১১:১৫ এম
অস্ট্রেলিয়া ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণ এবং বসতি স্থাপনকারীদের সহিংসতায় জড়িত থাকার অভিযোগে তিনজন ইসরায়েলি নাগরিক ও চারটি সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অস্ট্রেলিয়ার সরকারের মতে, এই কর্মকাণ্ডগুলি ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে।
বুধবার (১৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে নিষেধাজ্ঞার ঘোষণা দেন। এর আগের দিন মঙ্গলবার, যুক্তরাজ্যও অধিকৃত পশ্চিম তীরে বসতি নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট আটটি ইসরায়েলি নির্মাণ কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
পেনি ওং বলেন, নিষেধাজ্ঞার আওতাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলো নতুন বসতি স্থাপনের পরিকল্পনা, সমন্বয় এবং বাস্তবায়নে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। এর মধ্যে তহবিল সংগ্রহ, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং সহিংস বসতি স্থাপনকারীদের সহায়তা প্রদান অন্তর্ভুক্ত রয়েছে।
আরও পড়ুন: বাংলাদেশ ও স্লোভেনিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে আলোচনা
নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে বসতি স্থাপনকারীদের সংগঠন নাচালার নেত্রী দানিয়েলা ওয়েইস রয়েছেন। তিনি পশ্চিম তীর এবং গাজা থেকে ফিলিস্তিনিদের বহিষ্কারের পক্ষে অবস্থান গ্রহণ করেছেন। তালিকায় এলিয়াভ লিবিও রয়েছেন, যিনি তার নির্মাণ কোম্পানির মাধ্যমে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের কাজ ত্বরান্বিত করেছেন বলে অস্ট্রেলিয়া জানিয়েছে।
নিষেধাজ্ঞার ফলে অস্ট্রেলিয়ার নাগরিক ও ব্যবসাপ্রতিষ্ঠান এসব ব্যক্তি ও সংস্থার সঙ্গে বাণিজ্যিক লেনদেন বা তাদের কোনো ধরনের আর্থিক বা অন্যান্য সহায়তা প্রদান করতে পারবে না।
পেনি ওং আরও বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে পশ্চিম তীরের ই-১ বসতি প্রকল্প এলাকায় সহিংসতা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পশ্চিম তীর কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। এতে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের জন্য নির্ধারিত ভূখণ্ড আরও খণ্ডিত হওয়ার আশঙ্কা রয়েছে।
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, নিষেধাজ্ঞার বিষয়ে তিনি ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সারের সঙ্গে আলোচনা করেছেন। বুধবার এবিসি রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বসতি সম্প্রসারণের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার বিরোধিতা দীর্ঘদিনের এবং এ অবস্থান স্পষ্ট।
আরও পড়ুন: আন্তর্জাতিক আদালতের বিচার পেয়ে দেশের পথে ফিরতে চায় রোহিঙ্গারা
অস্ট্রেলিয়া ও ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক সাম্প্রতিক সময়ে টানাপোড়েনে রয়েছে। গত বছর অস্ট্রেলিয়ার মধ্য-বামপন্থি সরকার ফিলিস্তিন রাষ্ট্রকে শর্তসাপেক্ষে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিলে দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।
এছাড়া, গত ডিসেম্বরে সিডনির বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলাকালে বন্দুকধারীর হামলায় অন্তত ১৫ জন নিহত হওয়ার ঘটনাও দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে ভূমিকা রেখেছে। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন