মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২৮ পি.এম
বরগুনায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করা, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং উপকূলীয় জনগণের জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বান জানিয়ে ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের ষান্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১১টায় বরগুনা প্রেসক্লাবে ‘জেন্ডার ইকুয়ালিটি ট্রান্সফর্মস ক্লাইমেট অ্যাকশন’ প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়। জাগোনারী ও ওয়েভ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব, নারী ও প্রান্তিক জনগণের ঝুঁকি এবং জলবায়ু নীতিনির্ধারণী কার্যক্রমে নারীর কার্যকর অংশগ্রহণের বিষয়গুলো গুরুত্ব পায়।
সভায় সভাপতিত্ব করেন ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুখরঞ্জন শীল। আলোচক ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন কামাল, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, প্রকল্পের জেলা সমন্বয়ক মোঃ আফজাল হোসেন, অ্যাডভোকেট সেলিনা বেগম, ফেরদৌসী মহুয়া, হারুন আর রশিদ হাওলাদার, এবং জাগোনারীর পরিচালক (প্রোগ্রাম) গোলাম মোস্তফা।
সভায় বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি ও সুপেয় পানির সংকট উপকূলের মানুষের জীবন-জীবিকাকে প্রতিনিয়ত কঠিন করে তুলছে। এসব সংকটের প্রভাব নারীদের, শিশুদের এবং প্রান্তিক জনগণের ওপর তুলনামূলকভাবে বেশি পড়ে। বিশেষ করে দুর্যোগের সময় নারীদের নিরাপত্তা, স্বাস্থ্য, পানি সংগ্রহ, খাদ্য ব্যবস্থাপনা এবং পরিবারের দায়িত্ব পালনে বাড়তি চাপ সৃষ্টি হয়।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলার পরিকল্পনা ও বাস্তবায়নে নারীদের শুধু উপকারভোগী হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং তাঁদের অভিজ্ঞতা, মতামত ও নেতৃত্বকে গুরুত্ব দিতে হবে। স্থানীয় পর্যায়ে জলবায়ু অভিযোজন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি।
তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, গণমাধ্যম, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। একই সঙ্গে জলবায়ু ন্যায়বিচার, নারী অধিকার এবং জেন্ডার সমতা প্রতিষ্ঠায় জনসচেতনতা তৈরির পাশাপাশি নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসি চালিয়ে যেতে হবে।
সভায় ক্লাইমেট অ্যাডভোকেসি ফোরামের চলমান কার্যক্রম, অর্জন, সীমাবদ্ধতা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় স্থানীয় পর্যায়ের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে কার্যকর দাবি তুলে ধরার ওপর গুরুত্ব দেওয়া হয়।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও জেন্ডার সমতা প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। তিনি শুধু যুগ্ম আহ্বায়কের পদ থেকে সরে দাঁড়াননি, বরং দলের সঙ্গে সম্পর্কিত সকল দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া তার পদত্যাগের সিদ্ধান্তের কথা প্রকাশ করেন। একই সঙ্গে এনসিপির আরও দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধে তিনি বিভিন্ন অভিযোগও উত্থাপন করেন।
পদত্যাগের ঘোষণা দিয়ে বিবৃতিতে সুলতান মোহাম্মদ জাকারিয়া জানান, তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক পদসহ দলের সব দায়িত্ব এবং সংশ্লিষ্টতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
তিনি বলেন, ‘জুলাইয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় গণতান্ত্রিক রাজনীতিতে তরুণদের রাজনীতি সংগঠিত করতে সহায়তা করব, এই লক্ষ্যে এনসিপিতে যোগ দিয়েছিলাম।’
প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক, নির্বাহী পরিষদ সদস্য, বিভিন্ন সেল ও উইংয়ের সদস্য এবং নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবে তিনি সাধ্যমতো কাজ করার চেষ্টা করেছেন।
এনসিপির ঐতিহাসিক রাজনৈতিক ম্যানিফেস্টো ২৪ দফাসহ দলের বিভিন্ন গাঠনিক দলিল তৈরিতে তিনি সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করেছেন। দলের ভেতর অভ্যন্তরীণ গণতন্ত্র প্রতিষ্ঠা, সিদ্ধান্তগ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চার জন্য শুরু থেকে তিনি দলীয় ফোরামে এবং দলীয় নেতৃত্বকে পরামর্শ দেওয়ার আন্তরিক চেষ্টা করেছেন।
তিনি আরও বলেন, ‘দলের প্রাতিষ্ঠানিকীকরণ প্রচেষ্টা যৎসামান্য যতটুকু ভূমিকা রাখতে চেষ্টা করেছি তা খুব বেশি সফল হয়নি বলে হতাশা ভর করলেও তরুণ নেতৃত্ব সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিখবে, এই বিশ্বাসে ধৈর্য ধরেছি। কিন্তু ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জিয়াউল আহসানের মতো মানবতাবিরোধী অপরাধী পৃথিবীর ইতিহাসে বিরল বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি জানান, রাষ্ট্রপক্ষ তার মৃত্যুদণ্ড এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) আওয়ামী লীগ শাসনামলে শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে যুক্তিতর্ক শুনানি শুরুর পূর্বে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল সকাল ১১টা ১৫ মিনিটে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে। শুনানির কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। নিরাপত্তা শঙ্কার কারণে আসামি জিয়াউল আহসানকে সশরীরে ট্রাইব্যুনালে উপস্থিত না থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত রাখা হয়েছে।
এর আগে ২২ নভেম্বর, তার পক্ষে সাফাই সাক্ষ্য দেন আইনজীবী তাসলিমা জাহান পপি। সাক্ষ্য দেওয়ার সময় মামলাসংক্রান্ত কিছু কাগজপত্র এবং ভিডিও উপস্থাপন করেন এই সাক্ষী। এর আগে ১৯ নভেম্বর, মামলার ১৫তম সাক্ষী তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলামের জেরার মধ্য দিয়ে রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নির্মাণের মাত্র তিন মাসের মধ্যে একটি নতুন ড্রেনের বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে পড়েছে। উপজেলার কুমিল্লা-মিরপুর সড়কের দক্ষিণ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ও কবরস্থান সংলগ্ন ব্যস্ততম সড়কের ড্রেনের অন্তত কয়েকটি স্ল্যাব ভেঙে যাওয়ার ফলে পথচারী ও যানবাহন চালকদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সরেজমিনে দেখা যায়, এই ব্যস্ত সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন এবং সাধারণ মানুষ চলাচল করে। আশপাশের বেশ কয়েকটি স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও নিয়মিত এই পথ ব্যবহার করেন। প্রায় তিন মাস আগে সড়কটির সিসি ঢালাই ও পাশের ড্রেন নির্মাণের কাজ সম্পন্ন হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় কবরস্থানের পাশে ড্রেনের স্ল্যাবগুলো ভেঙে ভেতরে ঢুকে যায়। ভাঙা অংশগুলো উন্মুক্ত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা এবং নিয়মিত যাতায়াতকারী গাজী মোস্তফা কামাল ক্ষোভ প্রকাশ করে বলেন, "মাত্র তিন মাস আগে লাখ লাখ টাকা ব্যয়ে এই সড়ক ও ড্রেনের কাজ করা হয়েছে। কিন্তু তদারকি ও জবাবদিহির অভাবে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। ফলে তিন মাস না যেতেই স্ল্যাবগুলো ভেঙে নষ্ট হয়ে গেছে।"
পথচারী মিজানুর রহমান জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন বহু শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যাতায়াত করে। ড্রেনের দুই অংশের স্ল্যাব ভেঙে যাওয়ার কারণে তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি দ্রুত সংস্কার করা জরুরি।
এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, "ড্রেনের ওপরের স্ল্যাব ভেঙে যাওয়ার বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজ নিয়ে দ্রুত এগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরের রায়পুরে গ্রামীণ ব্যাংক কার্যালয়ের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগানোর একটি ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়রা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ছাত্রলীগ নেতা ইমন হোসেনকে আটক করে পুলিশে হস্তান্তর করে। ঘটনার সময় তার সঙ্গে আরও দুজন উপস্থিত ছিল, যারা পালিয়ে যেতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে সোমবার (২৩ নভেম্বর) রাত ১২টার দিকে, উপজেলার রায়পুর-মীরগঞ্জ সড়কের গ্রামীণ ব্যাংকের ওই কার্যালয়ে।
আটক ইমন কেরোয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের লুধুয়া গ্রামের মো. খোকার পুত্র।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, এক যুবক ব্যাংকের প্রধান গেটে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। অন্য একটি যুবক পাশের সড়ক থেকে এই ঘটনাটি ভিডিও ধারণ করছে। আগুন লাগানোর পর তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা ধাওয়া করে ইমনকে আটক করে। পরে স্থানীয়রা তাকে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ