মোল্লার ছেলে আনোয়ার সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠোর অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


কঠোর অভিবাসন নীতি নিয়ে সমালোচনার মুখে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন

ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন কঠোর অভিবাসন নীতি এবং জাতীয় পরিচয় ও সংস্কৃতি রক্ষার বিষয়ে দেওয়া বক্তব্যের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন। অভিযোগ উঠেছে যে, তাঁর বক্তব্য উগ্র ডানপন্থীদের প্রচারিত ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ (মহা প্রতিস্থাপন) তত্ত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তবে তিনি জানিয়েছেন যে, তিনি এ তত্ত্বের সমর্থক নন এবং উগ্র ডানপন্থীদের সঙ্গে এক কাতারে না ফেলার আহ্বান জানিয়েছেন।

ফ্রেডেরিকসেন গত ১৭ নভেম্বর ‘বর্ডারলিগ ট্যাবলয়েড’ নামক একটি পডকাস্টে সাক্ষাৎকারে বলেন, তিনি ‘জনসংখ্যার গ্রেট রিপ্লেসমেন্টের’ সমর্থক নন। একই সঙ্গে তিনি ডেনমার্কের নিজস্ব সাংস্কৃতিক পরিচয় ও সংখ্যাগরিষ্ঠ জনগণের সংস্কৃতি বজায় রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

‘গ্রেট রিপ্লেসমেন্ট’ একটি ষড়যন্ত্রতত্ত্ব যা উগ্র ডানপন্থীদের দ্বারা প্রচারিত হয়। এই তত্ত্বে দাবি করা হয় যে, পশ্চিমা দেশগুলোতে শ্বেতাঙ্গ জনগণকে পরিকল্পিতভাবে অশ্বেতাঙ্গ অভিবাসীদের মাধ্যমে প্রতিস্থাপন করা হচ্ছে। সমালোচকেরা অভিযোগ করেছেন যে, ফ্রেডেরিকসেনের বক্তব্যে এই তত্ত্বের ভাষা ও ধারণার প্রতিফলন রয়েছে।

ডেনমার্কের প্রধানমন্ত্রী পডকাস্টে আরও বলেন, ‘আমরা একটি ডেনিশ সমাজ। আমাদের উৎপত্তি ও বংশপরিচয় জাতিগতভাবে ডেনিশ। এখানে মানুষ আসার ফলে এই বাস্তবতায় পরিবর্তন আসে। তবে ভবিষ্যতেও ডেনমার্কে একটি শক্তিশালী সংখ্যাগরিষ্ঠ সংস্কৃতি থাকতে হবে।’

তিনি যোগ করেন, ‘আমি ডেনিশ এবং ইউরোপীয়। আমি ডেনিশ ও ইউরোপীয় মূল্যবোধে বিশ্বাস করি এবং এগুলোর সঙ্গে কোনো আপস করতে চাই না।’

সমালোচনার প্রেক্ষিতে ফ্রেডেরিকসেন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দীর্ঘ পোস্টে বলেন, নিজের ভালোবাসার দেশকে ধরে রাখতে চাওয়ার মধ্যে কোনো ভুল নেই। তবে তিনি উগ্র ডানপন্থী চরমপন্থী কিংবা ফ্যাসিবাদী আন্দোলনের সঙ্গে তাঁকে এক করে দেখার বিরোধিতা করেন।

ডেনমার্কের সরকার সাম্প্রতিক বছরগুলোতে অভিবাসন ও আশ্রয়প্রার্থীদের বিষয়ে কঠোর নীতি অনুসরণ করছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর মধ্যে ডেনমার্কে আশ্রয় মঞ্জুরের সংখ্যা সবচেয়ে কম পর্যায়ে রয়েছে। এ কারণে দেশটির অভিবাসন নীতি নিয়ে ইউরোপজুড়ে বিতর্ক চলছে।

ফ্রেডেরিকসেনের পডকাস্টে দেওয়া বক্তব্যের এক দিন আগে রুয়ান্ডায় ইউরোপীয় অভিবাসীদের বহিষ্কারের জন্য একটি কেন্দ্র স্থাপনের পরিকল্পনা প্রকাশ করা হয়। জার্মানি, অস্ট্রিয়া, গ্রিস, ডেনমার্ক ও নেদারল্যান্ডস এ উদ্যোগে সম্মত হয়েছে। ডেনমার্কের প্রধানমন্ত্রী কয়েক বছর ধরে এ ধরনের পরিকল্পনার পক্ষে অবস্থান নিয়ে আসছেন।

পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের মধ্যে কেন্দ্রটি চালু করার লক্ষ্য রয়েছে। এটি হবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলোর জন্য জোটের বাইরে বহিষ্কার কার্যক্রম পরিচালনার প্রথম কেন্দ্র। ‘রিটার্ন হাব’ নামে পরিচিত এ উদ্যোগকে যুক্তরাজ্যের সাবেক কনজারভেটিভ সরকারের রুয়ান্ডা পরিকল্পনার সঙ্গে তুলনা করা হচ্ছে। মানবাধিকারসংক্রান্ত উদ্বেগে আদালতের বাধার পর ২০২৪ সালে ক্ষমতায় আসা লেবার সরকার ওই পরিকল্পনা বাতিল করে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাজ্যের আগের প্রকল্পের আওতায় রুয়ান্ডায় নির্মিত প্রায় অব্যবহৃত স্থাপনাগুলো নতুন উদ্যোগে ব্যবহার করা হতে পারে। ওই প্রকল্পের অংশ হিসেবে যুক্তরাজ্য রুয়ান্ডাকে প্রায় ২৯ কোটি পাউন্ড অর্থনৈতিক সহায়তা দিয়েছিল। প্রকল্পটিতে ব্রিটিশ করদাতাদের মোট ব্যয় হয়েছিল প্রায় ৭০ কোটি পাউন্ড।

ফ্রেডেরিকসেন ২০১৫ সাল থেকে ডেনমার্কের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্ব দিচ্ছেন। ২০১৯ সালে তিনি দেশটির প্রধানমন্ত্রী হন। ২০১৮ সাল থেকেই আশ্রয়প্রার্থীদের রুয়ান্ডায় পাঠানোর পক্ষে অবস্থান জানিয়ে আসছেন তিনি।

এদিকে ফ্রেডেরিকসেনের অভিবাসন নীতি নিয়ে অভ্যন্তরীণ আলোচনা করতে যাচ্ছে ইউরোপীয় পার্লামেন্টের সোশ্যালিস্টস অ্যান্ড ডেমোক্র্যাটস গ্রুপ। সোমবারের এক বৈঠকে ডেনমার্কসহ ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের রাজনীতিকেরা তাঁর অবস্থান নিয়ে উদ্বেগ জানানোর পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ডেনমার্কের গণতান্ত্রিক সমাজতান্ত্রিক দল রেড-গ্রিন অ্যালায়েন্সের মুখপাত্র পেল্লে ড্র্যাগস্টেড বলেন, ইউরোপের উগ্র ডানপন্থী ও তাদের মতাদর্শের ডেনমার্কে কোনো জায়গা নেই। তিনি আশা করেন, দেশটির কোনো প্রধানমন্ত্রীর মুখে ভবিষ্যতে আর এ ধরনের বক্তব্য শুনতে হবে না।

ফ্রেডেরিকসেনের বক্তব্যের সমালোচনা করেছেন নরওয়ের ২০১১ সালের উটোয়া দ্বীপে সন্ত্রাসী হামলা থেকে বেঁচে যাওয়া তারজেই জেনসেন বিচও। ওই হামলায় এক উগ্র ডানপন্থী বন্দুকধারীর গুলিতে ৭৭ জন নিহত হয়েছিলেন, যাঁদের অধিকাংশই ছিলেন কিশোর-কিশোরী।

ডেনমার্কের সংবাদপত্র পলিটিকেনে লেখা এক নিবন্ধে বিচ বলেন, কোনো ইউরোপীয় নেতার, বিশেষ করে একজন সমাজতান্ত্রিক নেতার মুখে ‘গ্রেট রিপ্লেসমেন্ট’ তত্ত্বের ভাষা শুনতে হবে, তা তিনি কখনো ভাবেননি। তাঁর মতে, এ ধরনের বক্তব্যের শিকড় ষড়যন্ত্রতত্ত্বে রয়েছে। ঘৃণা ও চরমপন্থার বিরুদ্ধে প্রতিদিন লড়াই চালিয়ে যাওয়ার পাশাপাশি শব্দ ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি।

জার্মানি ও পর্তুগালের রাজনীতিকেরাও ফ্রেডেরিকসেনের বক্তব্যের বিরোধিতা করেছেন। এর আগে স্পেনের সেউটা অঞ্চলে অভিবাসনসংকটের পর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তাকে চিঠি দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষায় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ফ্রেডেরিকসেনসহ কয়েকজন নেতা। তথ্যসূত্র: দ্য টেলিগ্রাফ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইমরানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে জুটি বেঁধে বিতর্কে জেনেলিয়া!

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:১৯ পি.এম


ইমরানের সঙ্গে রোমান্টিক দৃশ্যে জুটি বেঁধে বিতর্কে জেনেলিয়া!

বিয়ে, মাতৃত্ব ও সংসার সামলাতে গিয়ে বলিউড অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ দীর্ঘ সময় ধরে অভিনয় থেকে দূরে ছিলেন। তবে গত বছর আমির খানের বিপরীতে ‘সিতারে জমিন পার’ সিনেমার মাধ্যমে তিনি আবারও বড় পর্দায় ফিরে আসেন। এরপর থেকে তার অভিনয়ের ব্যস্ততা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। ‘জুনিয়র’, ‘মান্তি-৪’ ও ‘রাজা শিবাজি’র পর, এবার তার নতুন সিনেমা ‘গানমাস্টার জি৯’ নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই একটি রোমান্টিক দৃশ্যের কারণে বিতর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী।

‘গানমাস্টার জি৯’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জেনেলিয়া ও ইমরান হাশমি। সম্প্রতি, সিনেমাটির প্রচারের জন্য তারা ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে উপস্থিত হন। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনুষ্ঠানে সিনেমার প্রচারের পাশাপাশি বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা করেন তারা। এক পর্যায়ে, ‘দার্দ-এ-দিল দার্দ-এ-জিগার’ গানের একটি রোমান্টিক মুহূর্ত পুনরায় অভিনয় করে দেখান দুই তারকা। আর এই ঘটনার পর থেকেই শুরু হয় আলোচনা।

অনুষ্ঠানের প্রকাশিত একটি ঝলকে দেখা যায়, বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া। এ সময় ইমরান তার দিকে এগিয়ে আসেন এবং মুখ থেকে একটি কানের দুল বের করে আনেন। তাদের এমন রোমান্টিক দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের মধ্যে কেউ বিস্মিত হন, আবার কেউ উচ্ছ্বাস প্রকাশ করেন।

ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় নানা প্রতিক্রিয়া। বিশেষ করে, জেনেলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য করেছেন অনেকে। একজন লিখেছেন, ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তা হলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!’ আরেকজন মন্তব্য করেছেন, ‘ইমরান হাশমির সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’

তবে বিষয়টি নিয়ে ভিন্নমতও রয়েছে। ইমরান ও জেনেলিয়ার ভক্তদের মতে, দুজনই পেশাদার অভিনেতা। পর্দার প্রয়োজনে অভিনয় করেছেন তারা। তাই এ নিয়ে সমালোচনার কোনো কারণ নেই।

এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া মন্তব্যের মধ্যে কেউ কেউ পুরো ঘটনাকে সিনেমার প্রচারণার কৌশল হিসেবেও দেখছেন। তাদের ধারণা, বিতর্ককে কেন্দ্র করে দর্শকের আগ্রহ তৈরি করাই নির্মাতাদের উদ্দেশ্য। শেষ পর্যন্ত, সেই আগ্রহ সিনেমার ব্যবসায়িক সাফল্যে কতটা প্রভাব ফেলে, সেটিই এখন দেখার বিষয়। তবে বিতর্কের বাইরেও ‘গানমাস্টার জি৯’ দেখার অপেক্ষায় রয়েছেন অনেক সিনেমাপ্রেমী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুবিন গার্গের স্মৃতি রক্ষায় পরিবারের সিদ্ধান্তে বিতর্ক, মুখ্যমন্ত্রীর আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২০ পি.এম


জুবিন গার্গের স্মৃতি রক্ষায় পরিবারের সিদ্ধান্তে বিতর্ক, মুখ্যমন্ত্রীর আহ্বান

জন্ম ভারতের মেঘালয়ে হলেও, আসামে তার বেড়ে ওঠা। গোটা ভূ-ভারত তার সুরের জাদুতে মুগ্ধ ছিল। তিনি জুবিন গার্গ। গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে সমুদ্রে সাঁতার কাটতে গিয়ে মাত্র ৫২ বছর বয়সে বিদায় নেন এই অসম্ভব জনপ্রিয় শিল্পী। তার মৃত্যুতে ভারত শোকে স্তব্ধ হয়ে যায়।

জুবিন গার্গের মৃত্যুর এক বছর পেরিয়ে গেছে। কিন্তু তার প্রতি ভক্তদের আবেগ ও ভালোবাসা কোনোভাবেই কমেনি। সম্প্রতি, জুবিন গার্গের পরিবার তার প্রিয় রেঞ্জ রোভার ভেলার গাড়িটি বিক্রি করে দিয়েছে। এ নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ভক্তরা দাবি করেছেন, প্রয়োজনে তারা টাকা তুলে দেবেন, তবে যেন জুবিনের স্মৃতি বিক্রি না হয়। রাজনৈতিক কর্মী দুলু আহমেদ গাড়িটি কেন বিক্রি করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে জুবিনের ছোট বোন পামী বরঠাকুর জুবিনের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গের সিদ্ধান্তের পক্ষে দাঁড়িয়েছেন এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও পরিবারের সিদ্ধান্তকে সম্মান জানাতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিলাসবহুল এই এসইউভি গাড়িটি গুয়াহাটির আজারার বাসিন্দা সোনমণি দাসের কাছে বিক্রি করেছেন গরিমা। জানা গেছে, প্রয়াত গায়কের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার কারণেই দাস গাড়িটি কিনেছেন। দুলু আহমেদ বলেছেন, তিনি ক্রেতার সাথে যোগাযোগ করেছেন এবং জুবিনের সাথে গাড়িটির আবেগঘন সম্পর্কের কথা উল্লেখ করে সেটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। যোরহাটের একটি অনুষ্ঠানের স্মৃতিচারণ করে আহমেদ বলেন, ‘আমার এখনো মনে আছে, যোরহাটের এক অনুষ্ঠানে জুবিন গার্গ বলেছিলেন, ‘আমি এই শহর ছেড়েছিলাম একটি সাইকেল নিয়ে, আর ফিরেছি একটি রেঞ্জ রোভার নিয়ে।’ জুবিনের কথাতেই গাড়িটির প্রতি তার আবেগ স্পষ্ট ছিল।

দুলু আহমেদ দাবি করেন, ক্রেতা তাকে জানিয়েছেন, জুবিনের সাথে ব্যক্তিগত সংযোগ বা ভালোবাসার কারণেই তিনি গাড়িটি কিনেছেন। আহমেদ বলেন, ‘আমি তাকে বলেছি যে জুবিনের সাথে কেবল তার একারই আবেগ জড়িয়ে নেই। তার ভক্ত, বন্ধু এবং অগণিত অনুরাগীও গায়কের সাথে গভীর একাত্মতা অনুভব করেন। আমি তাকে গাড়িটি ফিরিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং আশ্বস্ত করেছি যে আমরা জুবিনের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সাথে মিলে গাড়িটি কিনতে তিনি যে অর্থ ব্যয় করেছেন, তা জোগাড় করে দেব।’

আহমেদ জোর দিয়ে বলেন যে, তার এই আবেদনের উদ্দেশ্য ক্রেতার সাথে বিষয়টিকে ব্যক্তিগত দ্বন্দ্বে পরিণত করা নয়। এই বিতর্কে জুবিনের ছোট বোন পামী বরঠাকুর তার স্ত্রী গরিমার পাশে দাঁড়িয়েছেন এবং বলেছেন, ’গরিমার জন্য এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না এবং এর পেছনের পরিস্থিতি সম্পর্কে পরিবারের বাইরের মানুষের জানা নাও থাকতে পারে।’

জুবিনের অনুরাগীদের আবেগকে সম্মান জানিয়ে তিনি বলেন, এর অর্থ এই নয় যে পরিবারের ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন তোলার অধিকার কারও রয়েছে। বরঠাকুর বলেন, ‘সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্তটি গরিমার জন্য সহজ ছিল না। তার এই সিদ্ধান্তের পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমরা মানুষের আবেগ বুঝি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি তার ওপর যে ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে তা মোটেও সমীচীন নয়।’

তিনি পরামর্শ দিয়েছেন যারা এ বিষয়ে ব্যাখ্যা চাইছেন, তাদের উচিত বিষয়টিকে জনসমক্ষে বিতর্কের বিষয়ে পরিণত না করে সরাসরি গরিমার সাথে যোগাযোগ করা। তিনি বলেন, ‘কেউ যদি জানতে চান কেন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, তবে তিনি গরিমাকে একটি খোলা চিঠি লিখে ব্যাখ্যা চাইতে পারেন।’ বরঠাকুর আরো বলেন, ‘কোনো স্বাধীনচেতা নারীই জনসমক্ষে তার আর্থিক অবস্থা প্রকাশ করতে বা অর্থনৈতিক অবস্থানের বিবরণ শেয়ার করতে চাইবেন না। এক বছরেরও বেশি সময় ধরে তিনি একাই সবকিছু সামলেছেন। সে সময় কেউ এগিয়ে এসে তার পরিস্থিতির কথা জানতে চাননি। এখন, যখন তিনি হয়তো কোনো কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তখন তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।’

গরিমার ব্যাংক ব্যালেন্স এবং আর্থিক নথিপত্র নিয়ে আলোচনার আপত্তি জানিয়ে বরঠাকুর বলেন, ’তার ব্যাংক ব্যালেন্স বা ব্যাংক স্টেটমেন্টকে জনসমক্ষে আলোচনার বিষয় বানানোর অধিকার কে দিয়েছে? ব্যক্তিগতভাবে আমি এটি পছন্দ করি না।’ শিল্পী হিসেবে জুবিনের জনজীবন এবং পরিবারের গোপনীয়তার অধিকারের মধ্যে একটি স্পষ্ট সীমারেখা টেনে দিয়ে, জনগণের দৃষ্টি আকর্ষণের জন্য পরিবারের ব্যক্তিগত বিষয়গুলোকে ব্যবহার না করার বিষয়েও তিনি সতর্ক করে দেন।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এ বিষয়ে মুখ খুলেছেন এবং স্পষ্ট করেছেন যে জুবিনের পরিবার যে সিদ্ধান্তই নেবে, রাজ্য সরকার তা সম্মান জানাবে। শর্মা জানান, তিনি এর আগে পরিবারকে সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা গ্রহণ করার অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেন, ’আমি জুবিন গার্গের পরিবারকে রাজ্য সরকারের কাছ থেকে মাসিক আর্থিক সহায়তা গ্রহণের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু তার স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ প্রস্তাবটি ফিরিয়ে দিয়ে বলেন যে পরিবারের মাসিক আর্থিক সহায়তার প্রয়োজন নেই এবং সরকার ওই তহবিল অন্য কাজে ব্যবহার করতে পারে। তার এই সিদ্ধান্তের প্রশংসা করা উচিত।’

তিনি বলেন, সরকার পরিবারের পাশে দাঁড়িয়ে থাকবে, তবে তাদের ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না। প্রস্তাবিত ‘জুবিন ক্ষেত্র’ নিয়েও কথা বলেন শর্মা এবং জানান যে এর নির্মাণকাজ শিগগিরই শুরু হবে। ওই স্থানে রেঞ্জ রোভার গাড়িটি রাখার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটি আপাতত নির্মাণ এলাকা হিসেবেই থাকবে এবং সেখানে কোনো গাড়ি থামানো বা পার্ক করার অনুমতি দেওয়া হবে না। তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পরিবারের সাথে আলোচনা করব এবং তারা যে সিদ্ধান্তই নেবেন তা সম্মান জানাব। জুবিন গার্গের পরিবারের সিদ্ধান্ত নিয়ে আমাদের অপ্রয়োজনীয় মন্তব্য করা উচিত নয়।’

এদিকে জুবিন গার্গের মুম্বাইয়ের আরেকটি সম্পত্তি বিক্রি হয়ে যেতে পারে বলে যে খবর ছড়িয়েছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দুলু আহমেদ। তিনি রাজ্য সরকারকে পরিবারের কাছ থেকে উপযুক্ত বাজারমূল্য দিয়ে সম্পত্তিটি অধিগ্রহণের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন। গায়কের উত্তরাধিকার তার তাৎক্ষণিক পরিবারের গণ্ডি ছাড়িয়ে গেছে উল্লেখ করে আহমেদ বলেন, আসামজুড়ে মানুষ তার স্মৃতিবিজড়িত জিনিসপত্রের সাথে আবেগের সূত্রে আবদ্ধ।

দুলু আহমেদ বলেন, ‘জুবিন গার্গের মুম্বাইয়ের সম্পত্তিটিও বিক্রি হওয়ার উপক্রম হয়েছে বলে শোনা যাচ্ছে। পরিবারের কাছ থেকে উপযুক্ত বাজারমূল্য দিয়ে সরকার কেন সম্পত্তিটি অধিগ্রহণ করতে পারে না? জুবিন গার্গের জিনিসপত্রের ওপর পরিবারের নিশ্চয়ই অধিকার রয়েছে, কিন্তু আসামের মানুষও তার সাথে সমানভাবে আবেগের সূত্রে জড়িত।’

এই মতবিরোধ গায়কের স্মৃতিবিজড়িত জিনিসপত্রের প্রতি অনুরাগীদের আবেগের সাথে তার সম্পত্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পারিবারিক অধিকারকে মুখোমুখি দাঁড় করিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%