০৯:০৮ পি.এম
দীর্ঘদিনের ভোগান্তি এবং যোগাযোগ সহজ করতে চাঁদপুরের হাইমচরে বিকল্প সড়কের কাজ দ্রুত শুরুর তাগিদ দিয়েছেন চাঁদপুর-৩ আসনের এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিক। একই সঙ্গে তিনি জনতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীতে নিষিদ্ধ জাল বন্ধ, জলাশয় কচুরিপানামুক্ত করা এবং কৃষকদের সময়মতো সার সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) দুপুরে হাইমচর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।
শেখ মানিক বলেন, হাইমচর-চাঁদপুর বিকল্প সড়কের বিষয়ে ডিও লেটার দেওয়া হয়েছে। দ্রুতই সড়কটির কাজ শুরু করা হবে। এটি চালু হলে হাইমচরবাসীর দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ কমে আসবে।
আরও পড়ুন: রাজশাহীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ নির্মাণ হচ্ছে: রাসিক প্রশাসক
তিনি বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা ও সরকারি জায়গা দখল করে কোন স্থাপনা নির্মাণ করতে দেওয়া যাবে না। জনতা বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বাজার দখলমুক্ত করতে হবে। পাশাপাশি হাইমচর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের জন্য জায়গা নির্ধারণের নির্দেশ দেন।
নদীতে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জালের ব্যবহার বন্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি জলাশয় পরিষ্কার রাখতেও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্যাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক, হাইমচর থানার ওসি শাহ আলমসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মা ইলিশ সংরক্ষণ অভিযানে দেশসেরা বরিশাল নৌ পুলিশ, প্রথম হিজলা ফাঁড়ি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন